বিশেষ বিশেষ সময় বিশেষ জনগোষ্ঠীর মধ্যে এক বিশেষ ধরনের প্রত্যাশা দেখা দেয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার আগে পূর্ব বাংলার বাঙালি মুসলমানদের মধ্যে একটি স্বশাসিত ভূখণ্ডের আকাঙ্ক্ষা দেখা দেয়। কিন্তু তাদের যা প্রাপ্তি ঘটে, তার সঙ্গে প্রত্যাশার ব্যবধান ছিল বিরাট। স্বশাসিত দেশ নয়, তারা পেল পশ্চিম পাকিস্তানের অবাঙালি রাজনীতিক ও সামরিক-বেসামরিক আমলাদের প্রায়-ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিপীড়ন।সেই অসহনীয় অবস্থা থেকে মুক্তির পথ খোঁজে ধর্ম-বর্ণনির্বিশেষে পূর্ব বাংলার মানুষ। তারা চেয়েছিল গণতন্ত্র। পাকিস্তান প্রতিষ্ঠার দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। ১৯৭০ সালে সেই নির্বাচনের আগে দেশের মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ প্রদেশে ও কেন্দ্রে সরকার গঠন করবে এবং পূর্ব বাংলার মানুষ অর্জন করবে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন। সে প্রত্যাশা পূরণ হলো না। তার পরিবর্তে বাংলার মানুষ পেল পাকিস্তানি সামরিক জান্তার বর্বর গণহত্যা। তখন স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম করা ছাড়া এ দেশের মানুষের আর কোনো বিকল্প রইল না।সীমাহীন রক্তের বিনিময়ে অর্জিত হলো স্বাধীনতা। কিন্তু কষ্টার্জিত সেই স্বাধীনতার কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তার কতটা পূরণ হয়েছে গত চার দশকে—সে প্রশ্ন যেকোনো সাধারণ মানুষের মনে জাগা স্বাভাবিক। দেশবাসীর প্রাপ্তি ঘটেছে নিঃসন্দেহে। কিন্তু প্রত্যাশার সঙ্গে সে প্রাপ্তির দূরত্ব খুব বেশি।পাকিস্তানি শাসকেরা শুরুতেই আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়েই প্রথমে স্বাধিকার, তারপর পূর্ণ স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করতে হয়। যে দলের নেতৃত্বে স্বাধীনতা আসে তার নীতি, আদর্শ ও প্রতিশ্রুতি ছিল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার। বাহাত্তরে গৃহীত সংবিধানের অন্যতম মূলনীতি ছিল ‘গণতন্ত্র’। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, চার মূলনীতির মধ্যে ‘গণতন্ত্র’ তৃতীয় স্থানে। যার স্থান হওয়ার কথা এক নম্বরে। গণতন্ত্রের আগে জায়গা দেওয়া হয়েছিল ‘জাতীয়তাবাদ’ ও ‘সমাজতন্ত্র’কে। সবশেষে চতুর্থ স্থানে ‘ধর্মনিরপেক্ষতা’।আমাদের রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকেরা একটু চিন্তা করলেই আমাদের শাসকদের মনের গড়নটি উপলব্ধি করতে পারবেন। তাঁদের অন্তর গণতন্ত্রকে অগ্রাধিকার দেয় না। দেয় না বলেই গণতন্ত্রের আগে তাঁরা জায়গা দিলেন জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে। এ দুটি শব্দ মূলনীতিতে না থাকলে কোনো ক্ষতিই ছিল না। একটি জাতিরাষ্ট্রের মানুষ তো জাতীয়তাবাদী হবেই। কামাল আতাতুর্ক তুরস্কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাঁর কথিত ‘কামালবাদ’-এর ছয়টি নীতি-আদর্শের মধ্যে ছিল: গণতন্ত্র, প্রজাতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এতাতবাদ বা রাষ্ট্রায়ত্তবাদ ও সংস্কারবাদ। মোল্লা ও সাম্রাজ্যবাদীদের হাত থেকে দেশকে উদ্ধার করতে ওই নীতিগুলো অপ্রাসঙ্গিক ছিল না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ছিল ভিন্ন। এখানে গণতন্ত্রই সবার আগে দরকার। গণতন্ত্র থাকলেই জাতীয়তাবাদী চেতনা থাকে এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হতে পারে।বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন বিশ্ব-পরিস্থিতি ছিল ভিন্ন। পরাশক্তি ছিল দুটি। পৃথিবী বিভক্ত ছিল পুঁজিবাদী ও সমাজবাদী শিবিরে। নতুন স্বাধীন দেশগুলোর মানুষের চোখে ছিল হয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন অথবা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন। ষাটের দশকে বাংলার শ্রমজীবী মানুষের মধ্যে শুধু নয়, মধ্যশ্রেণীর একটি বড় অংশের মধ্যেও সমাজতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তীব্র ছিল। সে কারণেই গণতান্ত্রিক দল আওয়ামী লীগ সংবিধানে সমাজতন্ত্রের কথা উল্লেখ করতে বাধ্য হয়। কিন্তু সত্যিকারের সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার উদ্যোগ না নিয়ে সরকার ভারী শিল্পকারখানা ব্যাংক-বিমা প্রভৃতি রাষ্ট্রায়ত্ত করে। তাতে সমাজতন্ত্র নয়, রাষ্ট্রীয় পুঁজিবাদের সৃষ্টি হলো। জনগণের একটি প্রধান প্রত্যাশা প্রথমেই চূর্ণ হয়ে যায়।মার্কসবাদী বিপ্লবী সরকার ছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে না—তা বোঝার ক্ষমতা বাংলাদেশের সামান্য সচেতন মানুষেরই ছিল। সে জন্য স্বাধীনতার পর মানুষ সমাজতন্ত্রের প্রত্যাশা বাদ দেয়। কিন্তু গণতন্ত্রের প্রত্যাশাটা ছেড়ে দেয়নি।’৭৩-এর প্রথম সাধারণ নির্বাচনে মানুষের ইচ্ছার পূর্ণ প্রতিফলন ঘটেনি। পাকিস্তান আমলে বাঙালি রাজনীতিকেরা আন্দোলন করেছেন ‘অবাধ নিরপেক্ষ নির্বাচনের’ জন্য। স্বাধীন দেশের প্রথম নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ ছিল না। ভয়ভীতি প্রদর্শন ও কারচুপির মতো ঘটনাও ঘটে। অনেক প্রার্থী ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত হন। বিরোধী দলের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছিল। ফলে সংসদ ছিল প্রায়-বিরোধী দলশূন্য। বলা যায়, এক ধরনের একদলীয় নির্বাচিত সরকার। বস্তুত সংসদীয় একনায়কত্ব।ওই অবস্থাটিও জনগণ মেনে নিয়েছিল। কিন্তু ওই সংসদেই সংবিধানের চতুর্থ সংশোধনী পাস হয়। সব দল নিষিদ্ধ করে যে একদলীয় শাসন প্রবর্তিত হয়, তা ছিল জনগণের বহুকালের লালিত প্রত্যাশার ওপর প্রচণ্ড আঘাত। সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত পদ্ধতি প্রবর্তিত হলো। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সংসদের মেয়াদও বাড়ানো হলো। রাষ্ট্রপতিকে দেওয়া হলো সীমাহীন ক্ষমতা, অনেকটা রাজতন্ত্র প্রতিষ্ঠার অবস্থা। তাতে জনগণের মধ্যে শুধু ক্ষোভ নয়, দেখা দেয় গভীর হতাশা। সেই ক্ষোভ ও হতাশার সুযোগ ব্যবহার করে ’৭৫-এর ঘাতকেরা। সবচেয়ে বেদনাদায়ক যা, তা হলো, বঙ্গবন্ধুর মর্মান্তিক মৃত্যুর পরও দলের ভেতর থেকে কোনো প্রতিবাদ হলো না: দলীয় ঘনিষ্ঠ সহকর্মীদের ক্ল্যাসিক বিশ্বাসঘাতকতা। তার কারণ ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিল সেনা কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগেরই একটি অংশ। তারাই সুবিধাভোগী। শুরু হয় বাংলাদেশের রাজনীতিতে নীতি-আদর্শের পরিবর্তে সুবিধাবাদের রাজনীতি।