স্বপ্নদর্শী নারীর দৃষ্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন যেখানে থেমে যায় জীবনও সেখানে থেমে যায়, এটা বহুল প্রচলিত কথা। মনে স্থবিরতা এলে কর্মে ও জীবনেও তা প্রতিফলিত হয় বলেই মানুষ সৃজনশীলতার মধ্য দিয়ে বাঁচতে চায়। এর জন্য উপযুক্ত পরিবেশ তাকেই গড়ে নিতে হয়। নিত্যনতুন চিন্তা ও কর্মের উদ্দীপনার ভেতর দিয়ে আমরা যে পরিবেশ রচনা করি, সে পরিবেশই আমাদের স্বদেশ। দেশকে নিয়ে যখন আমরা একটা রূপকাঠামো সৃষ্টি করতে উদ্যোগী হই, তখন স্বপ্নই আমাদের দর্শন—শক্তির উৎস। স্বদেশ বলতেই আমরা কল্পনা করি একটি মুক্ত, স্বাধীন, বঞ্চনা-শোষণমুক্ত পরিবেশ, যেখানে কাঙ্ক্ষিত জীবন রচনার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। নারীর জীবনে এ স্বপ্নের জন্ম হয় তার সদ্যোজাত সন্তানের আলোকিত মুখ দেখার মুহূর্ত থেকে; হূদয়ের গভীরে যখন সে অনুভব করে তার সন্তান যেন পূর্ণ মানবিক অধিকার ভোগ করে এ দেশের একজন গর্বিত নাগরিক হিসেবে জীবন যাপন করতে পারে এবং সন্তানের জন্য সেই জীবন-রচনায় সে সমাজে তার ক্ষমতায়িত অবস্থান সৃষ্টির জন্য দৃঢ় প্রত্যয়ী হয়। বাংলাদেশে নারীর অবস্থানবিশ্বে বাংলাদেশ মূলত একটি দরিদ্র দেশ হিসেবে পরিচিত হলেও একই সঙ্গে বাংলাদেশকে বলা হয় এক অনন্ত সম্ভাবনার দেশ। কারণ এ দেশের রয়েছে উচ্ছ্বসিত হওয়ার মতো বেশ কিছু সাফল্য (অমর্ত্য সেন)। বিশাল জনসংখ্যা-অধ্যুষিত স্বল্প মাথাপিছু আয়ের একটি দেশের পক্ষে মানব উন্নয়ন সূচকে অভাবনীয় সাফল্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে নারীশিক্ষার প্রসার, অর্থনৈতিক সুযোগে নারীর প্রবেশগম্যতা, তার কর্মোদ্যম ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করার দৃঢ় মনোবল; যার মূল উৎস হিসেবে কাজ করেছে পরিবার ও সন্তানকে ঘিরে স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা। লিঙ্গবৈষম্য, পারিবারিক বিধিনিষেধ ও পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির কঠিন বেড়াজাল ভেদ করে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হওয়ার প্রচেষ্টা নারীর জন্য ছিল এক কঠিন সংগ্রাম। একটি নতুন স্বাধীন রাষ্ট্রে বঞ্চিত জনগণের জন্য সৃষ্ট সুযোগে নারীর প্রবেশগম্যতা সীমিত হলেও নারী তৎপর থেকেছে দারিদ্র্য ও ক্ষুধার মোকাবিলা করতে, নারী-সহায়ক উন্নয়ননীতির পূর্ণ সদ্ব্যবহার করতে, বিশেষত শিক্ষা ও শিশুপুষ্টির ক্ষেত্রে। ছেলেদের পাশাপাশি মেয়েশিশুদের শিক্ষালয়ে পাঠানোর ক্ষেত্রে মায়েদের ভূমিকা ছিল প্রধান, যার ফলে ছেলেদের চেয়ে অধিক হারে নারীশিক্ষার হার বেড়েছে। প্রায় নব্বই শতাংশ শিশু এখন প্রাথমিক বিদ্যালয়ে যায়, যার মধ্যে ৮৯.৯ শতাংশ মেয়ে আর ৮২.৯ শতাংশ ছেলে। প্রাথমিক শিক্ষা পর্যায়ে লিঙ্গসমতা অর্জন করে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে মেয়েদের অন্তর্ভুক্তি দর্শনীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহায়ক শিক্ষানীতি ও নারীর নিজস্ব উদ্যমের কারণে শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে নারীর স্বাস্থ্যসচেতনতা বেড়েছে। দক্ষিণ এশিয়ায় নারীর গড় আয়ু যেখানে ৬৬ বছরে উন্নীত হয়েছে, সেখানে বাংলাদেশে নারীর গড় আয়ুকাল বেড়ে হয়েছে ৬৮.