স্বপ্ন স্বপ্নই থেকে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিশুক (মিশুক মুনীর) একটা ছবি তৈরির স্বপ্ন দেখেছিল। খোঁজ, লুৎফর রহমানের উপন্যাস অবলম্বনে। চিত্রনাট্য তৈরির পর কানাডার একজন প্রযোজকের সঙ্গে আলোচনাও করেছিল। এক যুদ্ধশিশুর গল্প নিয়ে। ছবিটা ছিল ওর অনেক দিনের স্বপ্ন। তারেক মাসুদের কাগজের ফুল ছবির স্ক্রিপ্টটা আমাকে পড়তে দিয়েছিল। ওটা ছিল অর্ধেক স্ক্রিপ্ট। যেহেতু পুরোটা ছিল না, তাই বুঝতে পারছিলাম না। ও তা দেখিয়েই আমাকে বলেছিল, কাগজের ফুল অসাধারণ একটা ছবি হবে। ইদানীং ও এটিএন নিউজ আর কাগজের ফুল নিয়েই বেশি ব্যস্ত থাকত। ওর সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল।’ নিজের মনেই কথাগুলো বলছিলেন মঞ্জুলী কাজী (কাজী কানিজ ফাতেমা), মিশুক মুনীরের স্ত্রী।রোববার সকালে শহীদ মিনারে গিয়েছিলেন মঞ্জুলী কাজী। তারেক মাসুদ ও তাঁর স্বামীকে দেশের মানুষ এতটা ভালোবাসে, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এত মানুষ এসেছে—দৃশ্যটি দেখে আপ্লুত হয়েছেন মঞ্জুলী কাজী। ২৪ ঘণ্টা আগে স্বামীকে হারানোর শোক তাঁর চোখেমুখে। কিন্তু তার পরও গর্বে তাঁর মন ভরে গিয়েছিল। শহীদ মিনার থেকে সরাসরি চলে গিয়েছিলেন স্কয়ার হাসপাতালে, ক্যাথরিন মাসুদকে (তারেক মাসুদের স্ত্রী) দেখতে।বনানীর এফ-ব্লক, ৭ নম্বর সড়কে মিশুক মুনীরের বাসা। একতলা এ বাসার বাইরে কয়েকটি গাড়ি। বাইরে থেকে ভেতরের পরিবেশটা বোঝার উপায় নেই। পুরো বাড়িজুড়ে শোকের আবহ। বসার ঘরে পরিবারের খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় বসে আছেন। তাঁদের প্রায় সবাই এসেছেন শহীদ মিনার থেকে।দরজার বাঁ দিকের দেয়ালে ঝুলছে সাতটি ছবি। ওপরের সারির ছবিগুলোর একটি মিশুক মুনীরের বাবা শহীদ মুনীর চৌধুরীর। অন্য দুটি মা (লিলি চৌধুরী) ও বাবার, তৃতীয়টি মা-বাবা আর তিন ছেলের। দ্বিতীয় সারিতে আছে তিন ভাই—ভাষণ, মিশুক ও তন্ময়ের বিয়ের ছবি। তৃতীয় সারির ছবিটিও বিয়ের অনুষ্ঠানের।এ ছবিগুলোর দিকে তাকিয়ে দেয়ালটির উল্টো দিকে বসে ছিলেন মঞ্জুলী কাজী। চাষী নজরুল ইসলামের (চলচ্চিত্র পরিচালক এবং মঞ্জুলীর বড় বোনের স্বামী) সঙ্গে মিশুকের নানা স্মৃতি রোমন্থন করছিলেন তিনি। আর বসার ঘরের সবাই তা শুনছেন।হঠাৎ ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন মিশুক মুনীর ও মঞ্জুলী কাজীর ছেলে সুহূদ। কানাডার টরন্টোয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে। গ্রীষ্মের ছুটিতে মাকে সঙ্গে নিয়ে বাবার কাছে বেড়াতে এসেছিলেন। মিশুক মুনীরও সময় পেলে কানাডায় চলে যেতেন স্ত্রী আর ছেলের সঙ্গে সময় কাটাতে।ছেলে বাবার দারুণ ভক্ত। বাবাকে ‘বাবাইয়া’ বলে ডাকতেন সুহূদ। রাতে ঘুমাতেন বাবার বুকে মাথা রেখে। কিছুদিন আগে অসুস্থ হওয়ায় হাসপাতালে থাকতে হয়েছিল সুহূদকে। তখন বারবার বাবাইয়ার হাতে রান্না করা খাবার খেতে চেয়েছিলেন। খুব ভালো রান্না করতেন মিশুক মুনীর।মিশুক মুনীর টাই ও নিজের খুব ভালো পোশাকগুলো যত্ন করে রেখে দিতেন। মঞ্জুলী প্রায়ই এর কারণ জিজ্ঞেস করতেন। মিশুক তাঁকে বলতেন, ‘আমি তো কখনো বাবার (শহীদ মুনীর চৌধুরী) কাপড় পরতে পারিনি। আমার ছেলে যেন পায়।’শহীদ মিনারে এত লোকের সমাগম দেখে সুহূদের অনুভূতি কেমন হয়েছিল? ‘আমার আর কোনো কষ্ট নেই, মা। আমার বাবাইয়া অনেক সম্মান পেয়েছেন। কানাডায় থাকলে বাবাইয়া তা পেতেন না।’ মায়ের কাছে এমনিভাবে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সুহূদ।গত বছর মিশুক ও মঞ্জুলীর বিয়ের ২৫ বছর পূর্তি হয়েছে। মঞ্জুলী বললেন, ‘এই ২৬ বছরের সংসারজীবনে ও আমার সঙ্গে এতটুকু ঝগড়া করেনি। কাল (শনিবার) সকালে বাড়ির দরজায় দাঁড়িয়ে স্বামীকে বিদায় জানিয়েছিলাম। আমি কি জানি, এটাই হবে ওকে শেষ বিদায় জানানো?’মঞ্জুলীকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন মিশুক মুনীরের একমাত্র মামা (বাদল মামা), দেশের বিশিষ্ট চিত্রগ্রাহক। তাঁকে দেখেই নাকি মিশুকের ক্যামেরার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল।এ সময় বাসায় এসে ঢোকেন অর্পা (ভাষণের মেয়ে)। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে এসেছেন। ৩১ আগস্ট ওয়াশিংটনেই তাঁর বিয়ে হওয়ার কথা। আর এ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী আর ছেলেকে নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল মিশুক মুনীরের।তার আগে মিশুক নিজেই চলে গেলেন চিরবিদায়ের দেশে। অর্পাকে জড়িয়ে কাঁদতে শুরু করেন মঞ্জুলী। মিনিট কয়েক পর অর্পাকে নিয়ে শাশুড়ির (লিলি চৌধুরী) ঘরে যান। গত দুই দিনে প্রয়োজনীয় কিছু কথা ছাড়া তেমন কিছু বলেননি লিলি চৌধুরী। ছেলের শোক আচ্ছন্ন করে রেখেছিল তাঁকে। ১৯৭১ সালে স্বামীকে হারিয়ে যে কষ্ট পেয়েছিলেন, আজ আবারও আরেকটি ভয়াবহ দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে তাঁকে।