স্বদেশে পরবাসী, নেই আইনি সুরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম থেকে আট-নয় কিলোমিটার দক্ষিণে জোংড়া ইউনিয়ন। ভেতরে পুরোটাই পাকা রাস্তা। এ ইউনিয়নের মধ্যেই রয়েছে ভারতের ভূখণ্ড, ছিটমহল। ছিটমহলের বাসিন্দারা ভারতের নাগরিক। তারা ‘নিজ দেশে পরবাসী’র মতো বঞ্চনার জীবন কাটাচ্ছে। নিজ দেশে ঢুকতে গিয়ে তাদের অনেককে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে কারাভোগও করতে হয়েছে।চার বছর কারাভোগের পর গত জানুয়ারিতে দেশে ফিরেছেন পাটগ্রামের ১৬ নম্বর ভোটবাড়ী ছিটমহলের মো. রুবেল। তিনি প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে তিনি সদাইপাতি কেনার জন্য সীমান্তে ওপারে ভারতের চেংড়াবান্ধা বাজারে গেলে সেখানকার পুলিশ তাঁকে আটক করে। ছিটমহলের পঞ্চায়েত কমিটির পাস দেখালেও কাজ হয়নি। তিনি বলেন, ‘পুলিশ বলে ভারতের পরিচয়পত্র দেখাতে। কিন্তু ভারত তো আমাদের কোনো পরিচয়পত্র দেয়নি। শেষে আমাকে অনুপ্রবেশকারী হিসেবে মামলা দেয়।’একইভাবে ১১ মাস জেল খেটেছেন শফিউল ইসলাম। তাঁর বাবা আজিজুর রহমান বলেন, ১৯৯৮ সালের ঘটনা। তাঁর ছেলেকে নদীর তীর থেকে বিএসএফ ধরে নিয়ে যায়। সে সময় শফিউলের বয়স ছিল ১৫ বছর। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের নিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। ভোটবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাহারুল ইসলাম জানান, তিনি এ রকম ১০-১২ জনকে ভারতীয় কারাগার বা বিএসএফের কাছ থেকে ছাড়িয়ে এনেছেন। ভোটবাড়ীর ১৬ নম্বর ছিটমহলের মাজেদা বেগম (৪০) বলেন, ‘হামা যে দেশত যাবার পাই না, সে দেশের কাহো কোনো খোঁজ নেয় না। সেই দেশের মানষি হয়া কী লাভ। হামা বাংলাদেশের মানষি হয়া গেছি। হামা এলা এটেকার মানষি, হামার এটা এলা বড্ড পরিচয় (এ দেশের মানুষ আমরা, এটাই বড় পরিচয়)।’বাঁশকাটা ছিটমহলের এই প্রজন্মের বীথি রানী শর্মা বাংলাদেশের কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। তাঁদের বাড়ির পাশ দিয়ে বাংলাদেশ সরকার পাকা রাস্তা করে দিয়েছে। ছিটমহলের বাসিন্দা পরিচয় নিয়ে থাকতে চান না তিনি। পঞ্চাশোর্ধ্ব দীনবন্ধুর আক্ষেপ পরিচয়-সংকট নিয়ে। তাঁরা ‘ভারতীয় নাগরিক’ ও ‘ছিটের’ বাসিন্দা, এই পরিচয় ঘোচাতে চান। বাংলাদেশি হিসেবে পরিচিত হতে চান।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৫৫টি ভারতীয় ছিটমহল রয়েছে। গত ১৫ জুলাই ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ছিটমহলের বাসিন্দাদের প্রথমবারের মতো মাথা গণনা করা হয়। পাটগ্রামের ছিটমহলগুলোতে প্রায় আট হাজার লোক বসবাস করে বলে উপজেলা প্রশাসন সূত্র জানায়। এই প্রতিবেদক পাটগ্রামের ভোটবাড়ী, পানিশাল, লতামারী, বাঁশকাটাসহ ঘনবসতি রয়েছে—এমন অন্তত আটটি ছিটমহল সরেজমিন ঘুরে বিভিন্ন বয়সের নারী-পুরুষের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানান, ভারত সরকার কোনো দিন তাঁদের খোঁজ নেয়নি। বাংলাদেশই তাঁদের শেষ ঠিকানা। তাই আনুষ্ঠানিকভাবে তাঁরা বাংলাদেশি হতে চান। সম্প্রতি শেষ হওয়া মাথা গণনা কার্যক্রমকে বাংলাদেশি পরিচয় নিশ্চিত করার প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন তাঁরা। গত ১৬ ডিসেম্বর ভোটবাড়ী ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশি পতাকা উড়িয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন করে। জমি বেচাকেনা নিয়ে সংকট: ছিটমহলের জমি কেনাবেচার দলিল বাংলাদেশে হয় না। পাটগ্রামের ছিটমহলগুলো ভারতের কোচবিহার জেলার মেকলীগঞ্জ ও মাথাভাঙ্গা মহকুমার অধীন।ছিটমহলের বাসিন্দারা জানান, আশির দশকে কিছু লোক ভারতে গিয়ে জমির দলিল নিবন্ধন করাত। গত এক যুগের মধ্যে আর কোনো দলিল নিবন্ধন হয়নি। এখন জমি বেচাকেনা হয় স্ট্যাম্পে টিপসই করে। ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারত থেকে স্ট্যাম্প এনে জমি কেনাবেচা হতো। এখন ভারত থেকে স্ট্যাম্পও আনা যায় না। বাংলাদেশি স্ট্যাম্পেই কেনাবেচা হচ্ছে। ভোটবাড়ীর হাবিবুল ইসলাম বলেন, ‘বেটির বিয়ে বা কারও অসুখ হলেই জমি বেচতে হয়। তখন মেলা ঝামেলা হয়। জমির তো দলিল হয় না? এ জন্য কম দামে জমি বেচির নাগে মুখের কথা বিশ্বাস করি। আর না হলে বাংলাদেশের স্টামত করি দিবার নাগে।’ জুংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহমুদুন্নবী বলেন, বাংলাদেশি ভূখণ্ডে যে জমির দাম বিঘাপ্রতি দেড় লাখ টাকা, পাশেই ছিটমহলের জমি বিঘাপ্রতি দাম হয় এক লাখ টাকা।নেই আইনি সুরক্ষা: ১৬ নম্বর ভোটবাড়ী ছিটের মোজাহারুল ইসলাম বলেন, ছিটমহলে থাকা তাঁদের জমি নিয়ে প্রতিবেশী বাংলাদেশি নাগরিক হাবিবুর রহমানের সঙ্গে বিরোধের জের ধরে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। ছিটমহলের বাসিন্দা বলে থানা মামলা নেয়নি। তাই নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে লালমনিরহাট আদালতে মামলা করেন। পরে তদন্ত করতে এসে ঘটনাস্থল ছিটমহল এলাকা দেখে মামলা বাতিল হয়ে যায়। মোজাহারুলের আইনজীবী নূর আলম প্রথম আলোকে বলেন, ছিটমহলবাসী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের কাছে আইনি কোনো সুরক্ষা পান না। কারণ তাঁরা ভারতীয় ভূখণ্ডের বাসিন্দা। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদউদ্দিন বলেন, ‘ছিট এলাকার ঘটনায় মামলা নেওয়ার প্রশ্নই আসে না। এলে বলে দিই নিজেরা মীমাংসা করে নিতে।’