স্বজনদের কাছে র‌্যাবের সোর্স পরিচয়ে টাকা দাবি করা হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরপুল থেকে নিখোঁজ হওয়া তিন যুবককে ছাড়িয়ে আনার বিনিময়ে সাত লাখ টাকা দাবি করেছিলেন আবদুর রহিম ওরফে টুন্ডা রহিম নামের এক ব্যক্তি। র‌্যাব-৩-এর তথ্যদাতা (সোর্স) পরিচয় দেওয়া ওই ব্যক্তি তিনজনের পরিবারের কাছেই এ টাকা দাবি করেন বলে নিহত ও নিখোঁজ যুবকদের স্বজনেরা অভিযোগ করেছেন। জানতে চাইলে র‌্যাব-৩-এর ভারপ্রাপ্ত অধিনায়ক এমারত হোসেন বলেন, ইসমাইল হোসেন, শামীম হাসান ও মাসুম হোসেন নামের কাউকে র‌্যাব আটক করেনি। তা ছাড়া টুন্ডা রহিম নামে র‌্যাব-৩-এর কোনো সোর্সও নেই। গত ৮ ডিসেম্বর মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা দুই যুবকের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর মধ্যে ইসমাইলের লাশ শনাক্ত করে নিয়ে এসে তার পরিবার দাফন করেছে। বাকি লাশ অজ্ঞাত হিসেবে মুন্সিগঞ্জেই দাফন করা হয়। এর আগে টাঙ্গাইলের কালিহাতী থানার পুলিশ ৫ ডিসেম্বর টাঙ্গাইল-ভুয়াপুর মহাসড়কের পাশ থেকে লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা দুটি লাশ উদ্ধার করে। তাদের সেখানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। টাকা দাবি র‌্যাবের সোর্সের!: হাতিরপুল থেকে নিখোঁজ ইসমাইল হোসেন ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর মামা আবদুল খালেক অভিযোগ করেন, ইসমাইলসহ তিনজন নিখোঁজ হওয়ার দিন ২৮ নভেম্বর রাতে টুন্ডা রহিম নামের এক যুবকও স্থানীয় রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। রহিম এলাকায় র‌্যাবের তথ্যদাতা হিসেবে পরিচিত। রহিমের উপস্থিতিতে তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়।খালেক দাবি করেন, এরপর রহিম তাঁদের সঙ্গে যোগাযোগ করেন এবং গত বৃহস্পতিবার তাঁকে মিরপুরের টোলারবাগে একটি বাসায় নিয়ে যান। সেখানে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর কাছে সাত লাখ টাকা দাবি করেন। খালেক প্রথম আলোকে বলেন, ‘র‌্যাবের স্যার কইছে ইসমাইলগো নামে মামলা না থাকলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখাইয়া থানায় জমা দেব। কিন্তু শুক্রবার মুন্সিগঞ্জে লাশ পাওয়ার পর আর রহিমদের সঙ্গে যোগাযোগ হয়নি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম হাসানের ভাই সাইমুন হাসানও অভিযোগ করেন, রহিম পরিচয়ে এক ব্যক্তি তাঁকেও ফোন করে সাত লাখ টাকা দাবি করেন। পরিবারের সঙ্গে আলোচনা করে পরে আর রহিমকে ফোনে পাওয়া যায়নি। নিখোঁজ ইলেকট্রনিকস ব্যবসায়ী মাসুম হোসেনের স্ত্রী হাওয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘২৯ নভেম্বর বেলা দুইটা-আড়াইটার দিকে মারিয়ার আব্বুর (মাসুমের) ফোন থেকে একটা কল আসে। আমি ধইরা কই তুমি কই আছো, বাড়িত আসো না কেন। ওই ফোন থিকা কয় আমি মারিয়ার আব্বা না। স্বামীরে চাইলে ২০ লাখ টাকা রেডি রাখবেন। একটু পর কয় ৫০ লাখ টাকা লাগব। আমারে কইছে টাকা না দিলে স্বামীর লাশ মর্গে গিয়া খুঁইজ্জেন।’ হাওয়া বেগম বলেন, এর পরদিন (৩০ নভেম্বর) অন্য একটি নম্বর থেকে রহিম পরিচয় দিয়ে একজন ফোন করেন। রহিম তাঁকে ভাবি বলে সম্বোধন করে বলেন, তিনি মাসুমের পরিচিত। মাসুমকে ছাড়াতে সাত লাখ টাকা লাগবে। টাকা দিলে মাসুমকে থানায় হস্তান্তর করা হবে।রহিমের সঙ্গে অপহূত একজনের স্বজনের কথোপকথন: অপহূতদের একজনের আত্মীয় রহিমের সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ রেকর্ড করে রেখেছেন। রেকর্ড মতে, রহিম বলছেন, ‘ওরা তিনজনই ভালো আছে, র‌্যাবের কাছে আছে। তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে। তবে আপনারা যদি সাত লাখ টাকা দিতে পারেন তবে তাদের থানায় হ্যান্ডওভার করা হবে। থানায় হ্যান্ডওভার করা হইলে পরে আপনারা টাকা দেবেন। আর আমরা পারলে হাতে-পায়ে ধইরা টাকা আরও কিছু কমামু।’পাঁচ মিনিটের ওই কথোপকথনে রহিম পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা চুপ থাকবেন। র‌্যাবের কোনো অফিসারের সঙ্গে কথা বলবেন না। হ্যাগোরে জিগাইলে হ্যারা না করব। আমার এক বড় ভাই আছে। হের মাধ্যমে কামডা করাইতাছি। হে এক ঘণ্টার মধ্যে বাসায় ঢুকব। হে বাসায় ঢোকার আগেই আপনাদের জানাইতে হইব ট্যাকা দেবেন কি না। হে বাসায় ঢুইকা গেলে আর কাম হইব না। আবার বইলেন না আমি আপনাদের প্রেসার ক্রিয়েট করতাছি। এটা আপনাদের ভালোর জন্যই। তারা আমার ভাই এজন্যই আমি আইছি।’ কে এই রহিম: রাজধানীর শাহবাগ-পরীবাগ-হাতিরপুল এলাকার স্থানীয় ব্যবসায়ীরা রহিমকে টুন্ডা রহিম নামে চেনেন। দুই হাত ছোটবেলা থেকেই অচল হওয়ায় তাঁর এই নাম হয়েছে। রহিমের ভগ্নিপতি বাবুল মোল্লা আওয়ামী লীগের শাহবাগ থানা ইউনিটের সাংগঠনিক সম্পাদক। বাবুল মোল্লা প্রথম আলোকে বলেন, রহিম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি নেশাসক্ত হয়ে পড়েছেন। রহিম র‌্যাবের সোর্স কি না জানতে চাইলে বাবুল বলেন, ‘ও অচল মানুষ। ও ক্যামনে র‌্যাবের সোর্স হয়। তয় এলাকার পোলা, এহানেই বড় হইছে। এ কারণে সবাই ওরে চেনে, প্রশাসনের সঙ্গেও ওর সম্পর্ক ভালো।’