স্বপ্ন ভেঙে গেলেও চেতনা লুপ্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় অফুরন্ত স্বপ্নভরা মন নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্য উদ্গ্রীব ছিলাম। বীরকন্যা প্রীতিলতার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বপ্ন দেখেছিলাম নারী-পুরুষের বৈষম্য দূর হবে স্বাধীন বাংলাদেশের। বাল্যকাল থেকে মুক্ত-উদার পারিবারিক প্রগতিশীল আদর্শের মধ্যে জীবনযাপন করেছি। কমিউনিস্ট আদর্শের প্রত্যক্ষ প্রভাব পড়েছে জীবনে-মননে। মুক্তিযুদ্ধের লক্ষ্য, আদর্শ, চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বপ্ন দেখেছিলাম স্বাধীন দেশে অন্ন-বস্ত্র-স্বাস্থ্য-শিক্ষা-বেঁচে থাকার নিশ্চয়তা পাবে সব মানুষ।স্বপ্ন দেখেছিলাম পাকিস্তানের ‘পারিবারিক আইন, ১৯৬১’ সংশোধিত হবে, বহুবিবাহ নিষিদ্ধ হবে, নারীর প্রতি পারিবারিক সহিংসতা বন্ধ হবে, সামাজিক-পারিবারিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বৈষম্য থেকে নারীসমাজ মুক্তি পাবে। দেশের স্বাধীনতা অর্জিত হলে নারীর স্বাধীনতা ও সব সম-অধিকার অর্জিত হবে—এই স্বপ্ন দেখেছিলাম। চল্লিশ বছর পার হয়েছে। স্বাধীনতার পর সংবিধানে যে মূলনীতি ও আদর্শ পেয়েছিলাম, তা বারবার অগণতান্ত্রিক-স্বৈরাচারী রাষ্ট্রীয় পদক্ষেপে বদলে গেছে। এখনো নারীকে মুক্তি ও সম-অধিকারের সংগ্রাম অব্যাহত রাখতে হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ চেয়েছিলাম। সাধারণ শ্রমজীবী মানুষ সেই লক্ষ্যে কাজ করেছে, এখনো করছে। কিন্তু রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় দুর্নীতির কারণে গরিষ্ঠসংখক মানুষ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নারীদের উত্ত্যক্তকরণসহ নানা মাত্রায় অপরাধ বাড়ছে। এভাবে মুক্তিযুদ্ধের স্বপ্ন ভেঙে যাচ্ছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজও কাজ করার প্রেরণা পাচ্ছি।