স্বপ্ন আমার সত্যি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৪ সেপ্টেম্বর ২০১১ ব্র্যাক সেন্টার ইন মিলনায়তন অনুষ্ঠিত হয়ে গেল লাইভলিহুড কনফারেন্স ২০১১। ব্র্যাকের অ্যাডলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন। বাংলাদেশের ৩০টি জেলার ৭০টি উপজেলা থেকে আগত ক্ষুদ্র উদ্যোক্তা বিউটিশিয়ানরা যোগ দিয়েছিল এই সম্মেলন। সারা দিনের অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনের মূল্যবান অভিজ্ঞতা আর পরামর্শ শুনে নিজেদের অভিজ্ঞতার ঝুলি ভরে নিয়েছিল বিউটিশিয়ানরা। এখানে অংশগ্রহণকারী বেশির ভাগকেই আমি চিনি, প্রশিক্ষণ চলাকালে বা পরবর্তী সময়ে মাঠপর্যায়ে তাদের সঙ্গে দেখা হয়েছে আমার। অনেকের সঙ্গে হয়তো দেখা হয়নি, তবে ফোনে যোগাযোগ আছে। সম্মেলনের ফাঁকে ফাঁকে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তুলে ধরছি তাদের কিছু কথা।নরসিংদীর হাতিরদিয়া থেকে এসেছিল কোহিনুর। ২০০৭ সালে সে ব্র্যাক অ্যাডলেসেন্ট প্রোগ্রাম থেকে বিউটিশিয়ান প্রশিক্ষণ নিয়েছিল, প্রশিক্ষণ শেষে ফিরে গিয়ে প্রথমাবস্থায় নিজের বাড়িতেই সে কাজ শুরু করে। পরবর্তী সময়ে ব্র্যাক থেকে ঋণ নিয়ে সে হাতিরদিয়া বাজারে একটি দোকান ভাড়া নিয়ে তার পার্লারের ব্যবসা শুরু করে। গত কয়েক বছরে সে তার কাজ আর নিষ্ঠার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিছুদিন হলো সে তার পার্লারের আরেকটি শাখা খুলেছে। তার দুই বোনকে সে কাজ শিখিয়ে নিয়েছে, এ ছাড়া তার পার্লারে এখন ছয়জন কর্মী রয়েছে। লাইভলিহুড কনফারেন্স ২০১১-তে এসে কোহিনুর ভীষণ উচ্ছ্বসিত, বলছিল, ‘আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, জীবনে যা কখনো স্বপ্নেও ভাবিনি তাই আমার জীবনে ঘটেছে আর ঘটছে।’ জানতে চেয়েছিলাম, কেমন? কোহিনুর উত্তর দিল, ‘আমি গ্রামের মেয়ে, অন্য দশটি মেয়ের মতো স্বপ্ন ছিল বড় হব, একটা ভালো বিয়ে হবে, স্বামী নিয়ে সুখে সংসার করব, কিন্তু ব্র্যাক আমাকে প্রশিক্ষণ দিল, আমি বিউটিশিয়ান হলাম, নিজের ব্যবসা শুরু করলাম, ঢাকায় আসলাম। এই সম্মেলনে এসে কানিজ আলমাস খানের সঙ্গে দেখা হলো, কথা হলো—এসব আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এখন আমার অনেক আশা, আমি আরও অনেক বড় একজন ব্যবসায়ী হতে চাই।’ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে এসেছিল বিউটিশিয়ান ঝুমা রানী সরকার। দারিদ্র্যের কারণে দশম শ্রেণীর পর পড়ালেখা বন্ধ করে দিতে হয় তাকে। কিশোরী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে ২০০৯ সালে ব্র্যাকের ঢাকা ট্রেনিং সেন্টার থেকে বিউটিশিয়ান ট্রেনিং গ্রহণ করে সে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সেও এখন একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা। ব্যবসার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঝুমা। সম্মেলনে রোকেয়া আফজাল রহমান, কানিজ আলমাস খান আর মুন্নি সাহাদের মতো সফল নারীদের সংস্পর্শে এসে তার আত্মবিশ্বাস বেড়ে গেছে আরও কয়েক গুণ। ঝুমা বলল, ‘বিউটিশিয়ান ঝুমা নামে মোহনগঞ্জে আমাকে সবাই চেনে, একদিন দেশের সব মানুষ না হলেও অন্তত বৃহত্তর ময়মনসিংহের সবাই একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে আমাকে চিনবে, এটাই আমার স্বপ্ন।’ কৃষ্ণা দে কক্সবাজার জেলার খুটাখালির একমাত্র বিউটি পার্লার ‘সাজ বিউটি পার্লার’-এর স্বত্বাধিকারী। প্রথমাবস্থায় বাড়িতেই কাজ শুরু করে সে। পরবর্তী সময়ে কাজের চাহিদা বেড়ে যাওয়ায় বাবার কাছ থেকে কিছু পুঁজি নিয়ে খুটাখালি বাজারে তার ছোট্ট ব্যবসা শুরু করেছে। ট্রাকচালক বাবা তাঁর পেশা ছেড়ে মেয়ের ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করছেন। কৃষ্ণার আয়ে বেশ ভালোভাবেই চলে যাচ্ছে সংসারের খরচ আর ছোট ভাইবোনদের লেখাপড়া। কৃষ্ণা বলে, ‘আমাকে নিয়ে আমার বাবার অনেক গর্ব, আমি সম্মেলনে আসব এই গল্প আমার বাবা গ্রামের সবার কাছে বলে বেড়িয়েছে। আমার পরিবারের কেউ কখনো এ ধরনের অনুষ্ঠানে আসেনি। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, ব্র্যাক আজ আমাকে এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছে, এ জন্য আমার পরিবারের সবাই অনেক কৃতজ্ঞ।’কোহিনুর, ঝুমা, কৃষ্ণার মতো উপস্থিত সব বিউটিশিয়ানের জীবনমান পাল্টে যাওয়া দেখে বিশ্বাস করি, কিশোর-কিশোরীরা যদি সুযোগ পায় তাহলে অনেক কিছু করে দেখাতে পারে। ২০০৭ সালে ২০ জন কিশোরীকে নিয়ে পরীক্ষামূলকভাবে বিউটিশিয়ান প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে ২০০৮-২০১১ পর্যন্ত মাঠ পর্যায়ের চাহিদার ভিত্তিতে আরও প্রায় ৫০০ জন কিশোরীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত অন্য কিশোরীদের মধ্যে দুজন কিশোরী মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে এবং ৩৭৫ জন কিশোরী বিভিন্ন পার্লারে বা নিজেদের বাড়িতে কাজ করছে। লেখক: কর্মসূচি ব্যবস্থাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি