‘...যাই, বাবাকে লেখা চিঠিটা “প্রজন্ম চত্বর” ডাকঘরে দিয়ে আসি। ৪২ বছর ধরে যে চিঠি আমি লিখছি, আজ এত দিন পর এসে এই ডাকওয়ালা বলছে, পৌঁছে দেবে। ওরা সেই দায়িত্ব নিয়েছে।’ একজন অনলাইন অ্যাকটিভিস্ট তাঁর ফেসবুকের পাতায় এসব কথা লিখে শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর মতো আরও হাজারো তরুণ যোদ্ধা তাঁর আগের প্রজন্মের রেখে যাওয়া বাংলাদেশকে শাহবাগে খুঁজে পেয়েছেন। তাঁরা একসঙ্গে বেলুনের সঙ্গে চিঠিতে চিঠিতে উড়িয়েছেন ৪২ বছর ধরে জমে থাকা অব্যক্ত বেদনার কথা। জানিয়েছেন লাখো শহীদের উদ্দেশে না-বলা কষ্ট, প্রতিবাদ আর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা। গতকাল বুধবার শাহবাগের গণজাগরণ মঞ্চে যেন সেই একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধের সময়ের পটভূমি ফিরে এসেছিল। শত্রুর আক্রমণ আর অপপ্রচার জনতাকে থামাতে পারেনি। একাত্তরের লাখো শহীদ আর ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের দুই শহীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন এই প্রজন্মের যোদ্ধারা। একাত্তরের মতোই শাহবাগে এসে হাজির হয়েছিলেন অনেক আদিবাসীও। সংহতি জানাতে শাহবাগে চিঠি হাতে জড়ো হয়েছিলেন শিল্পী, লেখক, ভাস্কর, চিত্রকরসহ সবাই। নতুন প্রজন্মের যোদ্ধাদের প্রাণের মানুষ লেখক মুহম্মদ জাফর ইকবাল ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীও ছিলেন মঞ্চে। একাত্তরে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেওয়া পশ্চিমবঙ্গবাসীর পক্ষে কলকাতা থেকে সাইকেলে চড়ে সংহতি জানাতে এসেছিলেন ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের ২১ জন সদস্য। তাঁরা বেলুনের সঙ্গে চিঠি পাঠিয়ে আর মঞ্চে উঠে স্লোগানে স্লোগানে সংহতি জানিয়ে যেন সেই একাত্তরের সংহতিরই পুনরাবৃত্তি করলেন। ওই দলের প্রধান মিহির দাস জানালেন, নতুন প্রজন্মের যুদ্ধের সঙ্গেও তাঁরা আছেন, থাকবেন। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তাঁরা প্রজন্ম যোদ্ধাদের লড়াই দেখে গেলেন বলে জানালেন। ‘তুমি কে আমি কে বাঙালি-আদিবাসী’ স্লোগান দিতে দিতে জাগরণ মঞ্চে এসে যোগ দিয়েছিলেন অন্য অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। মিছিলের সঙ্গে আসা আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বললেন, একাত্তরের মতোই বাংলাদেশকে রাজাকার-যুদ্ধাপরাধীমুক্ত করার লড়াইয়ে বাঙালির সঙ্গে পাহাড়-সমতলের আদিবাসীরা থাকবে।অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তাঁর বাবা গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকীর দিনটিকে জাগরণ মঞ্চে পালন করতে এসেছিলেন। জানালেন, তাঁর বাবা বেঁচে থাকলে এই মঞ্চে এসে রাজাকারদের উদ্দেশে আবৃত্তি করা তাঁর প্রিয় কবিতা ‘বাংলা ছাড়’ পড়ে শোনাতেন। কণ্ঠশিল্পী সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, সুজিত মোস্তফা আর সুরকার আলাউদ্দিন আলীও এসেছিলেন সংহতি জানাতে। মঞ্চ থেকে বারবার মিছিল নিয়ে আসা আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়, ফেসবুক, ব্লগ আর বিভিন্ন গণমাধ্যমে জামায়াত-শিবিরের লোকেরা আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। একাত্তরের মতোই অপপ্রচারকে তারা আগ্নেয়াস্ত্রের মতোই আরেকটি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের মতোই ঐক্যের শক্তি দিয়ে ওই অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে। জনতাও হাত উঠিয়ে জানান দেন, তাঁরা ঐক্যের বাঁধনে অটুট আছেন। টানা ১৬ দিন ধরে চলা জাগরণ মঞ্চ গতকাল সকাল থেকেই মিছিল আর স্লোগানে জেগে ওঠে। ‘একাত্তরে তোমরা ছিলে, ২০১৩-তে আমরা আছি’, ‘শহীদদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। প্রাণ থেকে উঠে আসা এসব স্লোগানে সাড়া দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন। সবার হাতে ছিল বেলুন আর চিঠি। একাত্তরের চিঠি: বিকেল চারটায় স্লোগান ধরেন লাকী। ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জাগরণ মঞ্চের চারদিক। ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার চারটা ১৩ মিনিট বাজার ২০ সেকেন্ড আগে এক, দুই, তিন করে সময় গণনা শুরু করেন। ঠিক বেলা চারটা ১৩ মিনিটে আকাশের ঠিকানায় লেখা চিঠি উড়িয়ে দেন সবাই। একাত্তরের ১৬ ডিসেম্বর একই সময়ে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিল। মুক্তিযোদ্ধাদের রেখে যাওয়া স্বাধীন দেশকে এবার রাজাকার ও যুদ্ধাপরাধীমুক্ত করার শপথের চিঠিও ওড়ানো হয় একই সময়ে। ৪২ বছর ধরে জমাট বাঁধা প্রতিবাদগুলো প্রতিশোধের প্রত্যয় হয়ে চিঠিতে ঠাঁই পেয়েছিল। বর্ণমালায় সওয়ার হয়ে তারা আকাশে উড়ে যায়। মিলন পাঠান নামের এক ব্লগার তাঁর চিঠিতে লিখেছেন, ‘হে অগ্রজ, তোমার দেখিয়ে দেওয়া পথেই আমরা এগিয়ে যাচ্ছি অজানা পথ ধরে জানা গন্তব্যে। তোমার রক্তে রঞ্জিত বাংলায় আমরা আজ একতাবদ্ধ হয়েছি হায়েনাদের সমূলে উৎপাটন করতে। তুমি আকাশের তারা হয়ে দেখে নিও আমাদের উদ্যম।’হিমালয় থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জকিগঞ্জ থেকে জামালপুর—সবখানে, সব আকাশেই বেলুনের সঙ্গে উড়েছে চিঠি। উঠেছে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অপরাধীদের শাস্তি হিসেবে ফাঁসির দাবি। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার সোচ্চার উচ্চারণ। আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার চিন্তা: আন্দোলনকারীরা স্লোগান আর বক্তৃতায় ইঙ্গিতে জানিয়েছেন, আজ বেলা তিনটার মহাসমাবেশে এই আন্দোলনকে সারা দেশে আরও ছড়িয়ে দেওয়ার নতুন কর্মসূচি আসছে। ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, ‘মহাসমাবেশের পরও একাত্তর সালের সব মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রাজাকারদের ফাঁসিসহ ছয় দফা দাবিতে আন্দোলন চলবে। শাহবাগের অবস্থান কর্মসূচিকে কিছুটা সংক্ষিপ্ত করে আমরা এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’