রাজধানীর কাকরাইল এলাকায় লিফট ছিঁড়ে চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই ঘটনায় মামলার আলামত নষ্ট করার অভিযোগে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।আজ রোববার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যাখ্যা জানাতে রমনা থানার ওসি, আবাসন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের চেয়ারম্যান তানভীরুল হক প্রবাল ও মামলার বাদী আলী আজগরকে ১ আগস্ট হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চারজন শ্রমিক নিহতের বিষয়টি আদালতের নজরে এলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তা উপস্থাপন করেন।প্রসঙ্গত, ২১ জুলাই কাকরাইলে লিফট ছিঁড়ে পড়ে কুষ্টিয়া সদর উপজেলার খোরদোআইল চরের কোরবান আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), চাঁদপুরের হাইমচর উপজেলার চর পোড়ামুখীর সোনা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮), একই গ্রামের মো. শহীদের ছেলে আবদুর রহমান (১৮) ও কালু মল্লিকের ছেলে রুবেল (২৩)।