স্বপ্ন তাদের আকাশ ছোঁয়ার
একঝাঁক কিশোর। চোখে অপার স্বপ্ন বড়। ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্নের সারথি ক্লেমন ক্রীড়া উন্নয়ন কর্মসূচি। কক্সবাজার ঘুরে এসে লিখেছেন রাজীব হাসাননাম ‘ব্যাটিং টি’। ব্যাট করতে করতে চা খাওয়ার কোনো সম্পর্ক কিন্তু এর সঙ্গে নেই। ক্রিকেট অনুশীলনের জন্য ক্লেমন ক্রীড়া উন্নয়ন কর্মসূচির এ এক অভিনব আবিষ্কার। সেই ব্যাটিং টি-এর ওপর গুটিসুটি মেরে বসে আছে একটা টেনিস বল। বেশিক্ষণ আর নিশ্চিন্তে বসে থাকার সুখ নেই ওটার কপালে। একটু পরেই ধেয়ে আসবে ব্যাট। সেই ব্যাটধারীর নাম আবার খালেদ মাসুদ। বোঝাই যাচ্ছে, এই বল উড়ে গিয়ে পড়বে পাশের বঙ্গোপসাগরে!কক্সবাজারের লাবণী পয়েন্টে ততক্ষণে জমে গেছে উৎসুক জনতার ভিড়। ‘পাইলট পাইলট’ বলে উৎসাহের কোরাসও উঠল। কিন্তু খালেদ মাসুদ, ১৯৯৭ আইসিসি ট্রফির ফাইনালের শেষ ওভারে মার্টিন সুজিকে সপাটে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেটের লোকগাথার অংশ হয়ে আছেন যিনি, তাঁকে দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত। সামনের গোলপোস্টের মতো একটা জালে টানিয়ে রাখা বিভিন্ন পুরস্কারের ছবি। ব্যাট দিয়ে বল মেরে সেই ছবিগুলোতে লাগাতে পারলেই মিলবে পুরস্কার। সেখানে গাড়ি থেকে শুরু করে দু টাকার লজেন্সও আছে। একেকজন প্রতিযোগী পাবে তিনটি করে সুযোগ। অনেকেই চেষ্টা করে গেছে। এবার মাসুদের পালা।ব্যাট চালালেন। প্রথম দুটো বল উড়ে গিয়ে পড়ল বালুকাবেলায়। তিনবারে সই! গিয়ে লাগল লজেন্সে। সদ্য পাওয়া পুরস্কার মুখে পুরে স্বীকারোক্তির ঢঙেই মাসুদ বললেন, ‘নারে ভাই, এর চেয়ে ছক্কা মারা অনেক সহজ!’২৫-২৭ মার্চ কক্সবাজারে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনের ক্লেমন মেগা বিচ কার্নিভাল। উদ্দেশ্য ছিল—খেলার আনন্দে খেলা, নিখাদ বিনোদনের জন্য খেলার স্বাদ ফিরিয়ে আনা। এই হাসি-আনন্দের উৎসবের মাঝেই নিজেদের কাজ সম্পর্কে, বিশেষ করে ক্রিকেট নিয়ে প্রায় তিন বছর ধরে মাঠপর্যায়ে যেসব কাজ তারা করেছে, সে সম্পর্কে একটা ধারণা দেওয়া। ক্লেমন স্পোর্টস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে সিএসডিপি। কাজের পরিধি বিশালই বলতে হবে তাদের। ২০০৮-এর জুনে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছে সিএসডিপি। স্থানীয় স্কুল আর বিভিন্ন ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটারদের হাতে-কলমে শিখিয়েছে ‘প্রপার ক্রিকেট’।ক্রিকেটের সঠিক নিয়মকানুন ছোটবেলা থেকেই একজন ক্রিকেটারের জন্য জেনে রাখা কেন জরুরি, সে সম্পর্কে বলছিলেন সিএসডিপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রধান প্রশিক্ষক খালেদ মাসুদ, ‘আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের গড় বয়স কিন্তু ২২-২৩। আন্তর্জাতিক পর্যায়ে খেলতে আসার আগে এদের ক্রিকেটে হাতেখড়ি হয় পাড়া কিংবা স্কুল ক্রিকেট। কিন্তু দেখা যায়, সেখানে বেসিকটাই মানা হয় না। খেলা হয় টেনিস বলে। উইকেটের দৈর্ঘ্যও বেশির ভাগ সময় ২২ গজ থাকে না।’