স্বজনদের খোঁজে এখনো ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের পোশাক কারখানার সামনে স্বজনদের খুঁজতে এখনো ভিড় করছেন মানুষ। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে।গতকাল সকালে সিরাজগঞ্জের আছিয়া বেগম এসেছিলেন তাঁর ছেলের খোঁজে। তিনি জানান, ঘটনার পর থেকে তিনি তাঁর ছেলে মাহাবুবুর রহমানের সন্ধান পাচ্ছেন না। মাহাবুবুর হা-মীম গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন বলে তিনি জানান। তাঁর মতো আরও অনেকে স্বজনের খোঁজে সেখানে আসেন।হা-মীম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেলোয়ার হোসেন বলেন, কোনো শ্রমিক নিখোঁজ থাকার তথ্য তাঁদের কাছে নেই। তবুও কারখানায় একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে কেউ তথ্য দিলে খতিয়ে দেখা হবে।গতকাল সকালে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে আহত শ্রমিকদের খোঁজ নেন। তাঁরা আহত প্রত্যেক শ্রমিকের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সাহায্য দেন। এ ছাড়া উন্নতমানের খাবারও দেন তাঁদের। আশুলিয়ার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি ছিলেন ১২ জন শ্রমিক। তাঁদের মধ্যে পাঁচজনকে গত বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুজাফ্ফর হোসেন, জাকির হোসেন, আজিজুল হক ও জয়নাল আবেদীন নামে চারজন শ্রমিক। এ চারজনের অবস্থা অনেকটাই ভালো বলে জানান হাসপাতালের চিকিৎসক অনুপ দাস।ষষ্ঠ তলার সুইং অপারেটর মুজাফ্ফর হোসেন জানান, গতকাল তাঁদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে এসে চিকিৎসা খরচের জন্য তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেন।তিন দিন পার হয়ে গেলেও আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তদন্ত শুরু না করায় গতকাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শ্রমিকেরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিএমইএর পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, কারখানা বন্ধ থাকায় তদন্তকাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামীকাল (আজ শুক্রবার) থেকে তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে কারখানায় গিয়ে তদন্ত করবেন।গত মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।