স্বপ্নটা কিন্তু ‘মৌসুমি’ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলার পর অন্য খেলা থেকে আসা খেলোয়াড়দেরও লক্ষ্য এখন জাতীয় দলে খেলা। লিখেছেন প্রণব বলজমিলা আক্তার মূলত কাবাডি ও হ্যান্ডবল খেলেন। সেটাও মাঝেমধ্যে। ফুটবল দল গড়তে হবে। তাই গাইবান্ধার এই মেয়ের ডাক পড়ল। হয়ে গেলেন ফুটবলার। তাঁর মতো একই দলের ফারজানা আক্তার বেবি, কামরুন্নাহার, শিউলি সবাই হ্যান্ডবল কিংবা কাবাডি খেলত জেলা ফুটবল দলে। গাইবান্ধা জেলা ফুটবল দল। জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য এই দল গঠন।গাইবান্ধা দলের ম্যানেজার শামীমা ইয়াসমিন বললেন, ‘বাসা থেকে খুঁজে খুঁজে এনে দল গঠন করতে হয়েছে। আগে ফুটবল খেলেছে এ রকম খেলোয়াড়ের সংখ্যা খুবই কম।’শুধু গাইবান্ধা নয়, প্রতিযোগিতার বেশির ভাগ দলই একই প্রক্রিয়ায় গড়া। এ ছাড়া দল গঠনে সামাজিক, পারিবারিক, সর্বোপরি আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে দলগুলোকে।চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারই শুধু ব্যতিক্রম। এই দলের প্রতিটি খেলোয়াড়ই পেশাদার। ‘মৌসুমি’ ফুটবলার নন। জাতীয় মহিলা দলের ৭-৮ জন ফুটবলার এই দলেরই। তাঁরা আনসার থেকে নিয়মিত বেতন পান। দলটিকে আদিবাসী দল বললেও ভুল হবে না। কারণ দলটির সেরা একাদশের নয় থেকে ১০ জনই পার্বত্য এলাকার।কোচ নিজেও পার্বত্য অঞ্চলের অধিবাসী। ‘আমাদের মেয়েরা অন্য কোনো খেলায় নেই। তারা নিয়মিত অনুশীলন করে। জাতীয় দলেও তাদের প্রাধান্য রয়েছে। অর্থ কিংবা কোনো সামাজিক বাধাও আমাদের পোহাতে হয়নি’—বললেন কোচ সুইহলা মং মারমা। এর ঠিক উল্টো অবস্থা ঠাকুরগাঁও, খুলনা, যশোর, সাতক্ষীরাসহ অন্য দলগুলোর। মৌসুমি ফুটবলারের সংখ্যা বেশি। পারিবারিক, সামাজিক নানা বাধার মুখে তারা খেলাধুলা করছে। হ্যান্ডবল-কাবাডির গণ্ডি পেরিয়ে তারা এখন ফুটবলার। এ ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে যশোর জেলা। দলটির বেশির ভাগ খেলোয়াড়ই এসেছেন হ্যান্ডবল, ভলিবল, কাবাডি এবং অন্যান্য খেলা থেকে। দলের শিউলি, হেনা, মিতারা হ্যান্ডবল ও ভলিবল খেলেন। স্ট্রাইকার শারমিন আক্তার রূপা নিয়মিত সাইক্লিং করেন। তবে এসব মৌসুমি ফুটবলারও এখন স্বপ্ন দেখেন তারকা হওয়ার। ফুটবল তারকা। যশোরের কোচ ইমদাদুল হক এই দল গঠনের পেছনে অনেক শ্রম দিয়েছেন। ঘর থেকে ধরে ধরে এনে দল গড়েছেন। তবে এই কাজ শুরু করেছেন তিনি অনেক আগে। এখন আস্তে আস্তে তাঁদের মাঝে ফুটবলের প্রতি অনুরাগ জন্মেছে বলে কোচের বিশ্বাস, ‘তাদের বিভিন্ন জায়গা থেকে এনে দল গড়তে হয়েছে। তারা এখন ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে।’ইমদাদুল হকের দল নারায়ণগঞ্জের কাছে সেমিতে টাইব্রেকারে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। তবে নারায়ণগঞ্জের কোচ মোসলেহ উদ্দিন খন্দকার বিদ্যুতের চেয়ে একটা ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন। তাঁর দুই মেয়ে লাবণী ও বিলকিস খেলছেন যশোর দলে। মোসলেহ উদ্দিনের মেয়ে সুখী খন্দকারও নারায়ণগঞ্জ দলের সদস্য ছিলেন। কিন্তু গত মাসে বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ের পর আর মেয়েকে এই আসরে আনতে পারেননি। ‘কী বলব ভাই মেয়ের শাশুড়ি তাকে আর খেলতে দেয় না। বিয়েসংক্রান্ত জটিলতায় আমার দলের নিয়মিত সদস্য মৌসুমীও আসেনি’—ফাইনালে আনসারের কাছে ০-৪ গোলে হেরে যাওয়ার পর হতাশ কণ্ঠে বললেন মোসলেহ উদ্দিন।নারায়ণগঞ্জের সুরভী, বীথি, পুতুল, নুরজাহানরা কেবল ফুটবল নিয়েই রয়েছেন। এঁরা জাতীয় দলের খেলোয়াড়। তবু কোচের ভয়, কখন আবার কাকে হারাতে হয়। তাঁদের ফুটবল-নেশা কখন সামাজিক ও পারিবারিক বাধার কাছে নতি স্বীকার করে কে জানে!মৌসুমি হোক আর নিয়মিত, সত্যি মেয়েগুলোকে এখন ফুটবলের নেশায় পেয়ে বসেছে। তারকা হওয়ার স্বপ্ন অনেকের মাঝে। কিশোরগঞ্জের রাবেয়া আক্তার কাঁকন। ফেনী জেলা দলের খেলোয়াড় হলেও নিজের দল উঠতে না পারায় চূড়ান্ত পর্বে তাঁকে কিশোরগঞ্জ দল ডেকে নিয়েছে। অন্যদের মতো তাঁকে পারিবারিক বাধা পেরোতে হয়নি। কারণ তাঁর বাবা আবদুল মালেক ফেনীর সাবেক ফুটবলার। তিন মেয়েকেই তিনি ফুটবলার বানিয়েছেন। কাঁকন বলেন, ‘আমার লক্ষ্য একদিন বড় ফুটবলার হব। দেশের মুখ উজ্জ্বল করব। শুধু সুযোগ-সুবিধা দরকার।’কাঁকনদের এই স্বপ্নে প্রেরণা জোগাচ্ছেন অং ম্রাচিং মারমারা। সতীর্থদের কাছে ‘মেসি’ নামে পরিচিত অং ম্রাচিং ১৩ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতা। ব্রাজিলের মার্তার মতো তারকা ফুটবলার হওয়ার স্বপ্ন তাঁর।আর্থসামাজিক বাধা পেরিয়ে সে স্বপ্ন কি ডানা মেলবে?