ট্রাক উল্টে নিহত ছাত্রদের পরিবারের সদস্যদের দেখতে গতকাল শুক্রবার মিরসরাইয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত ছাত্রদের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় নিহত ছাত্রদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা সন্তান হারিয়েছেন, তাঁদের ব্যথা আমি বুঝি। কারণ, আমিও একসঙ্গে আমার পরিবারের ১৬ জন সদস্যকে হারিয়েছি।’প্রধানমন্ত্রী শোকার্ত অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আমার ছোট্ট ভাই রাসেলের লাশও আমি দেখিনি। আপনারা অন্তত আপনাদের সন্তানের লাশ দেখতে পেয়েছেন। তবু বলি, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই।’ এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এভাবে মায়ের কোল খালি হোক, তা আমরা চাই না। তাই রাস্তায় কেন দুর্ঘটনা হয়, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।’ শোকসভায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোশারফ হোসেন, দলীয় নেতা-কর্মী এবং আওয়ামী লীগ-দলীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মঞ্চে দেখা যায়নি।এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে সরাসরি মিরসরাই স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে সড়কপথে আসেন আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশস্থলে। আসার পথে তিনি সৈদালির দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রধানমন্ত্রী সরাসরি মঞ্চে না উঠে প্রথমে সমাবেশের প্রথম সারিতে বসা নিহত ছাত্রদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপর মঞ্চে উঠে প্রধানমন্ত্রী নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি দুর্ঘটনায় নিহত ৩৯ জনের পরিবারপ্রতি এক লাখ এবং আহত ১৮ জনের প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেন। অনুদান নিতে আসা অনেক অভিভাবক এ সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদেন। প্রধানমন্ত্রী নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়িটির চালকের লাইসেন্স আছে কি না, তার সহকারী গাড়ি চালাচ্ছিল কি না, গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন ব্যবহার করছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হবে। কোনো হেলপার গাড়ি চালাতে পারবে না। ফিটনেসবিহীন গাড়ি চালানো যাবে না।’ প্রায় ১২ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘কখনো আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো বাস দরকার হলে যোগাযোগ মন্ত্রণালয় থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হবে। ছাত্ররা যেন আর কখনোই ট্রাকে না ওঠে, সেদিকে নজর রাখতে হবে।’মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ মোশাররফ হোসেন, সাংসদ আবুল কাশেম, নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি সৈয়দ মফিজ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন ও রেহানা বেগম এবং স্থানীয় মায়ানি ইউপির চেয়ারম্যান কবির নিজামী।মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব।শোকসভায় স্থানীয় সাংসদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে উল্লেখ করে একটি ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানান।অজিতের পরিবার পাচ্ছে এক লাখ টাকা: দুর্ঘটনায় সন্তান অজিত চন্দ্র দাশ মারা গেছে—এমন গুজবে শোক সইতে না পেরে মারা যান পশ্চিম মঘাদিয়া দাশপাড়ার হরনাথ চন্দ্র দাশ। পরে দেখা গেল, তাঁর সন্তান মারা যায়নি। গতকাল শেখ হাসিনা দুর্ঘটনায় নিহত ছাত্রদের আর্থিক অনুদান দেওয়ার পর বিশেষ বিবেচনায় হরনাথের পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।