স্বপ্ন নয়, প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার স্বপ্নগুলো হরেক রঙের। কিছু স্বপ্ন আমাকে নিয়ে, কিছু চারপাশকে নিয়ে। আর কিছু স্বপ্ন একেবারেই অন্য রকম; যেন বইয়ের একেকটা ছেঁড়া পাতা, হঠাত্ চলে আসে চোখের সামনে।কখনো কখনো এমন হয়—ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকার প্রস্তুতি নিয়ে বাইরে বের হই। কিন্তু কী অবাক ব্যাপার! হঠাত্ দেখি, রাস্তায় যানজট নামের ব্যাপারটাই নেই। সব গাড়ি স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে। ট্রাফিক সিগন্যালের কাছে গাড়িগুলো আসতেই দেখি অবাক কাণ্ড। হাতে লাঠি নিয়ে ইউনিফর্মপরা যে পরিচিত মুখ প্রতিদিন দেখি, আজ তিনি কোথাও নেই। শুধু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের সংকেত মেনে সুশৃঙ্খলভাবে চলছে গাড়িগুলো! সব রাস্তায়, সব মোড়ে একই কাণ্ড। কোথাও দেখলাম না, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দুজন চালক ঝগড়া করছেন। প্রতিদিন গাড়ি জ্যামে দাঁড়াতেই যে মানুষগুলো গাড়ির দরজায় টোকা দিয়ে বলে, ‘আপা, একটু সাহায্য করেন’, সেই মুখগুলোও আজ নেই।গন্তব্যে পৌঁছে দেখি, বাড়ি থেকে বেরোনোর পর মাত্র ১২ মিনিট পার হয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। অন্যদিন এই দূরত্ব পার হতে সময় লাগে কমপক্ষে ৪৮ মিনিট। খুশিমনে গাড়ির দরজা খুলে ফেলি নামব বলে। হঠাত্ শুনি, ড্রাইভারের গলা, ‘আপু, এইটা কী করেন? রাস্তার মাঝখানে দরজা খোলেন কেন!’ভালো করে তাকিয়ে দেখি, গাড়ি জ্যামে বসে আছে! বুঝলাম, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু, একে কি শুধুই স্বপ্ন বলা যায়? আমি আমার রাজধানীকে এই চেহারায় দেখতে চাই। স্বপ্নে নয়, বাস্তবে। বাস্তবেই দেখতে চাই, মাটির কাছের মানুষগুলো আর শীত-গ্রীষ্ম-বর্ষায় শুধু একটি গামছা গায়ে দিয়ে জমিতে যাবে না। দিনে আধপেটা খেয়ে তারা ১৫ কোটি মানুষের খাদ্য উত্পাদন করবে না। তারা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবে।আমি দেখতে চাই, গ্রামের বাজারে দুই টাকা কেজি দরে বেগুন বিক্রি করে চাষি শুনবে না, তার বেগুন রাজধানীতে ২০ টাকা কেজিতে বিক্রি হয়। সুদের টাকা পরিশোধ করতে গিয়ে আর কখনো তাকে সব হারিয়ে দিশেহারা হতে হবে না। এ কি অসম্ভব? আমার মন তো তা বলে না।রাস্তায় করোলা, এলিয়ন, প্রেমিও, ভক্সি, নোয়াহ, ক্লুজার—নামগুলো পড়তে পড়তে চোখ ক্লান্ত হয়ে যায়। আমি তখন দেখি চারপাশে সব গাড়ির গায়ে লেখা আছে স্বপ্ন, বাংলা, মাটি, আকাশ। এগুলো আমাদের তৈরি গাড়ির নাম। বাংলাদেশিদের হাতে বানানো গাড়ি। আমি বিশ্বাস করি, বাংলাদেশে এমন একদিন আসবে, যেদিন এ দেশ থেকে কম্পিউটার, টেলিভিশন বিদেশে রপ্তানি করা হবে। হূদয় থেকে বিশ্বাস করি, এমন দিন আসবেই।অস্কার-বিজয়ী চলচ্চিত্রগুলোর তালিকায় চোখ বোলাতে বোলাতে আমি আবিষ্কার করি বাংলাদেশি চলচ্চিত্রের নাম। টেলিভিশনে দেখি বিশ্বকাপ হাতে নিয়ে খেলোয়াড়দের উল্লাস। আমি সেখানে খেলোয়াড়দের গায়ে খুঁজে পাই বাংলাদেশ দলের জার্সি।একদিন এক উজ্জ্বল সকালে বাসা থেকে বের হয়েছি। চারদিকে সাজ সাজ রব। সবাই যেন ছুটে যাচ্ছে কোথায়! দেখে মনে হচ্ছে, আজ যেন কী এক বিশাল উত্সব। সবার সঙ্গে মিশে গেলাম। রাস্তায় শুধু মানুষ আর মানুষ। কোথায় যাচ্ছে সবাই?ধৈর্য ধরতে না পেরে হাঁটতে হাঁটতেই পাশের জনকে জিজ্ঞাসা করলাম, ‘সবাই কোথায় যাচ্ছে?’ লোকটি বিস্ময়ে হতবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। অবাক হয়ে বললেন, ‘তুমি কি এ দেশের মানুষ! জানো না, আজ আমরা জাতীয় লজ্জা থেকে মুক্ত হব। যে বোঝা এত দিন নিয়ে ঘুরেছি, ঘুরতে বাধ্য হয়েছি; আজ সে বোঝা নর্দমায় ফেলে দেব আমরা। আজ বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হবে।’কল্পনার চোখে দেখি, রাতের ঢাকার ফুটপাতে একটি মানুষও অসহায়ের মতো শুয়ে নেই। তারা ঠাঁই পেয়েছে পুনর্বাসনকেন্দ্রে। বাংলার সরকার তাদের এ সুযোগ করে দিয়েছে। তারা কুটিরশিল্পকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করছে। নিজেরা নিশ্চিত করতে পারছে সুন্দর জীবন।কল্পনার চোখে দেখি, সরকারি অফিসগুলোতে কেউ ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছে না, নেই কোনো তদবিরের ছড়াছড়ি, কোনো ফাইল আটকে থাকছে না ঘণ্টার পর ঘণ্টা। আর ‘বাঁ হাতের কাজ’ ব্যাপারটা ভুলে গেছে লোকেরা।প্রথমেই বলেছি, আমার এই স্বপ্নগুলো যেন বইয়ের একেকটা ছেঁড়া পাতা। আর এ পাতাগুলোকে বাঁধাই করেই হবে একটি বই—আমার বাংলাদেশ।আমার এই বাংলাদেশ একদিন বাস্তবে দেখা দেবেই। কারণ, এই বাংলাদেশ শুধু কল্পনা নয়, স্বপ্ন নয়—এ হলো প্রতিজ্ঞা। শুধু আমার নয়, আমাদের এই তরুণ প্রজন্মের সবার প্রতিজ্ঞা। আর আমরা হাজার হাজার তরুণ যে স্বপ্ন দেখি, প্রতিজ্ঞা করি, তা মিথ্যে হতে পারে না। কখনোই না।