সেই সব ক্রিকেটারের শুধু ক্রিকেটের নিয়মকানুন হাতে-কলমে শেখানোই নয়, সিএসডিপি পরিচয় করিয়ে দিচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গেও। ভাবুন তো নোয়াখালীর মতো মফস্বল একটি শহরের ১৬-১৭ বছর বয়সীরা ব্যাট করছে বোলিং মেশিনের সামনে! যেখানে আমাদের প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কাছেই নেই এই মেশিন।শুধু বোলিং মেশিন নয়; পেসারের গতি মাপার অত্যাধুনিক বল, উপড়ে মাটিতে পড়ে যায় না এমন ‘স্প্রিং’ স্টাম্প, বল ইচ্ছেমতো উচ্চতায় রেখে শট অনুশীলনের জন্য ব্যাটিং টি, সুইং অনুশীলনের জন্য বিশেষ বল, সিম ঠিক রাখার জন্য লাল-সাদা দোরঙা বল, রিফ্লেক্স বাড়ানোর জন্য ক্যাচ রি-অ্যাকটর বল; আছে ব্যাটিং টেকনিক তাত্ক্ষণিক ভিডিও বিশ্লেষণের ব্যবস্থা। কিছু সরঞ্জাম বিদেশ থেকে আনা। কিছু কিছু দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বানিয়েছে সিএসডিপি। বানানো হচ্ছে একটি কোচিং নির্দেশিকা। যেটি বিনামূল্যে বিতরণ করা হবে দেশের বিভিন্ন স্কুল আর ক্রিকেট একাডেমিতে।সিএসডিপির মূল উদ্যোক্তা, আকিজ গ্রুপের কর্ণধার সেখ জামিল উদ্দিন জানালেন, ‘আমরা যেসব সরঞ্জাম বানিয়েছি, এগুলো কম দামে বাজারে ছাড়ার পরিকল্পনা করছি। তা ছাড়া কেউ চাইলে আমরা এই সরঞ্জামগুলো বানানোর প্রক্রিয়াও তাদের জানাতে রাজি আছি। আর সবার মতো আমাদেরও লক্ষ্য একটাই, এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট।’স্বল্প এবং দীর্ঘ মেয়াদে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার খুদে ক্রিকেটারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএসডিপির কর্মকর্তা গোলাম কিবরিয়া। ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহীসহ মোট দশটি জেলায় নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকার চারটিসহ দেশজুড়ে প্রায় ১২টির মতো ক্রিকেট একাডেমি যৌথভাবে কাজ করছে সিএসডিপির সঙ্গে।দেশজুড়ে প্রতিভা বাছাই করে ২৫ জনের একটি দলকে নিয়ে গত ১০ থেকে ২৬ ডিসেম্বর বিকেএসপিতে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত কিন্তু প্রতিভাবান ক্রিকেটার বিশেষ অগ্রাধিকার পায় এসব প্রতিভা অন্বেষণে। সেখ জামিল জানিয়েছেন, ‘বিকেএসপির সঙ্গে সম্প্রতি আমাদের একটি চুক্তিও হয়েছে। এর ফলে আমরা দেশের প্রধান ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করতে পারব।’ভারতের কর্ণাটক ইনস্টিটিউট অব ক্রিকেটের (কেআইওসি) সঙ্গেও চুক্তি হয়েছে সিএসডিপির। প্রতিবছর ৫ জন ক্রিকেটার কেআইওসিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের একটি ক্রিকেট একাডেমির সঙ্গে কোচ আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন সিএসডিপির কর্মকর্তারা।সিএসডিপিতে প্রশিক্ষণ পাওয়া বেশ কজন ক্রিকেটার প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগে খেলছেন। তবে তাঁদের স্বপ্নটা যে আরও বড় সেটাই জানালেন সেখ জামিল, ‘আমাদের আপাতত লক্ষ্য তিন বছরের মধ্যে জাতীয় দলে অন্তত একজন ক্রিকেটার পৌঁছে দেওয়া।’পাশে দাঁড়ানো মাসুদ বেশ আত্মপ্রত্যয়ী ভঙ্গিতে মাথা নাড়লেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক্কা মেরেছেন যিনি, তাঁর কাছে ‘ইমপসিবল ইজ নাথিং’।