৯ বছর। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির সুফল হিসেবে নারীর প্রজননহার ও শিশুমৃত্যুর হারও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। এসব উপাদান বাংলাদেশের মানব উন্নয়ন হার বৃদ্ধিতে সুস্পষ্ট অবদান রেখেছে, যার ফলে জাতিসংঘ কর্তৃক সম্প্রতি প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় দুই ধাপ ওপরে উঠেছে। মানব উন্নয়নে নারীর প্রত্যক্ষ ভূমিকার কারণে জেন্ডার গ্যাপ বা লিঙ্গবৈষম্য হ্রাসের ক্ষেত্রেও আগের তুলনায় বাংলাদেশের অবস্থান ইতিবাচক, যার প্রতিফলন ঘটেছে বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত জেন্ডার গ্যাপ প্রতিবেদনে। দেশের সার্বিক উন্নয়নে নারীর ব্যাপক অবদান, বিশেষত মানব উন্নয়ন সূচক বৃদ্ধির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও স্বাধীনতার চার দশক পরও দারিদ্র্যপীড়িত ও অধিকারবঞ্চিত জনগণের সিংহভাগ কেন নারী, এ প্রশ্ন যুক্তিসংগত। প্রজননহার ও শিশুমৃত্যুর হার হ্রাসে যে-নারী গর্বিত ভূমিকা রেখেছে, বর্তমানে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির শিকার হচ্ছে সেই নারী। সন্তান উৎপাদনের বয়সসীমার ৬২ শতাংশ নারী আজ সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতাবহির্ভূত, তাদের কাছে জন্মনিয়ন্ত্রণের সামগ্রী ও প্রচারণা কোনোটাই পৌঁছায় না। এই অযাচিত বাড়তি জনসংখ্যার চাপ নারীকেই বহন করতে হচ্ছে। নারীশিক্ষার হার বাড়ার সঙ্গে নারীর কর্মস্পৃহাও বেড়েছে। কিন্তু শ্রমবাজারে তুলনামূলকভাবে নারীর অন্তর্ভুক্তির হার বাড়েনি নারীর জন্য সুযোগে প্রবেশগম্যতা সৃষ্টি হয়নি বলে। ১৯৮০ সালে যেখানে ৫৬.৫ শতাংশ নারীর অন্তর্ভুক্তি ছিল শ্রমবাজারে, ২০০৯ সালে তা মাত্র ৫৮.৭ শতাংশে উন্নীত হয়েছে (বিশ্বব্যাংক)। যে নারী তৈরি পোশাকশিল্পে শ্রমদানের মাধ্যমে বাংলাদেশের শিল্পায়নে এক নতুন যুগের সূচনা করেছে, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূল অবদান যাদের, তারাই হচ্ছে মজুরি-বৈষম্যের শিকার। বিশ্বব্যাংকের উপাত্ত অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় লিঙ্গভিত্তিক মজুরি-বৈষম্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নেতিবাচক। পুরুষ শ্রমিকের প্রতি এক ডলার মজুরির বিপরীতে নারী শ্রমিক মাত্র ১২ সেন্ট আয় করে। বাংলাদেশে পরিবার ও সমাজে নারীর প্রতি বৈষম্যের সবচেয়ে প্রকট বহিঃপ্রকাশ ঘটে নারী নির্যাতন চিত্রে। নারী নির্যাতন প্রতিরোধে সরকারের ব্যাপক প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকা সত্ত্বেও আইনের দুর্বল প্রয়োগ ও পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে অব্যাহত নারী নির্যাতন নারীর মানবাধিকারের প্রতি এক বিরাট হুমকিস্বরূপ। বিশ্বব্যাংকের তথ্যসূত্র মতে, ৪২ শতাংশ নারী ও কিশোরী অহরহ নির্যাতনের শিকার হচ্ছে, যা নারীর দৈহিক নিরাপত্তা ও উৎপাদনশক্তি বিঘ্নিত করছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নারী নির্যাতনের কারণে বছরে ১৪ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে (প্রথম আলো)।