স্বজনদের কাছে লাশ হয়ে ফিরলেন ১০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দমবন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশি শ্রমিকের লাশ ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে তাঁদের লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (কল্যাণ) মোহসীন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, নিহত শ্রমিকদের দাফনের জন্য আপাতত প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পরে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।নিহত শ্রমিকেরা হলেন আবু তাহের, আবুল হাশেম, সাঈদ আহমেদ, হানিফ, মোহাম্মদ আলী, সোলায়মান, সাত্তার, সিদ্দিক, শাহ আলম ও জাকির।প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকার একটি বাড়িতে এক কক্ষে ওই ১১ জন বাংলাদেশি একসঙ্গে থাকতেন। গত ২৭ মে স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় দিকে হঠাত্ করে বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন লেগে গেলে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। ওই কক্ষে কোনো জানালা না থাকায় আলো-বাতাস চলাচলের কোনো সুযোগ ছিল না। এ সময় ঘুমিয়ে থাকা শ্রমিকদের মধ্যে একজন রক্ষা পেলেও দমবন্ধ হয়ে মারা যান ওই ১০ জন। তাঁদের মধ্যে নয়জনের বাড়ি কুমিল্লায় ও একজনের বাড়ি চাঁদপুরে।