স্বপ্ন হত্যার প্রতিবাদ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে, মৈশামূড়া বসন্তকুমারী উচ্চবিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ফোনে খবরটা শুনে আমি যেন সদ্য কৈশোর পেরোনো আমার সেই মেয়েবেলায় ফিরে গেলাম। স্কুলটার প্রতি গভীর ভালোবাসার টান অনুভব করলাম। সেই কবে বিদ্যালয় ছেড়েছি, সংসারের শত ব্যস্ততায় আর ওই বিদ্যালয় প্রাঙ্গণ মাড়ানো হয়নি। এই মধ্য বয়সেও তাই অসুস্থ শরীর নিয়ে রাজশাহী থেকে দীর্ঘপথ পাড়ি দেওয়ার মনস্থির করলাম। কেনই বা যাব না? বিদ্যালয়টি ঘিরে আমার স্মৃতি আর গর্বের জায়গাটুকু তো আর কম নয়। বিদ্যালয় প্রতিষ্ঠার ৪৮ বছর পর্যন্ত ছেলেদের উচ্চবিদ্যালয়টির আমিই যে প্রথম ছাত্রী।১৯৬৬ সালে আমার পরম শ্রদ্ধেয় বাবা যখন আমাদের পরিবারের সবাইকে কাঁদিয়ে জান্নাতবাসী হন, তাঁর তখনকার কর্মস্থল ফরিদপুর ছেড়ে আমার মা আমাদের নিয়ে মির্জাপুরের মসদৈ গ্রামে আমাদের পৈতৃক বাড়িতে চলে আসেন। গ্রামে এসে মেয়েদের পড়ার মতো কোনো উচ্চবিদ্যালয় না দেখে পণ করি, বসন্তকুমারী উচ্চবিদ্যালয়ে ছেলেদের সঙ্গে হলেও আমি আমার পড়াশোনা চালিয়ে যাব। মসদৈ গ্রামের যেসব মেয়ে প্রাইমারি পাস করে মেয়েদের উচ্চবিদ্যালয়রের অভাবে পড়াশোনা ছেড়ে দিয়ে ঘরে বসেছিল, তাদের কাছে গিয়েছি। বড় ভাই, বাবা-চাচারা রাজি হবেন না বলে তারা ছেলেদের বিদ্যালয়ে পড়বে না জানিয়েছিল।বিদ্যালয় কর্তৃপক্ষের অনেকেই একা আমার জন্য ছেলেমেয়ে একত্রে পড়ানোর ঝুঁকি নিতে চাননি। পাশের গ্রাম নাগরপাড়ার বরুণ স্যার তখন আমাকে তাঁর কাছে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বলেন এবং অন্য শিক্ষকদের আস্তে আস্তে বুঝিয়ে-শুনিয়ে পরবর্তী সময়ে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এক বছর তাঁর হাতেই আমার লেখাপড়া চলতে থাকে।অবশেষে ১৯৬৮ সালে ক্লাস টেনে ৮৪ জন ছাত্রের মধ্যে আমি একা মেয়ে ভর্তি হই। মায়ের বোরকা পরে গ্রাম থেকে প্রথমদিকে একা একা বের হতাম। পরে বরুণ স্যারের বাসায় গিয়ে তাঁর সঙ্গে বিদ্যালয়ে যেতাম। তারপর আমার ছোট বোন আর বরুণ স্যারের গ্রামের আরও পাঁচ-ছয়জন মেয়ে সপ্তম ও অষ্টম শ্রেণীতে ভর্তি হলো। নবম শ্রেণীতে কোনো মেয়ে ছিল না। বিদ্যালয় চলার সময় আমরা লাইব্রেরিতে বসে থাকতাম। যখন যেই ক্লাস, সেই ক্লাসের শিক্ষকের সঙ্গে ক্লাসে যেতাম, আবার তাঁর সঙ্গেই ফিরে আসতাম। পরীক্ষার সময় লাইব্রেরিতে স্যারদের পাশে বসে একা পরীক্ষা দিতাম। এভাবেই আস্তে আস্তে মৈশামূড়া বসন্তকুমারী উচ্চবিদ্যালয়ে মেয়েরা পড়তে শুরু করে।১৯৬৯ সালে আমার ম্যাট্রিক (এসএসসি) পরীক্ষার সময় ছেলেদের সিট পড়েছিল টাঙ্গাইল জিলা স্কুলে আর মেয়েদের সিট বিন্দুবাসিনী স্কুলে। আমার স্কুলের ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে আমি একা মেয়ে, কর্তৃপক্ষের চোখ এড়িয়ে তাই আমার সিটও স্কুলের অন্য ছেলেদের সঙ্গে টাঙ্গাইল জিলা স্কুলে পড়েছিল। পরীক্ষার দিন সকালে কর্তৃপক্ষ অবগত হওয়ার পর মেয়েদের পরীক্ষার হলে টাঙ্গাইল জেলা শহরের ছাত্রীদের একেবারে পেছনে আমার জন্য আলাদা ডেস্ক দেওয়া হয়।হেড স্যার, রাজ্জাক স্যার, বরুণ স্যার, আনসার স্যার, সামসু স্যারসহ দরদি শিক্ষকদের কথা এখনো শ্রদ্ধাুংুভরে স্মরণ করি। তাঁদের সহানুভূতি, স্নেহ আর মমতার ছায়া পেয়েই আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিলাম, পেয়েছিলাম এসএসসি সার্টিফিকেট। এখনো চোখে ভাসে, টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, খুব বৃষ্টি, আমার দেরি দেখে বিদ্যালয়ের বারান্দায় চিন্তিত চেহারায় হেড স্যার দাঁড়িয়ে আছেন। আনসার স্যার বাংলা ক্লাসের ফাঁকে নিজের লেখা গল্প পড়ে শোনাতেন। খুব কড়া ছিলেন বরুণ স্যার, অঙ্কে আরও ভালো করার জন্য আমাকে অনেক সাহায্য করতেন।