স্বপ্ন দেখি!!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি জানি, আমার কোনো অসাধারণ দক্ষতা নেই। না গণিতে, না কম্পিউটারে—কোনোটাতেই আমার কোনো অসাধারণ মেধা নেই। খুদে গণিতবিদ, মাঝারি গণিতবিদ, এমনকি বয়স্ক গণিতবিদও কখনো হতে পারব না। তবে আমি হতাশ নই। এর কারণ, আমি জানি আমার একটিমাত্র গুণ আছে, আর তা হলো স্বপ্ন দেখা এবং স্বপ্ন ও বাস্তবের মধ্যে মিল-অমিল খুঁজে হয় আনন্দিত হওয়া, নতুবা কষ্ট পাওয়া। আমার খুব রাগ হয়, যখন বায়োলজি, ফিজিকস বইয়ে ভিনদেশি কোনো বিজ্ঞানীর আবিষ্কারের কথা পড়ি। বইয়ে ভারতের সালিম আলী, হরগোবিন্দ খোরানা নামক বিজ্ঞানীর কথা লেখা আছে; তবে সেখানে বাংলাদেশের কোনো বিজ্ঞানীর কথা কেন লেখা থাকবে না? আমরা কি এতই ফেলনা যে আমাদের ক্রিকেট নিয়ে কটাক্ষ করবে, দারিদ্র্য নিয়ে কটাক্ষ করবে, এমনকি আমাদের সামর্থ্য নিয়ে কটাক্ষ করবে? এত সব অবহেলার পাত্র হয়ে থেকে আমার খুবই কষ্ট হয়। আর এই কষ্টকে প্রশমন করার জন্য আমি তখন আশ্রয় নিই প্রথম আলোর গণিত উত্সবের সংবাদ পড়ায়। আমার মনটা নিমিষেই ভালো হয়ে যায়। আমি এক বিশাল স্বপ্ন দেখি, আমার দেশ হাজার হাজার বিজ্ঞানীর জন্ম দিচ্ছে। হাজার হাজার গণিতবিদ, পদার্থবিদের জন্ম দিচ্ছে—আইনস্টাইনের মতো, ম্যাক্সওয়েলের মতো, স্টিফেন হকিংয়ের মতো। তখন আমাদের দেশকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে কেউ চিনবে না। চিনবে বিজ্ঞানীদের জন্মভূমি হিসেবে, গণিতবিদদের মাতৃভূমি হিসেবে, পদার্থবিদদের আবাসস্থল হিসেবে। গণিতের এক নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে—আরে, এ তো আমার দেশের ছেলের কাজ! কৃষ্ণগহ্বরের রহস্য উন্মোচন করেছে—আরে, এ তো আমার দেশের মেয়ে! আমি এই স্বপ্ন দেখি! আর আমাকে এই স্বপ্ন দেখতে সাহস জোগায় গণিত অলিম্পিয়াড। আমি এই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যাই, যখন সামিন রিসায়াত ও নাজিয়া চৌধুরী আইএমওতে ব্রোঞ্জপদক লাভ করেন। আমরা আইএমওতে স্বর্ণপদক জিতব, তখন আমি বলব, আরে, এ তো আমার দেশের সন্তান! এই সাধারণ বাংলাদেশের অতি সাধারণ আমি তখন এক অতি অসাধারণ দেশের সাধারণ নাগরিক হব। অতি অসাধারণ দেশের নাগরিক হিসেবে তখন আমি নাহয় ‘অতি’টা বাদ দিয়ে একটু সাধারণ হলামই, অতি অসাধারণ মানুষদের জন্মস্থলে আমারও যে জন্ম—এটাও কি কম?কাজী জান্নাতুল ফেরদৌসখুলনা।