স্বপ্ন যখন বিমানবাহিনীতে যোগ দেওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ বাংলাদেশ বিমানবাহিনীর মূলমন্ত্র। আর এই মন্ত্রের ওপর ভিত্তি করে ১৯৭১ সাল থেকে বাংলাদেশের আকাশসীমাকে যেকোনো আক্রমণ থেকে রক্ষার জন্য কাজ করছে দেশের গৌরবোজ্জ্বল এই বাহিনী। শুধু যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে বাংলাদেশ বিমানবাহিনী তা নয়, বাংলাদেশের যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগসহ নানা উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগিতা করেও কুড়িয়েছে অনেক সুনাম। এই বিমানবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ এসেছে আবার।যাঁরা আকাশে ওড়ার স্বপ্ন দেখেন, তাঁরা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন।বাংলাদেশ বিমানবাহিনীর রিক্রুটমেন্ট পরিদপ্তরের উপপরিচালক উইং কমান্ডার ফকরুল আলম জানান, শুরুতে অল্পসংখ্যক কর্মকর্তা ও বিমানসেনা এবং মাত্র তিনটি বিমান নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই বাহিনীতে বিভিন্ন পদে কর্মরত আছেন প্রায় ১৪ হাজার সদস্য। আর আছে অনেকগুলো আধুনিক বিমান।প্রতিবছরের জানুয়ারি এবং জুলাই—এ দুই মাস বিমানবাহিনীর বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হয় নতুন ক্যাডেট। এরই ধারাবাহিকতায় কয়েকটি শাখায় ক্যাডেট নিয়োগের উদ্দেশ্যে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ফলে দেশসেবার এই পেশায় চাকরি লাভের সুযোগ পাচ্ছে আগ্রহী ও উদ্যমী তরুণ-তরুণীরা।যেসব পদে নিয়োগ চলছেবাংলাদেশ বিমানবাহিনীতে রয়েছে মোট ১১টি শাখা। এর মধ্যে বর্তমানে জেনারেল ডিউটিস (পাইলট), অ্যাডমিন, এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি), এয়ার ডিফেন্স ওয়েপন্স কন্ট্রোলার (এডিডব্লিউসি) এবং মেটিওরোলজি শাখায় ক্যাডেট নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া জেনারেল ডিউটিস (নেভিগেটর), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, শিক্ষা, লিগ্যাল ও অ্যাকাউন্টস শাখায় ক্যাডেট নিয়োগ দেওয়া হয়।পেশা হিসেবে যেমনবাংলাদেশ বিমানবাহিনীর কাজ সামাজিকভাবে মর্যাদা ও সম্মানের এক পেশা। ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ নানাবিধ জনকল্যাণকর কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার মধ্য দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এই বাহিনীর প্রতিটি সদস্য’, বললেন ফকরুল আলম। যাঁরা দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চান এবং সুশৃঙ্খল পেশাজীবন গড়তে চান তাঁদের জন্য বিমান বাহিনী এক বড় ক্ষেত্র। বৈমানিকেরা বিমানবাহিনীর নিজস্ব যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারে বৈমানিক হিসেবে আকাশে উড়তে পারেন।অন্য শাখার সদস্যরা নিজস্ব বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। বাহিনী থেকে পাওয়া নানা সুযোগ-সুবিধা, দেশের সেবা, বৈমানিক হওয়ার স্বপ্ন পূরণ, সর্বোপরি সুশৃঙ্খল জীবনযাপন, সামাজিক মর্যাদা বিবেচনায় বাংলাদেশ বিমানবাহিনী উজ্জ্বল ও নিশ্চিত পেশার ক্ষেত্র।আবেদনের যোগ্যতা: বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শামীম বলেন, এই বাহিনীতে পেশা গড়তে চাইলে আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক ও অন্যান্য কিছু যোগ্যতার অধিকারী হতে হয়। বর্তমানে যেসব শাখায় নিয়োগ চলছে (অ্যাডমিন ব্যতীত) সেসব শাখার জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আবেদনপ্রক্রিয়া, আবেদনপত্র সংগ্রহ, জমাসহ যোগ্যতার বিস্তারিত তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। এ ছাড়া বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র তেজগাঁও, ঢাকা এবং ইন্টারনেটে www.baf.mil.bd ঠিকানার ওয়েবসাইটেও তথ্য পাওয়া যাবে। মনে রাখবেন, আবেদনের শেষতারিখ: ২১ জানুয়ারি, ২০১০।