অখ্যাত এক বিদ্যালয়ের অখ্যাত এক ছাত্রী, যে স্বীকৃতির স্বপ্ন কখনোই দেখেনি, ৯০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানসূচিতে ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা বক্তব্য আর ছেলেদের স্কুলের প্রথম ছাত্রীকে সম্মাননা দেওয়া হবে শুনে সেই প্রাপ্তির স্বপ্ন আমাকে আন্দোলিত করে। গত ৯ এপ্রিল রাজশাহী থেকে আমি টাঙ্গাইলের মির্জাপুর, মৈশামূড়ায় যাই এবং এখানেই আমি মানসিকভাবে একটা হোঁচট খাই। ৪২ বছর ধরে জমিয়ে রাখা আমার গর্বের জায়গাটা নাড়িয়ে দেয় এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের আয়োজকেরা।অনুষ্ঠানসূচিতে প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তব্য পাঠ, স্মৃতিচারণা উল্লেখ থাকলেও শুধু এই অংশগুলো বাদ দিয়ে আর সব ঠিক রাখা হয়। আমাকে দুই-তিন মিনিটের স্মৃতিচারণা করতে দেওয়া তো হলোই না, বরং নেপথ্য কণ্ঠে প্রথম ছাত্রী হিসেবে ঘোষণা করা হলো আয়োজকদের কোনো এক আত্মীয়ার নাম। হিসাব-নিকাশ ঠিক রাখতে প্রথম ছাত্রীর ভর্তির সাল-তারিখও বলা হলো ১৯৬৭ সাল, অর্থাৎ আমার ভর্তির আগের বছর। তাই যদি হতো, তাহলে আমাকে কেন এত কাঠখড় পুড়িয়ে ১৯৬৮ সালে সেই বিদ্যালয়ে ভর্তি হতে হয়েছিল? ওই সালের উপস্থিত কোনো ছাত্রই সেই ছাত্রীর কথা মনে করতে পারল না, তারাও প্রথম ছাত্রী হিসেবে আমার কথাই বলছিল। সেই সময়কার শিক্ষক সামসু স্যার, যিনি এখনো জীবিত আছেন, গ্রামের প্রত্যেক মানুষ সত্যটা জানে। প্রাক্তন ছাত্র হয়েও জানেননি, জানতে পারেননি শুধু আয়োজকেরা। আর এই বিরল সম্মান যাঁকে দেওয়া হলো, তিনিই বা সেখানে কেন উপস্থিত ছিলেন না? আমি তো প্রবেশপত্রসহ সার্টিফিকেট দেখাতে পারব, কিছু সমালোচনা, প্রতিবাদ আর প্রথম ছাত্রী হিসেবে যাঁর নাম প্রচার করা হয়, তাঁর অনুপস্থিতির কারণেই হয়তো আমাকে প্রধান অতিথি সাংসদ মো. আবদুর রাজ্জাকের সামনে মঞ্চে ডাকা হয়। আমার হাতে তুলে দেওয়া হয় সেই ছাত্রীর নামসংবলিত ক্রেস্ট। ছবি তোলা হয়। স্টেজ থেকে নামার সময় সেই ক্রেস্ট আবার রেখেও দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ওই ক্রেস্টের নাম পাল্টে আমার কাছে পাঠাতে চায়। কিন্তু ওই ক্রেস্ট দিয়ে আমি কী করব? তাঁরা কি পারবেন মঞ্চে আমার ওই সময়টুকু ফিরিয়ে দিতে?অতিথির সামনে নিজের বিদ্যালয়কে ছোট করতে চাইনি। না হলে মাত্র ১৪-১৫ বছর বয়সে যে আমি সংগ্রাম করে গ্রামের বিদ্যালয়ে কো-এডুকেশনের প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছিলাম, সেই আমি চুপ করে এই অন্যায় মেনে নিই কী করে? দুপুরের খাওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চলে গেলে নিজ উদ্যোগে দু-একজন প্রাক্তন ছাত্র স্মৃতিচারণা করতে গেলে, বক্তব্যের অংশে প্রথম ছাত্রী হিসেবে আমাকে নিয়ে কিছু বলতে যাওয়া মাত্রই তাঁর হাতে থেকে মাইক নিয়ে নেওয়া হয়।৪২ বছরে প্রথম ছাত্রীর স্বীকৃতি, সম্মান চাইনি, তাই অসম্মানও প্রত্যাশা করিনি। প্রাপ্তির স্বপ্ন দেখিনি, তবু কেন আমাকে স্বপ্ন দেখানো হলো, সে স্বপ্ন কেনই বা ভেঙে দেওয়া হলো, এতে কার কী এমন লাভ হলো, সেসব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না, খুঁজতেও চাই না। আগামী পুনর্মিলনীতে হয়তো থাকব না, এবার যেমন অনেকেই নেই। মনঃকষ্ট নিয়ে মরতে চাই না বলেই হয়তো প্রতিবাদের মাধ্যম হিসেবে আমার এই লেখা।