নাম কী?স্বপন।বস্তায় কী?বুতল, কাগজ।কী হবে এসব?বেচুম। বেইচা ট্যাহা মায়েরে দিমু।বড় হয়ে কী করবে, তুমি? জানতে চাইলে আঞ্চলিক ভাষায় দ্রুত নিজের স্বপ্নের কথা জানিয়ে দেয় সে, ‘মাইক্রোগাড়ি চালামু।’মাইক্রো কেন? বাস নয় কেন? প্রশ্নের জবাবে প্রতিবেদকের দিকে অবাক দৃষ্টি। কী বোকা এই প্রতিবেদক! দৃষ্টিতে সেটা বুঝিয়েই তার দ্রুত জবাব, ‘কেমনে, আমার পাও তো ছুডু। গাড়ির তলায় ঠাওর পাইবাম কেমনে? নিচের দিকে নাগাল না পাইলে গাড়ি চালান যাইব না।’মাত্র সাড়ে সাত বছরের এই শিশু বাংলাদেশের নতুন প্রজন্মের উদাহরণ। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। খেলাধুলার বয়সেই সংসারের জোয়াল তার কাঁধে। ভোরের আলো ফুটতেই হাতে বইয়ের বদলে প্লাস্টিকের বস্তা নিয়ে জীবিকার তাগিদে বের হয়ে পড়ে।সারা দিন রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, কাগজের টুকরা, সিগারেটের খালি মোড়ক এবং ফেলে দেওয়া দুধের কৌটা খুঁজে বেড়ায় স্বপন। বস্তায় তোলার যোগ্য হলেই হলো। দিনভর জমানো এসব জিনিস নিয়ে সন্ধ্যায় যায় মহাখালী বা ওয়্যারলেসে অলিগলির ভাঙারির দোকানে। কখনো ৮০ বা ১০০ টাকায় বিক্রি হয়। হঠাৎ কোনো দিন একটু দামি যেমন—লোহার তৈরি জিনিস বা গাড়ির ফেলে দেওয়া পার্টস ওর জন্য বয়ে আনে অপার আনন্দ। কারণ, সেদিন তার আয় বাড়ে অনেক! ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।পড়ালেখা কিছুই জানে না, কিন্তু জীবন আর বাস্তবতা স্বপনকে যোগ-বিয়োগ-গুণ-ভাগ শিখিয়ে দিয়েছে। যেকোনো আর্থিক হিসাবের ক্ষেত্রে তুখোড় সে। দিনে কয় টাকা আয়ে মাসের শেষে বাসা ভাড়া বা মাসের বাজার সম্ভব, তা গুনে জানাতে বিন্দুমাত্র সময় লাগে না স্বপনের। থাকে কড়াইল বস্তিতে। বাসা ভাড়া এক হাজার ৩০০ টাকা। থাকে অসুস্থ মা আর চার বছরের ছোট বোন বিলকিসকে নিয়ে। শরীর সুস্থ থাকলে স্বপনের মা গুলশানের সিগন্যালে ভিক্ষা করেন।দিনভর কাগজ কুড়ানো এখন আর ভালো লাগে না স্বপনের। কারণ, তার ভাষায়, ‘এইহানে এহন অনেক পুলাপান আইস্যা গেছে। ঠিকমতো কাগজ পাওন যায় না।’ তাই প্রতিযোগী অন্যদের চোখ এড়িয়ে বনানী, গুলশান ও বারিধারার অলিগলিতে ঘুরে বেড়ায় সে। বেশ কিছু আবাসিক এলাকার দারোয়ানদের সঙ্গে গড়ে নিয়েছে চমৎকার দোস্তি। তাঁরাই স্বপনের জন্য বিভিন্ন বাসাবাড়ির শুকনো আবর্জনা রেখে দেন, যাতে অনেক ধরনের দামি জিনিসও খুঁজে পাওয়া যায়।স্বপন জানায়, তার বাবা রজব আলী পেশায় চোর। থাকেন শেরপুরে। ইতিমধ্যে সাত বিয়ে করেছেন। তাঁদের মধ্যে আবার তিন বউকে তাড়িয়েও দিয়েছেন। এর মধ্যে স্বপনের মা-ও রয়েছেন। রজব আলীর নামে নারী নির্যাতনের একাধিক মামলাও নাকি রয়েছে।বাবার এসব কর্মকাণ্ডে ভ্রুক্ষেপ নেই স্বপনের। বাবার পক্ষ থেকে খবর নেওয়া না-নেওয়ায় তার কিছু এসে-যায় না। বড় বোন অজুফার প্রতি ভীষণ কৃতজ্ঞ স্বপন। অজুফা শেরপুরে বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে মাঝেমধ্যে মা-ভাইকে টাকা পাঠায়। তাতে স্বপনের সংসারে অনটনের অন্ধকার কিছুটা কমে। অসুস্থ শরীর নিয়ে মাকে ভিক্ষা করতে দিতে স্বপনের একদম ভালো লাগে না।স্বপনের ইচ্ছে, পুরো রমজানে একটি রোজাও সে ভাঙবে না। তবে ছোট বোনের বিষয়ে তার বক্তব্য, ‘হে ছুডু না, শইল খারাপ হইব’। ঈদে কী কিনবে জানতে চাইলে চুপ হয়ে যায় স্বপন। কিছুক্ষণ ভেবে বলে, ‘মায়েরে সেমাই আর বুনেরে জামা কিন্যা দিমু। ট্যাহা জমাইতেছি।’সাধারণত রাতের বেঁচে যাওয়া খাবার খেয়েই ভোরে কাজে বের হয় স্বপন। কখনো পান্তা ভাত, কখনো শুকনো রুটি। দুপুরে কখনো রাস্তার পাশে ভাত খায়, নয়তো একবারে রাতে বাজার নিয়ে ঘরে ফিরে খাওয়া। ছোট বোন সঙ্গে থাকলে দুপুরে দুই ভাইবোন একসঙ্গে কিছু কিনে খায়। তবে খরচ ১০ টাকার বেশি হয় না। ডিম মাসে একটি-দুটি। মাছ-মাংস যদি কেউ খেতে দেয়, তবে। আর দুধ কবে খেয়েছে, মনে নেই স্বপনের। ইদানীং লোকজন গরিব হয়ে গেছে বলে স্বপনের ধারণা। এখন আর আগের মতো রাস্তায় প্লাস্টিকের খালি বোতল ও চিপসের প্যাকেট পাওয়া যায় না। মানুষ খবরের কাগজও রাস্তায় ফেলে না। মাঝেমধ্যে, বিশেষ করে বৃষ্টির দিনে ৩০ টাকাও আয় হয় না স্বপনের। সেদিন বাজার করাও কষ্টের হয়ে পড়ে। এলাকার শিশুপার্কের সামনে দাঁড়িয়ে সমবয়সী বাচ্চাদের খেলা দেখতে খুব ভালো লাগে। কিন্তু সন্ধ্যার মধ্যে ভাঙারির দোকানে পৌঁছানোর তাড়ায় নিজের খেলার সময়ই হয় না।