নিয়োগপ্রক্রিয়ারিক্রুটমেন্ট পরিদপ্তরের উপপরিচালক জানান, নিয়োগপ্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো প্রাথমিক লিখিত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আন্তবাহিনী নির্বাচনী পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিত্সা পর্ষদের (সিএমবি) চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং সর্বশেষ ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক নির্বাচন। তিনি আরও জানান, একটি ধাপে উত্তীর্ণ হলেই কেবল ওই প্রার্থী পরবর্তী ধাপে অংশ নিতে পারবে। সিএফএসবিতে অংশ নেওয়ার আগে প্রার্থীদের নিরাপত্তা ছাড়পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। প্রাথমিক লিখিত পরীক্ষাপ্রার্থীদের প্রাথমিক লিখিত পরীক্ষা হবে দুটি ভাগে। এক. বুদ্ধিমত্তা যাচাই (আইকিউ), দুই. সাধারণ ইংরেজি। প্রথমেই প্রার্থীকে আইকিউ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা একই দিন ইংরেজি পরীক্ষায় অংশ নিতে পারবেন।আইকিউবুদ্ধিমত্তা যাচাই পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০টি প্রশ্নের জন্য সময় দেওয়া হয় ৬০ মিনিট। এই সময়ের মধ্যে ১০০টি প্রশ্নের উত্তর করতে হবে। আইকিউ পরীক্ষায় ছবিসহ প্রশ্ন, গাণিতিক যুক্তিসহ সাধারণ ধরনের প্রশ্ন হয়। স্কোয়াড্রন লিডার শামীম জানান, বাজারে আইকিউয়ের ওপর অনেক বই আছে, সেগুলো থেকে প্রার্থীরা পরীক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন।ইংরেজিইংরেজি পরীক্ষার প্রশ্নগুলো হয় বর্ণনামূলক। উত্তর দেওয়ার সময় থাকে এক ঘণ্টা। ১০০ নম্বরের প্রশ্নে সাত-আট ধরনের প্রশ্ন থাকে। মূলত এখানে ইংরেজি ব্যাকরণ ও কম্পোজিশন-ভিত্তিক প্রশ্ন হয়। এই পরীক্ষায় সাধারণত প্যাসেজ, অনুবাদ, কম্প্রিহেনশন, ফ্রেইজেস, ইডিয়মস, প্যারাগ্রাফ, বাক্য তৈরি, বাক্য শুদ্ধকরণ, বাক্য পরিবর্তন, টেবিল মেলানো, শূন্যস্থান পূরণ ইত্যাদি থাকে। মৌখিক পরীক্ষাস্কোয়াড্রন লিডার শামীম জানান, মৌখিক পরীক্ষায় প্রার্থীর ব্যক্তিত্ব, নিজেকে উপস্থাপন করা, জ্ঞানের পরিধি ইত্যাদি বিবেচনা করা হয়। এ ছাড়া এই পরীক্ষায় বাংলাদেশ, বাংলাদেশ বিমানবাহিনী এবং সাম্প্রতিক ঘটনাবলির ওপর প্রার্থীর জ্ঞান যাচাই করা হয়। তাই মৌখিক পরীক্ষায় টিকতে সাম্প্রতিক বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে।আইএসএসবিরিক্রুটমেন্ট পরিদপ্তর সূত্রে জানা যায়, আইএসএসবিতে সাধারণত প্রার্থীর মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা এবং শারীরিক দক্ষতা যাচাই করা হয়, যেখানে প্রার্থীর সাধারণ বুদ্ধিমত্তা, গাণিতিক যুক্তি, অর্থ অনুধাবন, বিচার ও বোধশক্তি এবং মৌখিক পরীক্ষাও হয়। প্রশিক্ষণক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদে নির্বাচিতরা বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে দুই বছর মেয়াদি প্রশিক্ষণে অংশ নেন। প্রথম ১০ সপ্তাহ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অন্য বাহিনীর ক্যাডেটদের সঙ্গে সম্মিলিত প্রশিক্ষণে অংশ নিতে হয়। পেশাবিষয়ক, শারীরিক, শৃঙ্খলা ও মানসিকভাবে বাহিনীর জন্য তৈরি করাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। তবে প্রশিক্ষণার্থী জিডি পাইলটদের বিমান উড্ডয়নের ওপর বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। সফলভাবে যাঁরা দুই বছরের প্রশিক্ষণ শেষ করবেন তাঁদের বিমানবাহিনীর পাইলট অফিসার হিসেবে কমিশন দেওয়া হয়, জানান উইং কমান্ডার ফকরুল আলম। বেতন ও পদোন্নতিসরকার কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য ভাতা পাবেন একজন পাইলট অফিসার। রয়েছে বাসস্থান, চিকিত্সা, রেশন, যাতায়াত ও পেনশন-সুবিধা। দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগও পাবেন।একজন বিমান কর্মকর্তা তাঁর মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পর্যন্ত হতে পারেন। পদোন্নতির সঙ্গে বাড়বে বেতনসহ অন্যান্য সুবিধা। বাংলাদেশ বিমানবাহিনী এক উজ্জ্বল নাম। আর এই বাহিনীর সদস্য হয়ে আপনি যেমন গৌরবের অংশীদার হতে পারেন, পারেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে। সঙ্গে নিশ্চিত ও উজ্জ্বল ভবিষ্যত্ তো থাকছেই।