স্বপ্ন পুড়ে গেল জসিমের
একমাত্র ছেলে নাজমুলকে ঢাকার কোনো স্কুলে পড়াতে চেয়েছিলেন বাহরাইনপ্রবাসী জসিম। তিনি স্বপ্ন দেখেছিলেন ছেলে উচ্চশিক্ষিত হবে। এই স্বপ্নের কথা বাহরাইন থেকে মুঠোফোনে জানিয়েছিলেন পরিবারকে। পরিবারও সেই স্বপ্নে বিভোর ছিল। কিন্তু এই স্বপ্ন দেখার এক দিনের মাথায় বাহরাইন থেকে খবর এল জসিম চলে গেছেন অন্য স্বপ্নের দেশে, না ফেরার দেশে। গতকাল শুক্রবার বিকেলে বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লাগে। সেই আগুনে পুড়ে গেছে জসিম, সেই সঙ্গে পুড়ে গেছে তাঁর ও পরিবারের স্বপ্ন। আজ জসিমের সেই স্বপ্ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামে বিলাপ করছে তাঁর পরিবারের সদস্যরা। তাঁর মা সাহানা বেগম (৬০) ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় জসিম ছাড়াও নবীনগরের আরও চারজন নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার গোয়ালী গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫) ও সাইফুল ইসলাম সুজন (২০), বীটঘর ইউনিয়নের ঘুড়িগ্রামের দিনমজুর আবুল বাশারের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) এবং নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ঝাড়ু মিয়া (৩৫)।আজ শনিবার বিকেলে সরেজমিনে এই প্রতিবেদক নবীনগরের গোয়ালী গ্রামে গিয়ে শুধু কান্নার শব্দ শুনতে পান। রাস্তায় যাঁদের দেখা পান, তাঁদেরও গন্তব্য নিহতদের বাড়ি। তাঁরা যাচ্ছেন নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে। জসিমের বোন মিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের কথা আমি কেমনে ভুলোম গো মা। তাঁরে ছাড়া কেমনে বাঁচোম।’ তিনি সাংবাদিকদের জানান, দুই ভাই এবং দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। গত বৃহস্পতিবার রাতে সর্বশেষ তাঁর সঙ্গে কথা হয় পরিবারের। তখন তিনি জানিয়েছিলেন, দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া একমাত্র ছেলে নাজমুলকে ঢাকায় পড়াবেন। যত টাকাই লাগুক ছেলেকে উচ্চশিক্ষিত করবেন তিনি। খোঁজ নিয়েছিলেন একমাত্র মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী নাদিয়ারও। তবে এখন সব স্বপ্নই শেষ। কে দেখবে তাঁর ছেলেমেয়েদের?গোয়ালী গ্রামের মৃত সহিদ মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৫৫) স্বপন মিয়া ও সাইফুল ইসলাম সুজন নামের দুই ছেলেকে হারিয়ে আজ বাকরুদ্ধ। দুই ছেলের ছবি বুকে নিয়ে বার বার শুধু বিলাপ করে বলছেন, ‘আমার পুলাডি আর নাই, আর নাই। আল্লাহ আমার একটা পুলারে দিয়া গেলে কী ক্ষতি হইত।’নিহত স্বপন ও সুজনের বড় ভাই সুমন মিয়া বলেন, তিনিও বাহরাইনে থাকতেন। সেখানে থাকা অবস্থায় বছর চারেক আগে স্বপনকে নিয়ে যান। পরে দেশে এসে দোকান ও দুইটি জমি বন্ধক দিয়ে এক মাস পাঁচ দিন আগে বাহরাইন পাঠান আদরের ছোট ভাই সুজনকে। ছোট দুই ভাই থাকতেন একসঙ্গে। কথা ছিল দেশে এসে নতুন ইটের ঘর তুলবেন তাঁরা। বিয়ে করাবেন স্বপনকে। নিহত মো. আনোয়ার হোসেন ও ঝাড়ু মিয়ার বাড়িতেও চলছে শোকের মাতম। বীটঘর ইউনিয়নের চেয়ারম্যান সোলেইমান ভূঁইয়া বলেন, বাহরাইন যাওয়া আনোয়ার হোসেনের বাবা দিনমজুর। বছর তিনেক আগে অনেক কষ্টে জমিজমা বন্ধক রেখে ছেলেকে বিদেশে পাঠান তিনি। কিন্তু একটি দুর্ঘটনা সব এলোমেলো করে দিল। খড়িয়ালা গ্রামের নিহত ঝাড়ু মিয়ার ভাই মজনু মিয়া জানান, দুই ছেলে ও দুই মেয়ের বাবা ঝাড়ু মিয়াকে চার লাখ টাকা দিয়ে বাহরাইনে পাঠানো হয়েছিল। কিন্তু এখন আমাদের সব স্বপ্নই অন্ধকারে।’