ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী খুঁজছে সরকারি দল আওয়ামী লীগ। নির্বাচনের আর মাস দুয়েক বাকি থাকলেও প্রার্থী বাছাই করতে পারছেন না দলের নীতিনির্ধারকেরা। এবার সাংসদদের প্রার্থী হতে আইনি বাধা রয়েছে। তা ছাড়া নির্বাচনে নিশ্চিত জয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থী খুঁজে পেতে সময় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী মার্চে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারির শেষ দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মার্চে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা টাঙানো হয়েছে।গত বুধবার রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে কার্যনির্বাহী সংসদের নেতারা যমুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। সে সময় মেয়র পদপ্রার্থী নিয়ে কাউকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জ্যেষ্ঠ দু-তিনজন নেতার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী গতকাল ভারত সফরে গেছেন। সেখান থেকে ফেরার পর ঢাকার মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা হতে পারে।আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় মনে করে, আসন্ন মেয়র নির্বাচনে সঠিক প্রার্থী মনোনয়নের ওপর তাঁদের জয়-পরাজয় নির্ভর করছে। সরকারের গত এক বছরে নানা সাফল্য থাকলেও বিদ্যুত্সংকট, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে ২৯ ডিসেম্বরের নির্বাচনের মতো পরিস্থিতি এখন নেই। এ মুহূর্তে যেকোনো প্রার্থী দিলেই জয়লাভ সম্ভব নয়। দলীয় সমর্থনের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি ও ভাবমূর্তিও এবার মেয়র পদপ্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ হবে। নেতাদের মতে, প্রধান প্রতিপক্ষ বিএনপি গত এক বছরে যথেষ্ট সংগঠিত হয়েছে। বেগম খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতারা তাঁদের প্রার্থীর পক্ষে প্রচারে নামবেন। কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। এসব বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দিতে হবে বলে মনে করেন দলীয় নেতারা।সূত্র জানায়, বেশ কয়েকজনের ঢাকার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও কেউ প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। প্রত্যেকেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন, তাঁর আশীর্বাদ ও অনুকম্পা পেতে চেষ্টা করছেন। দু-একজনের দৌড়ঝাঁপ থাকলেও সবাই শেখ হাসিনার প্রতি আস্থাশীল। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এ কে এম রহমত উল্লাহ, সাবের হোসেন চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও কামরুল ইসলামের নাম শোনা যাচ্ছে।রহমতউল্লাহ গণসংযোগ শুরু করেছেন। তিনি নির্বাচনের জন্য প্রস্তুত বলেও প্রথম আলোকে জানিয়েছেন। কামরুল ইসলাম বলেন, ‘নেত্রী যাঁকেই মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই কাজ করব।’ আগ্রহী প্রার্থীদের কয়েকজন জানিয়েছেন, যোগ্যতা ও জনপ্রিয়তার দিক থেকে সাবের হোসেন চৌধুরী সবচেয়ে সম্ভাবনাময়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।একাধিক মন্ত্রীর মতে, ১৯৯৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নির্ধারিত সময়ে ঢাকার মেয়র নির্বাচন করা হয়নি। এবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতার মেয়াদের এক বছর পার করলেও সিটি নির্বাচন করতে পারেনি। অথচ ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যে মেয়র নির্বাচন করেছিল।দলীয় নেতাদের মতে, কোনো ভুল অথবা আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে ঢাকার মেয়র পদ হাতছাড়া হলে সরকারের জন্য বড় সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দল সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে উল্লেখ করে আন্দোলন-সংগ্রাম শুরু করতে পারে।এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘ঢাকার মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। কারণ প্রার্থী মনোনয়নের ভুলে কোনো অঘটন ঘটলে সরকারের এক বছরের সাফল্য ম্লান হয়ে যাবে।’