কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা তাঁদের নির্বাচনী ব্যয়ের বড় অংশটি মেটাবেন দেশে ও প্রবাসে থাকা তাঁদের আত্মীয়স্বজনদের টাকায়। মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনের ফরম ‘ঢ’-এর অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের কলামে সংশ্লিষ্ট প্রার্থীরা এসব তথ্য উপস্থাপন করেন। নয়জন মেয়র পদপ্রার্থীর মধ্যে সাতজনই স্ত্রী, ভাই, শ্বশুর ও বোনের জামাইয়ের কাছ থেকে অর্থ পাওয়ার কথা জানিয়েছেন। আত্মীয়স্বজনেরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই টাকা দিচ্ছেন বলে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘একজন মেয়র পদপ্রার্থী নির্বাচনের সময় নির্বাচনী খরচ বাবদ ১৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। এর বাইরে প্রার্থী ব্যক্তিগতভাবে ৭৫ হাজার টাকা খরচ করতে পারবেন। ওই টাকা কোন উৎস থেকে এসেছে, সেটা কমিশনকে জানানোর বিধান রয়েছে। এর বাইরে কোনো টাকা খরচ করা যাবে না।’রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান তাঁর স্ত্রী কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক নার্গিস সুলতানার কাছ থেকে পাঁচ লাখ টাকা পাচ্ছেন। আর আফজল নিজের ব্যবসার আয় থেকে ১০ লাখ টাকা খরচ করবেন। মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হককে তাঁর ছোট ভাই আইনজীবী মো. কাইমুল হক দুই লাখ টাকা দিয়েছেন। আর মনিরুল তাঁর ব্যবসা থেকে ১৩ লাখ টাকা খরচ করছেন। মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে তাঁর প্রবাসী ব্যবসায়ী শ্বশুর, ভায়রা ও স্ত্রীর বড় ভাই ১১ লাখ টাকা দিচ্ছেন। আর নিজের ব্যবসা থেকে খরচ করবেন ৬০ হাজার টাকা। মেয়র পদপ্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নূর-উর রহমান তাঁর ব্যবসা থেকে ১৫ লাখ টাকা খরচ করবেন। মেয়র পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য চঞ্চল কুমার ঘোষকে তাঁর ভাই সঞ্জয় কুমার ঘোষ ব্যবসা থেকে দুই লাখ টাকা দেবেন। এর মধ্যে নগরের লক্ষ্মীপুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি এক লাখ টাকা ধার নেবেন। মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ তাঁর ব্যবসা থেকে ১৫ লাখ টাকা খরচ করবেন। মেয়র পদপ্রার্থী মো. মামুনূর রশিদ পেনশনের টাকা থেকে ১০ লাখ টাকা দিয়ে নির্বাচনী খরচ মেটাবেন। মেয়র পদপ্রার্থী সালমান সাঈদ তাঁর কৃষক বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা পাচ্ছেন। এ ছাড়া তিনি তাঁর তিন বন্ধু-স্বজনের কাছ থেকে ৫০ হাজার করে টাকা পাবেন। আর সালমান নিজের ব্যবসা থেকে দুই লাখ ২০ হাজার টাকা খরচ করবেন।মেয়র পদপ্রার্থী শিরিন আক্তার জানিয়েছেন, তাঁর নিজের কোনো টাকা নেই। তবে তাঁর ভাইয়ের ব্যবসা থেকে ৫০ হাজার টাকা এবং বোনের জামাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা পাবেন। ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।