স্বতন্ত্র প্রার্থী জালালসহ ৪ জনের মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা-পশ্চিম পটিয়া নিয়ে গঠিত চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমেদ খান। আজ রোববার জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে প্রার্থিতা বাছাইয়ের কাজ শুরু হয়। এ সময় এক শতাংশ ভোটারের সমর্থন নেওয়ার সইয়ে গরমিল পাওয়ার অভিযোগে ওই চারজনের প্রার্থিতা বাতিল করা হয়।ফরহাদ আহমেদ খান জানান, প্রার্থিতা বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক টিকে আছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও জাপার নেতা তপন চক্রবর্তী, আবদুল আলীম নিজামী ও মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। চার প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের সমর্থনের সই যাচাই করে দেখা হয়েছে। সরেজমিনে তদন্ত করে এই অসংগতি পাওয়া যায় বলে তিনি প্রার্থীদের জানান। তবে এ সময় জালাল উদ্দিন আহমেদসহ অন্য প্রার্থীরা সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করেছে বলে অভিযোগ করেন। এ নিয়ে বাছাইকেন্দ্রে তুমুল হট্টগোল দেখা দেয়। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলন করে এই ঘটনাকে অন্যায় বলে আখ্যায়িত করেন। এ জন্য তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান। এ ছাড়া তিনি বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ যৌথভাবে কাজটি করেছে।’অভিযোগ প্রসঙ্গে ফরহাদ আহমেদ খান বলেন, ‘জমা দেওয়া ভোটার সমর্থন তালিকার সঙ্গে অনেকের সই মেলেনি। সমর্থনও ছিল না অনেকের। তাই তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।’এ আসনে দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন ভোটার রয়েছে। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের সমর্থন নিতে হয়।