জায়গাটি এখন এঁদো ডোবার মতো। বৃষ্টির পানি জমেছে কিছুটা। তার মধ্যে পড়ে আছে দুমড়ে-মুচড়ে যাওয়া খান ছয়েক গাড়ির কাঠামো। তারকাঁটা দিয়ে এলাকাটি ঘিরে রাখা। পাশেই ত্রিপলের ছাউনি ফেলে পুলিশ ক্যাম্প। গত ২৪ এপ্রিল সকাল পর্যন্ত এখানে ছিল নয়তলা রানা প্লাজা। সেদিন সকাল নয়টার দিকে ধসে পড়া ভবনটির উদ্ধারকাজ শেষ হয়েছে ১৪ মে। এখন সেখানে সাইনবোর্ড, তাতে বড় বড় হরফে লেখা ‘সংরক্ষিত এলাকা/ সর্বসাধারণের প্রবেশ নিষেধ’।ভেতরে প্রবেশ করতে না পারলেও এখনো প্রচুর কৌতূহলী মানুষ এসে দাঁড়াচ্ছেন সামনে। মোবাইল ফোনের ক্যামেরায় ছবিও তুলছেন। আসছেন এখনো যাঁরা স্বজনদের খুঁজে পাননি বা যেসব স্বজনহারা লোক নিহতদের বেতন-ভাতা পাননি, তাঁদের অনেকেই। তাঁদেরই একজন মামুন। তিনি সাভারের ফুলবাড়িয়ায় থাকেন, গ্রামের বাড়ি মিঠাপুকুরের খোদ্দগোপালপুর। কাজ করেন একটি টেক্সটাইল মিলে। লোকমুখে শুনেছেন, নিহত ব্যক্তিদের পাওনা বেতন দেওয়া হচ্ছে রানা প্লাজার সামনে। তাই গতকাল শুক্রবার তিনি এসেছিলেন নিহত ভাই মুন্না মিয়ার ছবি, পরিচয়পত্র ও কাগজপত্র নিয়ে। এসে দেখেন কিছুই নয়। ক্ষোভ আর বেদনায় ভারাক্রান্ত কণ্ঠে তিনি বললেন, ‘জীবিত যারা উদ্ধার হইছে, তারা বেতন পাইছে। আমরা স্বজন হারাইলাম কোনো সাহায্য তো পাইলামই না। পাওনা বেতনও পাইলাম না।’ তাঁর অভিযোগ, লাশ গ্রহণের সময় দেওয়া সনদে একটি ফোন নম্বর লিখে দেওয়া হয়েছে। সরকারি সাহায্যের জন্য সেই নম্বরে তাঁদের যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু সেই নম্বরে বারবার ফোন করলেও কেউ ধরেনি।নিখোঁজ ব্যক্তিদের খোঁজেও এখনো অনেকে আসছেন রানা প্লাজার সামনে। উদ্ধারকাজ শেষ হলেও এখনো অনেকে স্বজনের সন্ধান পাননি। অধরচন্দ্র স্কুলে জেলা প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছিল, তা বন্ধ হয়েছে। ফলে নিখোঁজ স্বজনের খোঁজ নিতে আসা লোকেরা কোথায় যাবেন, তা বুঝতে না পেরে রানা প্লাজার সামনেই ফিরে আসছেন। মেয়ে শ্যামলী খাতুনের ছবি নিয়ে অপেক্ষা করছিলেন শফিকুল ইসলাম। তিনি রডমিস্ত্রি। থাকেন সাভারের ব্যাংক টাউনে। গ্রামের বাড়ি পলাশবাড়ীর ডিবের বাজার, জেলা গাইবান্ধা। অধরচন্দ্র স্কুলে একের পর এক লাশ দেখেছেন, হাসপাতালে আহত ব্যক্তিদের দেখেছেন—মেয়েকে পাননি। হতাশ হয়ে বলছিলেন, ‘আমাগরে কেউ গুরুত্ব দেয় না। মাইয়ারে যে পাইতাছি না কেউ তা কানেই নেয় না। উদ্ধারকাজ শ্যাষ। সবাই ফিরা গ্যাছে। এখন আমরা কার কাছে যামু, কী করমু বুঝবার পারি না।’ সুনামগঞ্জের দিরাই থানার চিতালিয়া গ্রামের সত্যজির্যা দাসও বেতন পাওয়ার উড়ো খবর পেয়ে ছেলের ছবি নিয়ে এসেছিলেন রানা প্লাজার সামনে। সাভার পালপাড়ায় থাকেন। তাঁর ছেলে সনজির্যা দাস ভবনধসে মারা গেছেন। অভিযোগ করলেন, লাশ সর্যাকারের অনুদান ছাড়া ছেলের বকেয়া বেতন বা কোনো সরকারি সাহায্য পাননি। সত্যজির্যা নিজেও আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন। তিন সন্তান। সনজির্যা বড় ছিলেন। পিতা-পুত্রের আয়েই চলত সংসার। পুত্রশোক, বড় শোক। সেই শোক তো আছেই, উপরন্তু সংসারের আয়ও কমে গেল। এক অদ্ভুত দৃষ্টিতে তিনি তাকিয়ে ছিলেন ডোবার মতো জায়গাটির দিকে। সেখানে একটি গাঁদা ফুলের স্তবকও কেউ রেখে গেছে। তাতে লেখা ‘রানা-প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’।যাঁরা এখনো স্বজনের সন্ধান পাননি, তাঁরা ছবি ও ঠিকানা-সংবলিত ‘সন্ধান চাই’ লেখা নোটিশ নিয়ে ভিড় করছেন রানা প্লাজার সামনে। যদি কেউ কোনো সন্ধান দিতে পারেন, এই আশায় আশপাশেই ঘোরাফেরা করছেন তাঁরা। তাঁদেরই একজন রাজশাহীর বাঘা উপজেলার চকবাজার পুরের সিরাজুল ইসলাম। তিনি এসেছেন ছেলে জহুরুল ইসলামের খোঁজে। রাজশাহীর বোয়ালিয়ার কয়েরদাঁড়া খ্রিষ্টানপল্লির বেনাতুশ হাঁসদা এসেছেন মেয়ে শিখা হাঁসদার খোঁজে। খুলনার তেরখাদার হাসিনা বেগম এসেছেন স্বামী আবু বকর ভূঁইয়ার সন্ধানে। পাবনার শরগ্রাম থেকে মেয়ে ফারজানার জন্য এসেছেন বাবা আসগর আলী। এমন অন্তত জনা কুড়ি স্বজনহারা নারী-পুরুষ অপেক্ষা করছিলেন গতকাল শুক্রবার দুপুরে।