স্বপ্ন যেন ব্যর্থ না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যে নতুন একটি বছর এল, সেই বছরটি হতে হবে সময়ের স্বপ্নের হাত ধরে নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে অতীতের অপচয় ও অপূর্ণতা অতিক্রম করার বছর।স্বপ্নকে ঘিরে আমার বাজারফর্দ সুদীর্ঘ নয়। আমার বিশ্বাস: সরকার, রাজনৈতিক দলগুলো ও দায়িত্বশীল সুশীল সমাজ বিশেষ কিছু ক্ষেত্রে আন্তরিক ও তত্পর হলে আমাদের অসীম ধৈর্যশীল, উদ্যমী ও পরিশ্রমী জনগোষ্ঠী অবশিষ্ট সব বাধা অতিক্রম করে নিজের ভবিষ্যত্ নিজের হাতেই গড়ে তুলতে সক্ষম। ব্যক্তি-দায়িত্বের প্রতি আমাদের মানসিকতা বদলালে অন্য সব আপনিই বদলে যাবে।যে দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে; যে দেশের সুবিধাবঞ্চিত মা-বাবা ৯৫ শতাংশ শিশুকে শিক্ষালয়ে পাঠান, সে দেশ কখনো দরিদ্র থাকতে পারে না। সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গ্রামবাংলার ৮৯ শতাংশ শিশুই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছে, মেধাভিত্তিক জনগোষ্ঠী গড়ে তোলার সব উপাদান আমাদের রয়েছে। সরকারের পক্ষে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষা থেকে ঝরে পড়া প্রতিহত করতে হবে এবং সেই সঙ্গে উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে হবে, যা হবে দারিদ্র্য বিমোচনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।দেশের মূল দুটি রাজনৈতিক দলই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিদার। আধুনিক গণতন্ত্রের সার্থকতা ও মর্যাদা নির্ভর করে নারী-পুরুষের সমতা ও রাষ্ট্রপরিচালনার প্রতীকী স্তর ও ইনস্টিটিউশনে তাদের সম-অংশীদারের ওপর। মহাত্মা গান্ধী বলেছেন, প্রকৃত গণতন্ত্রে প্রতীকী নারী-পুরুষকে নিজের মতো করে ভাবার সুযোগ সৃষ্টি করে দিতে হয়, যা লিঙ্গবৈষম্য নিরসন ছাড়া সম্ভব নয়। তাই বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্রের পরিমণ্ডলে থাকতে হলে সম্পূর্ণভাবে লিঙ্গবৈষম্য নিরসনের পদক্ষেপ নিতে হবে। দিনবদলের লক্ষ্যে সবচেয়ে আগে আমাদের প্রয়োজন গণতন্ত্রকে নিজের মধ্যে পুনঃসংজ্ঞায়িত করা। গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান হলো, প্রত্যেকের বেছে নেওয়ার অধিকার, যা একমাত্র সম্ভব সুযোগের ক্ষমতা সৃষ্টির মাধ্যমে। আমাদের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার দাপট নয়, সম-অংশীদারের প্রতিফলন ঘটাতে হবে। একে কল্যাণমুখী ও কার্যকর করতে হলে সরকার ও বিরোধী দলের সমঝোতার ফাঁক কমাতে হবে এবং দেশের মৌলিক সমস্যা সমাধান ও সম্ভাবনা বিকাশের ক্ষেত্রে উভয়ের দায়বদ্ধতার অনুধাবন সুদৃঢ় করতে হবে।একাত্তর আমাদের মধ্যে দেশকে নিয়ে যে অপার সম্ভাবনা ও অসীম প্রত্যাশার জন্ম দিয়েছিল, তার ব্যর্থতা মেনে না নেওয়াই আমার স্বপ্নের উত্স। আমার আজকের স্বপ্ন হলো, আমাদের স্বপ্নগুলো আর ব্যর্থ না হতে দেওয়ার স্বপ্ন এবং এ লক্ষ্যে আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালনের দৃঢ়প্রত্যয়।