স্বপ্ন ছুঁতে তান্নির পথ চলা
শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে স্বপ্নকে ছুঁতে পথ চলছে তান্নি আক্তার। জন্মের পরপরই অসুস্থ্যতা তার স্বাভাবিক চলার শক্তি কেড়ে নিয়েছে। কিন্তু তাতে দমেনি সে। একটি সচল পা আর একটি অর্ধসচল হাত নিয়েই সে নেমেছে স্বপ্ন ছোঁয়ার যুদ্ধে। সম্প্রতি ব্র্যাকের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্য স্বাভাবিক শিশুর সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার ছিনিয়ে নিয়েছে তান্নি।মেয়েটির বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামে। তার বাবা দিনমজুর আলা মিয়া। শিশুটিকে নিয়ে কী করবেন ভেবে কূল পাচ্ছিলেন তান্নির বাবা-মা। পরে একদিন তাঁরা তাকে ব্র্যাক শিক্ষা কর্মসূচির কালাপুর প্রি-প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন। পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের এ রকম স্কুলে পড়ানো হয়। এখান থেকে পরে এই শিক্ষার্থীরা কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে। তান্নি তাদের মতই একজন। এবার তার বয়স ছয় হয়েছে। সেও প্রাথমিক বিদ্যালয়ে যাবে। কিন্তু সে তো অন্যদের চেয়ে আলাদা। তান্নির মা সাফিয়া আক্তার জানান, জন্মের পরপরই দেখা গেছে তান্নি হাত পা নাড়তে পারে না। স্থানীয় বিভিন্ন চিকিত্সকের কাছে তাঁরা ছুটেছেন। বিভিন্ন হাসপাতালেও গেছেন। চিকিত্সকেরা বলেছেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা আর হয়নি। তার ডান হাত সম্পূর্ণ এবং ডান পা ও বাঁ-হাত আংশিক অচলই থেকে যায়। ডান হাতটা দিনদিন আরও চিকন হয়ে যাচ্ছে। সম্পূর্ণ সচল বলতে আছে একমাত্র বাঁ-পা। আর্থিক অবস্থা খারাপ থাকায় তাঁদের পক্ষে ভালো চিকিত্সা করানো কখনোই সম্ভব হয়নি। সাফিয়া আক্তার বলেন, ‘ও এখন বাঁ-হাত দিয়ে কোনোমতে লেখাপড়া করতে পারে। আমরা চাই ওর ভালো চিকিত্সা হোক। লেখাপড়া করে নিজের মতো বাঁচুক।’ কালাপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষিকা তোফা আক্তার জানান, সে খুবই চালু মেয়ে। যেটা শেখানো যায়, খুব মনযোগ দিয়ে সে তা শিখে নেয়। তিনি আরও জানান, সে বাঁ-পায়ের সহায়তায় অর্ধসচল বাঁ-হাত দিয়ে ছবি আঁকে, লেখাপড়া করে। এদিকে তান্নি স্বপ্ন দেখে চিকিত্সক হওয়ার। মানুষের কাজে লাগার।