বাংলাদেশের মানুষ ১৯৫৮ সাল থেকে সামরিক শাসনকে ঘৃণা করে এসেছে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন হয়। ৪৩ মাস পরই তাদের জীবনে আবার নেমে আসে সামরিক শাসনের অভিশাপ। যেকোনো সামরিক শাসকের মতো আমাদের সামরিক শাসকেরাও দোহাই দিলেন যে দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণেই তাঁরা দেশের শাসনভার গ্রহণ করতে বাধ্য হয়েছেন। দেশকে রক্ষা করতেই তাঁরা এসেছেন। বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছা তাঁদের আদৌ নেই। অবিলম্বে নির্বাচন দিয়ে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাঁরা ব্যারাকে ফিরে যাবেন। কিন্তু ক্ষমতার স্বাদ পেলে ব্যারাকে কেন, নিজের বাড়িতেও কেউ ফিরে যায় না। নির্বাচন দিয়ে জিয়াউর রহমান সামরিক শাসক থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হলেন। তারপর দেন তিনি জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৯ সালে। বাংলাদেশে সিভিল ও মিলিটারির মিলিত শাসন প্রবর্তিত হয়। আমাদের রাজনীতিকেরা তাতে অখুশি ছিলেন না।সত্তর ও আশির দশকে বাংলাদেশে কয়েকটি রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটলেও তা ছিল এক ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়ার উপায় মাত্র। ওই পদ্ধতিতে প্রধানমন্ত্রী ও সংসদ ছিল রাষ্ট্রপতির আজ্ঞাবহ। তা সত্ত্বেও যতটুকু কাজ দ্বিতীয় ও তৃতীয় সংসদ করতে পারত, তাও করেনি। জিয়া-এরশাদ একনায়ক হিসেবেই দেশ পরিচালনা করেছেন। রাষ্ট্রপতি আবদুস সাত্তারের সময়টি ছিল সংক্ষিপ্ত।বাংলাদেশে চার দশকের রাজনীতি বিচিত্র ঘটনা ও দুর্ঘটনায় পরিপূর্ণ। অসামরিক একনায়কত্ব, সামরিক একনায়কত্বের দুঃশাসন, আধাসামরিক অপশাসন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের শাসন প্রভৃতি। কোনো সরকারই জনগণের প্রত্যাশা পূরণে সাধ্যমতো চেষ্টা করেনি। তার অর্থ এই নয় যে দেশ কিছুই অর্জন করেনি। যে জেনারেল এরশাদ রাজনীতিকে একটি তামাশার জিনিসে পরিণত করেন, প্রচলিত মূল্যবোধকে ধ্বংস করে দেন, তাঁর সময়ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, পোশাকশিল্প বিকশিত হয়েছে, অবকাঠামোর উন্নতি হয়েছে।সত্তরের দশকের শেষ দিক থেকেই সরকারি ও বেসরকারি সংস্থা বা এনজিওগুলোর মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য অনেক পরিমাণে কমে এসেছে। শিক্ষার হার বেড়েছে। নারীশিক্ষার ক্ষেত্রে অসামান্য অগ্রগতি হয়েছে। গত ২৫ বছরে নারীর রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বলিষ্ঠভাবে অংশগ্রহণ বেড়েছে।রাজনীতির একটি প্রধান লক্ষ্য জনগণের জীবনযাত্রার মান বাড়ানো। আধুনিক রাষ্ট্রের রাজনীতি অর্থনীতিকে বাদ দিয়ে হয় না। খুব খারাপ ধরনের রাজনীতির আবর্তে থেকেও গত সাড়ে তিন দশকে দারিদ্র্যের হার ৬০ থেকে ৪০ শতাংশের নিচে নেমেছে। মা ও শিশুমৃত্যুর হার কমেছে। স্বাধীনতার আগে নদ-নদীতে পানি ছিল, কিন্তু মানুষের বাড়িতে টিউবওয়েল ছিল না। গত তিন দশকে বিশুদ্ধ পানির অভাব অনেকটা দূর হয়েছে।আমাদের আমদানিনির্ভর দেশ। তা সত্ত্বেও গত ৩৮ বছরে রপ্তানি বেড়েছে ৩০ গুণ। যদিও পাট ও পাটশিল্পের সর্বনাশ ঘটানো হয়েছে। ধান-গমসহ কৃষি উৎপাদন বেড়েছে কয়েক গুণ। রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস হয়ে গেলেও ব্যক্তির উদ্যোগে গড়ে উঠেছে শিল্পকারখানা। জনগণের গড় আয় ও আয়ু বেড়েছে। বহু নতুন নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। যদিও উচ্চশিক্ষার মান সবচেয়ে নিচে নেমে গেছে। মধ্যপ্রাচ্যে ব্যাপক জনশক্তি রপ্তানির ফল শুভ এবং অশুভ দুই-ই হয়েছে: সেখান থেকে ডলার-দিনার-রিয়াল যেমন এসেছে, তেমনি মৌলবাদী ভাবধারাও এসেছে। তা সত্ত্বেও নারী-স্বাধীনতা রোধ করা সম্ভব হয়নি। যা হোক, শাসকশ্রেণী ও দাতাদের ভাষায় বলতে গেলে আগামী আট-দশ বছরের মধ্যে বাংলাদেশ একটি ‘মধ্যম আয়ের দেশ’ হয়ে উঠবে। কিন্তু একটি মধ্যম আয়ের দেশ হওয়ার জন্যই একটি প্রাচীন সভ্য জাতি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে না। বিশাল প্রত্যাশা ও সুন্দর স্বপ্ন না থাকলে স্বাধীনতার জন্য মানুষ অকাতরে রক্ত দেয় না এবং ত্যাগ স্বীকার করে না।আমাদের ভূখণ্ড ছোট, জনসংখ্যা বেশি এবং তা ক্রমবর্ধমান। একাত্তরের আগের বছরগুলোয় স্বাধিকার আন্দোলনে দেশের নিম্ন-মধ্যশ্রেণীর মানুষই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। রাজপথের বিক্ষোভে নিহত বা শহীদদের তালিকার দিকে তাকালে দেখা যাবে, সেখানে উচ্চশ্রেণীর মানুষ নেই—সবই নিম্ন ও মধ্যশ্রেণীর মানুষ। মুক্তিযুদ্ধে যাঁরা সক্রিয় অংশ নিয়েছিলেন, তাঁদের অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত। তাঁরা পাকিস্তান আমলে বেকারত্বের অভিশাপ ভোগ করেছেন। তাঁরা আশা করেছিলেন, স্বাধীনতার পর কাজ পাবেন এবং পাবেন বাঁচার মতো মজুরি। কিন্তু স্বাধীনতার পরবর্তী ৩৯ বছরে জনসংখ্যাও বেড়েছে, বেকারত্বও বেড়েছে।মানবসম্পদ তৈরিতে রাজনৈতিক সংগঠনগুলো কোনো ভূমিকা পালন করেনি। তারা তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে কর্মী জোগাড় করেছে সাধারণ বেকার যুবকদের ভেতর থেকে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতদের থেকে তো বটেই। দল ক্ষমতায় গেলে তারা তাদের প্রতিশ্রুতিমতো কাজ দিতে পারেনি। তখন তাদের কর্মীরা অনেকটা বাধ্য হয়ে জীবিকার জন্য টেন্ডারবাজি, ভর্তিবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন। নানা রকম দুর্বৃত্তপনার মাধ্যমে টাকা উপার্জন করেছেন। তা করতে গিয়ে তাঁরা পূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়েছেন নেতাদের।রাজনৈতিক দল ছাড়া সংসদীয় গণতন্ত্র অচল। দেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক দলের নেতৃত্বে। পুরোনো দলের সঙ্গে নতুন দলও সৃষ্টি হয়েছে। সেসব দলের দ্বারা চার দশকে একটি বিশেষ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে প্রভাবিত করেছে। প্রধান দলগুলোর সামাজিক ভিত্তি কী, তা একটি বড় প্রশ্ন। স্বাধীন বাংলাদেশে ভূস্বামী, বিত্তবান, ব্যবসায়ী, আইনজীবী ও অবসরপ্রাপ্ত আমলাদের মধ্য থেকেই রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠেছে। দলীয় নেতাদের চারিত্রিক বৈশিষ্ট্য রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিফলিত হয়ে থাকে।রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং বহুকালের সামাজিক পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়। ব্রিটিশ আমলেও অভিজাত ও বিত্তবানেরাই রাজনীতিতে আসতেন। আশির দশক থেকে পেশিশক্তির অধিকারী মানুষ এবং একশ্রেণীর দুর্বৃত্ত রাজনীতিতে আসছে অতি দ্রুত বিত্তবান হওয়ার আশায়। ফলে রাজনীতি হয়ে গেছে দুর্বৃত্তায়িত। দুর্নীতি বেড়েছে সীমাহীন।১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছে, কিন্তু রাজনীতি ও সমাজে ঔপনিবেশিক মানসিকতা আগের মতোই রয়ে গেছে। ১৯৫০ সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে, কিন্তু সমাজ ও রাজনৈতিক সংস্কৃতিতে থেকে গেছে সামন্তবাদী মানসিকতা। সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় পশ্চিমের আধুনিক চিন্তাধারা বাংলাদেশের সমাজে প্রবেশ করেছে, কিন্তু তাতে রক্ষণশীলতা দূর হয়নি। ধর্মীয় গোঁড়ামি, নাগরিক মূল্যবোধ ও গ্রাম্য ভাবাবেগ একই সঙ্গে রয়ে গেছে।উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে ক্ষমতা ধরে রাখার প্রবণতা প্রবল বলেই নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না কোনো দলেই। সেটা শীর্ষ পর্যায়েই হোক বা স্থানীয় পর্যায়েই হোক। নেতা মারা গেলে তাঁর স্ত্রী, পুত্র-কন্যা, ভাই বা নাতি-নাতনি তাঁর স্থান অধিকার করেন জনগণের ওপর কর্তৃত্ব অব্যাহত রাখতে। যোগ্য প্রার্থী পরাজিত হন প্রয়াত নেতার অযোগ্য এক উত্তরাধিকারীর কাছে। মেধার চেয়ে আধিপত্যবাদী পরম্পরা (hierarchy) প্রাধান্য পাচ্ছে।উপমহাদেশের রাজনীতিতে ধর্ম শুরু থেকেই ছিল। কংগ্রেসে ছিল, মুসলিম লীগ বা হিন্দু মহাসভায় তো ছিলই। জামায়াতে ইসলামী, নেজাম-ই-ইসলাম তো সম্পূর্ণ ধর্মপন্থী ধর্মীয় মৌলবাদী দল। মুক্তিযুদ্ধ-পরবর্তী সাড়ে তিন বছর রাজনীতিতে ধর্মের ব্যবহার ছিল ন্যূনতম। পঁচাত্তর-পরবর্তী রাজনীতির প্রধান উপাদানই ধর্ম। ধর্ম বললে ভুল হবে—ধর্মের অপব্যবহার। আরও পরিষ্কার করে বলতে গেলে, ধর্মীয় সাম্প্রদায়িকতা। বর্তমান শতাব্দীর শুরুতে তাতে যোগ হয় ইসলামি জঙ্গি তৎপরতা।সামরিক শাসকদের জনগণের সঙ্গে আগে থেকে সম্পর্ক না থাকায় তাঁরা সংখ্যাগরিষ্ঠ জনগণের মন জয় করতে নানা কৌশল গ্রহণ করেন। একজন মানুষও চাইল না, কিন্তু জিয়াউর রহমান স্বপ্রণোদিত হয়ে নিষ্প্রয়োজনে সংবিধানের মাথায় যোগ করলেন ‘বিসমিল্লাহ’। কোনো জায়গা থেকে কোনো রকম দাবি উঠল না, কিন্তু জেনারেল এরশাদ অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম করেন। তা তিনি করেন শুধু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে বেশি সমর্থন ও সাহায্য পাওয়ার আশায়ই নয়, রক্ষণশীল মুসলমানদের মন জয় করতে। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-আদিবাসীদের সমন্বয়ী সংস্কৃতির দেশ বাংলাদেশ রাতারাতি ইসলামি দেশ হয়ে গেল।আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী দল। বিএনপি-জাতীয় পার্টি মুসলিম জাতীয়তাবাদী অর্থাৎ সাম্প্রদায়িক। প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতা থেকে বাংলাদেশে ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ প্রথার জন্ম। নয়টি সংসদের মধ্যে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ’৯১ ও ’৯৬ সালের নির্বাচন খুবই নিরপেক্ষ হওয়া সত্ত্বেও পরাজিত দল অভিযোগ করেছে যে তাতে ‘সূক্ষ্ম কারচুপি’ হয়েছে। ২০০১ ও ২০০৮ সালের পরাজিত পক্ষ যথাক্রমে বিএনপি ও আওয়ামী লীগ বড় কারচুপির অভিযোগ তোলে। সাধারণ মানুষ সেসব অভিযোগ বিশ্বাস করে না।নয়টি সংসদ নির্বাচনের মধ্যে ১৯৮৮ ও ’৯৬-এর ফেব্রুয়ারির নির্বাচন দুটি ছিল প্রহসনের নির্বাচন। অন্য সব সংসদে, শুধু প্রথমটি ছাড়া, বিরোধী দলের উপস্থিতি ভালোই ছিল। কিন্তু বিরোধী দল সংসদকে কখনো গুরুত্ব দেয়নি। তারা রাজপথকেই রাজনীতি করার উপযুক্ত জায়গা মনে করেছে। তাতে প্রতিষ্ঠিত হয় হরতাল-অবরোধ করে জনজীবন দুর্বিষহ করার অপসংস্কৃতি। এখনো বিপুল সংখ্যাগরিষ্ঠ সরকারি দল সংসদে, কিন্তু প্রায়ই কোরাম হয় না। তার কারণ, রাষ্ট্রীয় কাজে এবং জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে জনপ্রতিনিধিদের অনাগ্রহ। সংসদের পদ তাঁরা ব্যবহার করেন নিজের স্বার্থ উদ্ধারের কাজে। সাংসদেরা এখন স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এলাকার ও দেশের সবকিছুর খবরদারির দায়িত্ব নিয়েছেন। তাই বলা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নয়—এমপিতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।বাহাত্তর থেকে দেশ শাসন করেছেন প্রধানত পাঁচজন সরকারপ্রধান: বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। দেশের জন্য তাঁরা প্রত্যেকেই বহু ভালো কাজ করেছেন। কিন্তু তাঁদের মধ্যে ছিল একটি অভিন্ন প্রবণতা: তাঁরা প্রত্যেকেই তাঁদের শাসনকাল চিরস্থায়ী করতে চেয়েছেন। এরশাদ ছাড়া আর চারজনই ছিলেন জনপ্রিয় নেতা। জনগণই তাঁদের ক্ষমতায় দেখতে চাইত। তাঁদের নিজেদের ক্ষমতার মোহ জনগণ ভালো চোখে দেখেনি। গণতন্ত্র বিকাশে তা সহায়কও নয়। নানা ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে জাতি ৩৯ বছর অতিক্রম করেছে। জাতির দুর্দশার জন্য নেতৃত্বের অদূরদর্শিতাই দায়ী। একটি আত্মমর্যাদাবোধসম্পন্ন জাতি ও শক্ত গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।রবীন্দ্রনাথ তাঁর একটি লেখায় ৯০ বছর আগে বলেছিলেন, জাতির মধ্যে একটি মহৎ ভাবের জন্ম না হলে সে জাতি বিকাশ লাভ করতে পারে না। তিনি বলেছেন, ‘কেবল আঘাত পাইয়া, ক্ষুব্ধ হইয়া, অভিমান করিয়া, কোনো জাতি বড় হইতে, জয়ী হইতে পারে না।’ সব মানুষের ‘চিত্তে একটা অভিন্ন ভাব চাই’। তাঁর ভাষায় তা ‘মহৎভাবের অমৃত রস’। বাঙালি জাতির মধ্যে ‘ভাবের বন্যা নামে, [তা] বালুর মধ্যে লুকিয়ে যায়’, বলেছিলেন রবীন্দ্রনাথ। একাত্তরে একটি মহৎভাবের সৃষ্টি হয়েছিল। ৩৯ বছরে সেই ভাবের বন্যা লুকিয়ে গেছে। আর কোনো নতুন ভাবের জন্ম না হলে সেদিনের প্রত্যাশাগুলো অপূর্ণই থেকে যাবে। সৈয়দ আবুল মকসুদ: লেখক, প্রাবন্ধিক, চিন্তক