স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের লিভ টু আপিল মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের নির্বাচনী ফলাফল বাতিল ঘোষণা-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।এ ব্যাপারে ফজলুল আজিমের আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনী ফলাফল বাতিলসংক্রান্ত রায় স্থগিত করা হয়েছে। ফলে ফজলুল আজিমের কাজ চালিয়ে যেতে বাধা নেই। তাঁর করা লিভ টু আপিল মঞ্জুর করে আদালত আগামী ৫ ডিসেম্বর আপিল শুনানির দিন ধার্য করে দিয়েছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম বিজয়ী হন। তবে নির্বাচনের আগের দিন ১০টি ভোটকেন্দ্রের পুনর্বিন্যাস, কেন্দ্র পরিবর্তনসহ নির্বাচনে কারচুপির অভিযোগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আয়েশা ফেরদৌসী হাইকোর্টে নির্বাচনী আবেদন করেন। এ আবেদনের শুনানি শেষে গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট রায় দেন। এতে নির্বাচনী ফলাফল বাতিল ঘোষণা করে ১ নম্বর হরণী ও ২ নম্বর চানন্দী ইউনিয়নের ১০টি কেন্দ্রে নতুন ভোটার তালিকা তৈরি করে ওই আসনে পুনরায় ভোট গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে ফজলুল আজিম লিভ টু আপিল করেন। আজ এ আবেদনের ওপর শুনানি হয়।