স্বপ্ন হলো সত্যি
দলে এত বড় বড় ব্যাটসম্যান, আর ভাস-মুরালিদের বিপক্ষে সেঞ্চুরি করলাম কিনা এই পিচ্চি আমি!স্বপ্নও যে সত্যি হতে পারে, সেটা সেদিন বুঝেছিলাম। আগের রাতে স্বপ্ন দেখলাম, আমি ব্রায়ান লারার ৩৭৫ রানের রেকর্ড ভেঙে দিচ্ছি। পরের দিনই টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি, তা-ও আবার অভিষেক টেস্টে!৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করার পর রাতে আমার ঘুমই হয়নি বলতে গেলে। যেটুকু হয়েছে, তাতেই লারাকে টপকে যাওয়ার ওই স্বপ্ন। বাসে মাঠে যেতে যেতে দুর্জয় ভাইকে (নাঈমুর রহমান) বলেছিলামও স্বপ্নের কথা। উনি বললেন, ‘তুই তো ব্যাটসম্যান। পারবি না কেন?’৩৭৫ রানের রেকর্ড ভাঙতে পারিনি, তবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে একটা কাণ্ড সত্যি সত্যি ঘটিয়ে ফেললাম। অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি! মাত্র ৯০ রানে অলআউট হয়ে যাওয়া প্রথম ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ছিল আমার ২৬ রান। প্রথম ইনিংসে মুরালিধরনকে খুব ভালো খেলেছিলাম। আর দ্বিতীয় ইনিংসে যখন নামছি, দ্বিতীয় দিনের খেলা প্রায় শেষের দিকে। এসব কারণেই হয়তো নিজে ৭ নম্বরে চলে গিয়ে আমাকে ৬ নম্বরে পাঠালেন দুর্জয় ভাই।তৃতীয় দিন প্রথম সেশনেই আমি আর বুলবুল ভাই (আমিনুল ইসলাম) ১২০ রানের মতো জুটি গড়ে ফেললাম। লাঞ্চের ঠিক আগের বলে প্যাডল সুইপ করতে গিয়ে বুলবুল ভাই বোল্ড হয়ে যাওয়ার সময় আমি ৬৮ রানে অপরাজিত। লাঞ্চের সময় ড্রেসিংরুমে সবাই বললেন, যেন সেঞ্চুরি করে ফিরি। সেটাই করলাম। কী যে দারুণ অনুভূতি হয়েছিল, বলে বোঝাতে পারব না। দলে এত বড় বড় ব্যাটসম্যান, আর ভাস-মুরালিদের বিপক্ষে সেঞ্চুরি করলাম কিনা এই পিচ্চি আমি! পাকিস্তানের বিপক্ষে আগের টেস্টে যাকে দেখে ইনজামাম-উল হক পাইলট ভাইকে (খালেদ মাসুদ) জিজ্ঞেস করেছিলেন, ‘ইয়ে ছোটু কোন হ্যায়?’—সেই আমি!মনে আছে, স্লিপ থেকে জয়াসুরিয়া বারবার ইশারায় মুরালিধরনকে দুসরা দিতে বলছিলেন। মুরালিও ইশারায় বলছিলেন, ‘চেষ্টা তো করছি। হচ্ছে না!’ ওঁদের অঙ্গভঙ্গি দেখে দারুণ মজা লেগেছিল আমার সেদিন। আর মনে মনে কৃতজ্ঞতা জানিয়েছি জাভেদ মিয়াঁদাদের কাছে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার কিছুদিন আগে ঢাকায় এক সপ্তাহের ক্যাম্প করাতে এসে তিনিই শিখিয়েছিলেন, স্পিন বলে উইথ দ্য স্পিন না খেলে অ্যাগেইনস্ট দ্য স্পিন কীভাবে খেলতে হয়। মুরালিকে খেলতে প্রথম দিন থেকে সেই কৌশলটাই কাজে লাগিয়েছি।মুরালিধরন অবশ্য তাতে কিছু মনে করেছেন বলে মনে হয়নি। বরং আমরা দুজন যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হলেও পুরস্কারটা আমাকেই দিয়ে দিয়েছিলেন তিনি।