স্বজনের লাশের খোঁজে মর্গ থেকে মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাই সুজিত সাহার মরদেহ খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসেছেন মিরপুর বাঙলা কলেজের ছাত্র সুরজিৎ সাহা। কিন্তু লাশঘরে ঢুকেই পিছিয়ে আসেন তিনি। গন্ধের কারণে বাইরে এসে হাঁপাতে থাকেন। স্বজনের লাশের খোঁজে অন্য যাঁরা এসেছেন তাঁরা সুরজিৎকে সান্ত্বনা দেন। কিছুক্ষণ পর সুরজিৎ আবারও ঢোকেন লাশঘরে। কিন্তু ভাইয়ের মরদেহ পাননি।সাভারে রানা প্লাজা ধসে নিখোঁজ স্বজনের লাশ খুঁজতে গতকাল মঙ্গলবার সুরজিতের মতো অনেকে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে। তাঁদের মধ্যে ১২ জনকে খুঁজে পেয়ে লাশ নিয়ে গেছেন স্বজনেরা। অন্যরা ফিরেছেন সুরজিতের মতো হতাশ হয়ে।রানা প্লাজার পঞ্চম তলায় কাটিং ইনপুটম্যান হিসেবে কাজ করতেন সুরজিতের ভাই সুজিত। ভবনধসের পর থেকেই সুরজিৎ খুঁজে ফিরছেন ভাইকে। তিনি বলেন, প্রথম প্রথম খুব কান্না পেত। এখন সয়ে গেছে।গতকাল সন্ধ্যা পর্যন্ত শনাক্ত না হওয়া ৪০টি লাশ ছিল ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে। ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ধসের ঘটনায় ৩৮৮টি লাশ উদ্ধার হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে ৩৪৫টি লাশ। তিনটি হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, যেসব লাশ শনাক্ত হবে না সেগুলো আজ বুধবার জুরাইন কবরস্থানে দাফন করা হবে। এ জন্য জুরাইনে প্রস্তুতি চলছে।গতকালই জুরাইন কবরস্থানে ৫০টি কবর খুঁড়ে রাখা হয়েছে। গত নভেম্বরে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে শনাক্ত না হওয়া লাশগুলোও জুরাইন কবরস্থানে দাফন করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৩৭টি লাশ শনাক্ত করা হয়।ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানায়, রানা প্লাজা ধসের পর ৪৭ জনের লাশ এসেছিল এই মর্গে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। এই ৫১টি লাশের মধ্যে গত সোমবার পর্যন্ত ২২টি লাশ শনাক্ত করে বুঝে নেন স্বজনেরা। বাকি ২৯টি লাশের মধ্যে গতকাল ছয়টি লাশ নিয়ে গেছেন স্বজনেরা। সন্ধ্যায় মর্গে পড়েছিল ২৩ লাশ।সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় ২৩টি লাশ। এর ছয়টি স্বজনেরা শনাক্ত করে নিয়ে গেছেন। বাকি ১৭টি লাশ এই মর্গে রয়েছে। গরমে দেহগুলোর আকার পরিবর্তন হয়েছে, মুখমণ্ডলও বিকৃত হয়ে গেছে। তীব্র গন্ধ ছড়াচ্ছে।গতকাল এই দুই মর্গেই স্বজনের খোঁজে আসেন অনেক মানুষ। তাঁদের বেশির ভাগই সাভারে খোঁজা শেষ করে মর্গে এসেছেন। সাভারেও রেখে এসেছেন অন্য স্বজনদের।ঢাকা মেডিকেল কলেজ মর্গের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মেঝেতে সারিবদ্ধ করে রাখা হয়েছে লাশগুলো। বেশির ভাগই ফুলে উঠেছে, মুখমণ্ডলও বিকৃত হয়ে গেছে। পরনের কাপড়, অলঙ্কার, হাত-পায়ের গড়ন বা বিশেষ চিহ্ন দেখে লাশগুলো শনাক্ত করছেন স্বজনেরা।ভাইয়ের লাশের খোঁজে আসা সুরজিৎ বলেন, তাঁর ভাই লাল, বেগুনি, ধূসর রঙের ডোরাকাটা কলারওয়ালা টি-শার্ট পড়েছিলেন। হাতে ব্রেসলেট ছিল, গলায় মালা ছিল। কিন্তু লাশঘরে বেশিক্ষণ থাকতে পারছিলেন না সুরজিৎ। এ সময় ছোট ভাই বাবুর লাশের খোঁজে আসা জয়নাল তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘এইডাই বাস্তবতা। আবার যান লাশের হাত চেক করেন।’জয়নাল বলেন, গন্ধ শুঁকেই বলে দিতে পারতেন এটা ছোট ভাইয়ের শার্ট। সেই ভাইয়ের লাশ খুঁজতে এসে তিনি ভেঙে পড়েন কান্নায়।সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ছোট ভাই আবদুল খালেকের লাশ খুঁজতে ঝিনাইদহের মহেশপুর থেকে এসেছেন আবদুল মান্নান। সাভার ও ঢাকা মেডিকেল কলেজ মর্গেও খুঁজে এসেছেন। ক্লান্ত, পরিশ্রান্ত মান্নান বলেন, এই দুই মর্গে তিনি যে কয়েকটি মৃতদেহ দেখেছেন, সেগুলো বিকৃত হয়ে গেছে। চেনা যাচ্ছে না। মর্গে লাশগুলো ঘুরে ঘুরে একবার দেখে বাইরে এসে কিছুটা দম নিয়ে আবারও লাশ দেখতে মর্গে ঢুকছিলেন মান্নান। তিনি বলেন, ‘ছোট ভাইয়ের মুখ দেখে চিনতে পারব না, তা কখনো ভাবিনি।’