স্বচ্ছতার সঙ্গে ভারতের তথ্য দেওয়া উচিত: বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখের প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোনো ধরনের উদ্বেগ ও ভুল বোঝাবুঝি এড়াতে ভারতের ‘স্বচ্ছতা’র সঙ্গেই বাংলাদেশকে তথ্য দেওয়া উচিত। আর ভাটির দেশ হিসেবে বরাকসহ যেকোনো নদীতে কোনো অবকাঠামো তৈরির আগে বাংলাদেশকে আগে জানানোটা জরুরি।ভারতের মণিপুর রাজ্যের বরাক নদে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুত্ নির্মাণের প্রতিবেদন প্রকাশের চার দিনের মাথায় আজ মঙ্গলবার সন্ধ্যায় এই প্রথম সুস্পষ্টভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের এ অবস্থান তুলে ধরে।এর আগে আজ দুপুরে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, টিপাইমুখে জলবিদ্যুত্ প্রকল্পে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। তিনি এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তাঁর আশ্বাসের মধ্যে নতুন কোনো বক্তব্য নেই। তিনি শুধু মনমোহন সিংয়ের পুরোনো প্রতিশ্রুতির কথাই উল্লেখ করেছেন।আজ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, টিপাইমুখ বাঁধ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যই সর্বশেষ নতুন তথ্য। এর বাইরে বাংলাদেশ সরকারের কাছে ভারত কোনো তথ্য জানায়নি বলে প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন হাইকমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, তার সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ অভিন্ন নদীতে কোনো অবকাঠামো তৈরির আগে ভাটির দেশের সঙ্গে আলোচনার ওপর জোর দিতে চায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিবেচনায় বাংলাদেশ আশা করে, ভারত সরকার প্রস্তাবিত প্রকল্পের সব বিষয়ে এবং এ সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে জানাবে। বাংলাদেশের উদ্বেগ কিংবা এ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টিপাইমুখের জলবিদ্যুত্ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় জলবিদ্যুত্ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুত্ সংস্থা (এসজেভিএন) ও রাজ্য সরকারের মধ্যে গত ২২ অক্টোবর যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে।’বাংলাদেশের উদ্বেগ দূর করতে ভারত সরকারের আমন্ত্রণে ২০০৯ সালের জুলাই মাসে সাংসদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় দলের দিল্লি সফরের বিষয়টি তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সে সময় সুস্পষ্টভাবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে জানানো হয়েছে, বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে প্রকল্পটিতে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। কিন্তু সেচকাজের জন্য নদীর গতিপথ পাল্টে দেওয়া হবে না। তিনি বলেন, ‘২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মনমোহন সিং তাঁকে আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ ভারত সরকার নেবে না। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ও তিনি একই আশ্বাস দিয়েছেন।’সিলেটে হরতাল ডেকেছে বিএনপি: সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুত্ প্রকল্প নির্মাণের প্রতিবাদে আগামী ১ ডিসেম্বর সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল জেলা ও নগর বিএনপি স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি: টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের চুক্তির প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত রয়েছে।আজ ‘নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি’ নামের একটি সংগঠন নগরের একটি রেস্তোরাঁয় প্রতিবাদ সভা করে সিলেটের কোর্ট পয়েন্টে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। কমিটির আহ্বায়ক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।একই দিন সুরমা নদীতে নৌকায় চরে মানবন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’। সংগঠনের কার্যালয়ে গতকাল বিকেলে এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা জানান, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে সিলেট অঞ্চলের নদীর ওপর সবচেয়ে বড় আঘাত আসবে—এ আশঙ্কায় সুরমা নদীতে নৌকায় চরে মানবন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ জানানো হবে।‘সিলেট সাংস্কৃতিক পরিষদ’ নামের অন্য একটি সংগঠন প্রতিবাদ সভা করে টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের একতরফা চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট টিপাইমুখে বাঁধ নির্মাণসহ সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জয়দীপ ভট্টাচার্য ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অনীক ধর, সুদীপ্ত বিশ্বাস বক্তব্য দেন।