স্বজনদের পরিকল্পনায় খুন হন রমনা মসজিদের ইমাম
স্বজনদের মধ্যে বিরোধের মধ্যস্থতা করতে গিয়ে এক পক্ষের শত্রুতে পরিণত হন রমনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইসহাক। এ কারণেই স্বজনদের একটি পক্ষ ভাড়াটে লোক এনে তাঁকে খুন করায়।এ খুনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত শনিবার ভোররাতে ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।১ জানুয়ারি শেরেবাংলা নগর থানার অধীন পশ্চিম শেওড়াপাড়ার ৫৪৯/এ শামীম সরণির রানিলয় ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে হাত-পা শেকল দিয়ে তালাবদ্ধ এবং নাক-মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রমনা জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইসহাকের গলিত লাশ উদ্ধার করা হয়। তবে এর আগে গত ২০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের পর মসজিদের ইমামের ভাই মোহাম্মদ শোয়াইব বাদী হয়ে অপহরণের পর হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন।পুলিশ জানায়, গোপালগঞ্জের গোপীনাথপুর কাজীপাড়ার গ্রামের বাড়ি থেকে বায়েজিদ কাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পল্টন এলাকা থেকে নাজিমউদ্দিন (৪২) ও বাড্ডার নুরের চালা থেকে উজ্জ্বলকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা তিনজনকে গতকাল সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ নিয়ে গতকাল মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, তিনজনের স্বীকারোক্তি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে, চট্টগ্রামে একটি লবণ কারখানার মালিকানা নিয়ে চাচাতো ভাই ও আরেক আত্মীয়র মধ্যে বিরোধ দেখা দেয়। ইমাম এ বিরোধ মেটাতে মধ্যস্থতা করেন। এতে তাঁর চাচাতো ভাই আবদুর রহিম অসন্তুষ্ট হন। তিনি প্রতিশোধপরায়ণ হয়ে ইসহাককে হত্যাকাণ্ডের পরিকল্পনা নেন। রহিম তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজিমউদ্দিনসহ কয়েকজনকে নিয়ে এ হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বায়েজিদের ভগ্নিপতি একরাম খানকে (৪৫)।উপকমিশনার জানান, পরিকল্পনা অনুসারে একরাম খান নিজ পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করেন। অবশেষে শেওড়াপাড়ার শামীম সরণির ওই বাসাটি ভাড়া নেন। এরপর মিলাদ পড়ানোর নাম করে ইমামকে ওই বাসায় ডেকে আনেন। পরে তাঁকে খুন করা হয়।উপকমিশনার জানান, এ ঘটনার পর রহিম মালয়েশিয়ায় পালিয়ে যান। যে ফোন নম্বর দিয়ে ইমামকে ডেকে আনা হয়েছিল, তদন্তের একপর্যায়ে পুলিশ সেই সিমটি উদ্ধার করে। এ ঘটনায় বাড্ডার নুরের চালা থেকে উজ্জ্বল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছেই ওই সিম পাওয়া যায়।গ্রেপ্তার করা বায়েজিদ সাংবাদিকদের জানান, ওই বাসায় গিয়ে তিনি দেখেন, একটি ব্যাগে শেকল, তালা, স্কচটেপ ও মেঝেতে একটি চাকু রাখা আছে। ওই দিন দুপুরেই ইমামকে ওই বাসায় ডেকে আনা হয়। ইমাম ইসহাক আসার পর একরাম তাঁর কাছে জানতে চান, রহিমের কাছ থেকে যে দুই কোটি টাকা নিয়েছেন, এটা কি ঠিক করলেন। জবাবে মসজিদের ইমাম ইসহাক জানান, ‘রহিম আমার চাচাতো ভাই।’ এরপর একরাম ব্যাগ থেকে শেকল ও তালা বের করেন। তিনি ইমামের হাত-পায়ে শেকল বেঁধে এতে দুটি তালা লাগিয়ে দেন। এরপর তিনি তাঁর চোখ ও কান জড়িয়ে স্কচটেপ লাগিয়ে দেন। অন্য এক যুবক ইমামের মুখে স্কচটেপ লাগান।গ্রেপ্তার হওয়া নাজিমউদ্দিন দাবি করেন, তিনি হত্যার সঙ্গে জড়িত নন। অহেতুক তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উজ্জ্বলও দাবি করেন, তিনি এই খুনের সঙ্গে জড়িত নন।