৮ ফেব্রুয়ারি নারীমঞ্চে উপমা মাহবুবের লেখা ‘উচ্চশিক্ষাই যথেষ্ট নয়, চাই আত্মবিশ্বাস’ পড়ে আমার একটা কথাই বারবার মনে হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে উচ্চশিক্ষিত নারীরা কর্মজীবনে প্রবেশ করতে পারেন না বা পারলেও সফল হতে পারেন না, তার মূল কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। জীবনটাকে একান্তই নিজের মতো করে দেখা মেয়ের সংখ্যাও নিতান্তই কম। অনেক সময় দেখা যায়, শুধু স্বামীর পরিবারের নিষেধের কারণে অনেক উচ্চশিক্ষিত নারী কর্মজীবনে প্রবেশ করতে পারেন না। একজন নারী নিজের জীবনের সব স্বপ্ন, ইচ্ছা, ভালো লাগা তুচ্ছ করে দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেন সংসার নামের ঘানি টেনে। কিন্তু নিজের জন্য কতটা করেন তাঁরা—সে প্রশ্ন থেকেই যায়। আজকাল অনেক মেয়েই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এটা খুবই ইতিবাচক দিক। কিন্তু একই সঙ্গে পরিবারের বাধা উপেক্ষা করে শিক্ষাজীবন শেষ করতে পারছেন না অনেকেই। সে হিসাবটা কি রাখি আমরা? প্রত্যেক নারী শুধু একজন মেয়েমানুষ নন, একজন প্রকৃত মানুষ হিসেবে বাঁচুক। বাঁচতে শিখুক আনন্দ নিয়ে, নিজের মতো করে। জীবনের রং ছড়াক সবখানে।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।