স্বপ্ন দেখুন, তবে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের পরিধি সীমাহীন। কোনো দৈর্ঘ্যে স্বপ্নকে যায় না বাঁধা। বাংলাদেশের মানুষও স্বপ্ন দেখবে বলে দুচোখ বুজেছিল। ডুব দিয়েছিল বিশ্বকাপ-স্বপ্নে। কোয়ার্টার ফাইনাল—কারও স্বপ্ন থেমেছে এখানে, কেউ আরেকটু এগিয়ে দেখেছে সেমিফাইনাল। কারও কারও স্বপ্ন পূর্ণদৈর্ঘ্য পেয়ে চলে গেছে ফাইনাল পর্যন্ত।স্বপ্ন ভেঙে গেলে মানুষকে বাস্তবে ফিরতে হয়। আর বাস্তব বড় নির্মম। বাংলাদেশের স্বপ্নবাজ মানুষগুলোকে দাঁড়াতে হচ্ছে সেই নির্মম সত্যের মুখোমুখি। যেটি নিখাদ অঙ্ক—যোগ-বিয়োগ, গুণ-ভাগই মুখ্য। আবেগ-টাবেগ তুচ্ছ!কী বলে কঠিন সেই বাস্তব? বাংলাদেশের মানুষ কি সবচেয়ে কম দৈর্ঘ্যের ‘কোয়ার্টার ফাইনাল’ স্বপ্নটাই দেখতে পারছে এখন? ‘বি’ গ্রুপের পয়েন্ট সিঁড়ি আর দলগুলোর পারফরম্যান্সের যোগ-বিয়োগ মেলালে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল-স্বপ্নটা ধূসর হয়ে পড়েছে। আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে পর্যন্ত বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও হল্যান্ড খেলেছে ৩টি করে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, ভারত ও আয়ারল্যান্ড তিনটি করে। তিন ম্যাচে একটি মাত্র জয় নিয়ে ৭ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছয়ে। একমাত্র হল্যান্ডই বাংলাদেশের নিচে।আরও তিনটি ম্যাচ হাতে আছে। আয়ারল্যান্ড যেমন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, তেমন অঘটন ঘটতে পারে আরও। অঙ্কের হিসাব আর এসব সম্ভাবনার কথা ভেবে বাংলাদেশের মানুষের দেখা স্বপ্নটা এখনো উড়িয়ে দেওয়া যায় না। তবে বাস্তবতার বিষয়টি তো মাথায় রাখতেই হবে। বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিরই প্রতিপক্ষ পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ‘ছোট দল’ হল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে এবং গ্রুপে অপ্রত্যাশিত কিছু ঘটে এবং দেখা যায় তিনটি দলের ২টি করে জয়, তখন বাংলাদেশের সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে, আজ ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার ভালো সুযোগ তৈরি হতে পারে।এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রানরেট। তিনটি দলের পয়েন্ট সমান হলে কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে সে দলই, যাদের নেট রানরেট বেশি। আর এখন পর্যন্ত বাংলাদেশ ইংল্যান্ড-আয়ারল্যান্ডের চেয়ে নেট রানরেটে পিছিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে যাচ্ছেতাইভাবে হার বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে তাই বাংলাদেশকে হল্যান্ডের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। আর যদি নিতান্তই হারের মুখে পড়তেই হয়, তা যেন হয় কম ব্যবধানে। তা হলে দাঁড়াল কী? স্বপ্ন দেখতে মানা নেই, তবে স্বপ্ন দেখার আগে একটু হিসাব-নিকাশ করে নিলে মনে হয় ভালো! তাতে স্বপ্নভঙ্গের বেদনা একটু কম হবে!