নারীর অধিকারআমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মহান সংবিধান রচনা, যে সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতির দর্শন হিসেবে জাতীয় জীবনের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণ ও মৌলিক মানবাধিকার ভোগের নিশ্চয়তা প্রদান করে। সেই সঙ্গে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে আন্তর্জাতিক মান প্রয়োগে বৈশ্বিক উদ্যোগের প্রেক্ষাপটে ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন’ সনদ বা সিডও সনদ পরিগ্রহণ করে, যা নারীর প্রতি আইনে ও বাস্তব ক্ষেত্রে বিদ্যমান সব বৈষম্য নিরসন ও নারীর মানবাধিকার রক্ষায় সরকারকে আন্তর্জাতিক দায়বদ্ধতার আওতাভুক্ত করে।কিন্তু স্বাধীনতার দীর্ঘ চার দশক অতিক্রম করে আজও বাংলাদেশের নারীকে মৌলিক অধিকার আদায়ের জন্য নিরন্তর সংগ্রাম করতে হচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কার্যক্রমে লিঙ্গসমতা ও নারীর জন্মগত অধিকার ইস্যুটি সহজাত ও স্বতঃক্রিয় নয়। এমনকি আইনের দৃষ্টিতেও জীবনের সর্বক্ষেত্রে নারীর সম-অধিকার নিশ্চিত করা হয়নি। উপরন্তু ধর্মের নামে, ফতোয়া দিয়ে, সামাজিক ও সাংস্কৃতিক প্রথা ও আচরণের মাধ্যমে নারীর অধস্তনতা ও গৌণতা প্রতিষ্ঠিত করা হচ্ছে; যে কারণে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাপক বেসরকারি খাতে সম-অধিকারের ভিত্তিতে নারীর উপস্থিতি উপেক্ষিত। ফলে প্রচলিত সামাজিক মূল্যবোধে নারীকে অধস্তন ভাবা স্বাভাবিক রীতিতে পরিণত হচ্ছে। নারীর ক্ষমতায়নবাংলাদেশে নারীর ক্ষমতায়নের কথা বলতে গেলে প্রথমেই উল্লেখ করতে হয় যে প্রায় ২০ বছর ধরে এ দেশের ক্ষমতার শীর্ষে নারী অধিষ্ঠিত, যা বৈশ্বিক পর্যায়ে ইতিবাচক স্বীকৃতি লাভ করেছে। বর্তমান সরকারের আমলে তার সঙ্গে যুক্ত হয়েছে সংসদীয় উপনেতা ও মন্ত্রিসভার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদে নারীর অবস্থান। এক কথায় বলা যায়, রাজনৈতিক ক্ষমতায়নের পিরামিডের সুউচ্চ কাঠামো নারী নেতৃত্বের অধীনে হওয়ায় দেশ পরিচালনার মৌলিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা অগ্রগণ্য। সেই সঙ্গে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যাও বেশি। কিন্তু বাস্তবে নারী ক্ষমতার এই বিন্যাস সাধারণ নারীদের ক্ষমতায়িত করতে সক্ষম হয়নি। জাতীয় সংসদে মাত্র ১৯ শতাংশ নারী সদস্যের উপস্থিতি, যাঁদের মধ্যে অধিকাংশই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নন, তাঁরা প্রকৃতপক্ষে বৃহত্তর নারী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী নন বিধায় সংসদীয় কার্যক্রম এবং আইন ও নীতি প্রণয়নে নারীবান্ধবতার (জেন্ডার সেনসেটিভ) পরিবর্তে লিঙ্গনিরপেক্ষতা প্রতিফলিত হয়, যা রাষ্ট্রসৃষ্ট বিভিন্ন সুযোগে সম-অধিকারের ভিত্তিতে নারীর প্রবেশগম্যতা ব্যাহত করে।সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করে থাকে, সেখানেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়নি। ২০১১-১২ অর্থবছরে ২০টি মন্ত্রণালয় এবং বিভাগের জেন্ডার বাজেট প্রতিবেদনে দেখা যায়, সচিবালয়ে কর্মকর্তা পর্যায়ে নারীর নিয়োগ নিম্নমুখী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় ব্যতীত সর্বত্র নারীর অংশগ্রহণ ৩০ শতাংশের কম। সচিবালয়ে জনবল-কাঠামোতে ২৯ শতাংশ নারী কর্মকর্তা বিগত অর্থবছরে কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে (প্রথম আলো)। বেসরকারি খাতে কর্মচারী-কর্মকর্তা পর্যায়ে নারীর অংশগ্রহণ অতি নগণ্য, বিশেষত অধিষ্ঠান-প্রধানের পদে নারীর অবস্থান প্রায় বিরল।স্বদেশকে নিয়ে নারীর স্বপ্নউপরিউক্ত পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায়, স্বদেশকে নিয়ে পুরুষের তুলনায় স্বভাবতই নারীর স্বপ্ন অনেক বেশি। মানুষ হয়েও আমরা যা পাই না, যা পেতে চাই, যা আমাদের ন্যায্যত পাওনা, তাকে ঘিরেই আমরা স্বপ্ন রচনা করি। তাই নারী জন্ম থেকেই স্বপ্ন দেখতে শুরু করে—কখনো সচেতনভাবে, কখনো আবছা অবচেতনায়—তার প্রাপ্য আদায়ের জন্য। একই দেশে শুধু নারী হয়ে জন্মানোর কারণে কেন সে মানুষ হিসেবে স্বীকৃতি পায় না, এ প্রশ্নই তাকে তাড়া করে স্বপ্নদর্শী হতে, স্বপ্ন সফল করার জন্য উদ্যমী হতে, সাহসী হতে। নারী স্বপ্ন না দেখলে কী করে প্রত্যন্ত গ্রাম্য কিশোরী অজানা শহরের পথে যাত্রা করে পোশাকশ্রমিক হয় পরিবারের স্বপ্ন সফল করতে? কী করে স্বল্পশিক্ষিত গ্রাম্য বধূ লেবানন, সৌদি আরব বা মরিশাসে অভিবাসী শ্রমিকের কাজ করতে এক অজানা জগতে পা বাড়ায়? স্বপ্ন না দেখলে কী করে হতদরিদ্র গ্রাম্য নারী ক্ষুদ্রঋণের মাধ্যমে সঞ্চয় করে পুত্রকে শহরে চিকিৎসক হতে পাঠায়! বাংলার নারী অবরোধবাসী, বঞ্চিত ও অবহেলিত হলেও বারবার স্বপ্ন দেখেছে শৃঙ্খলমুক্ত হওয়ার। বাংলাদেশে আজ আমাদের স্মরণ করতে হবে অধিকার আদায়ের স্বপ্ন ভিক্ষা বা উপঢৌকন নয়, ন্যায্য পাওনা ও বৈষম্যের অবসানের স্বপ্ন। সমমর্যাদা ও যোগ্যতায় নারীকে দেশ পরিচালনার স্বপ্নের ডাক দিয়েছিলেন বেগম রোকেয়া ১০০ বছরেরও আগে। সুলতানার চোখ দিয়ে বেগম রোকেয়া আমাদের সমতার স্বপ্ন দেখিয়েছেন ১০৭ বছর আগে। তিনি বলেছিলেন, ‘ভগ্নিগণ, সকলে সমস্বরে বল, আমরা মানুষ’। আজ আমরাও স্বপ্ন দেখি সম-অধিকারসম্পন্ন মানুষ হওয়ার। এ দেশকে নারীরাই গড়বে এক স্বপ্ন পূরণের দেশ হিসেবে, রাষ্ট্র পরিচালনা থেকে সমাজ বদলে দেওয়ার অঙ্গীকার নিয়ে নারী এগিয়ে যাবে। তৃণমূল থেকে, সুউচ্চ পর্যায় থেকে বৈশ্বিক পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে নারী সম-অংশীদারি ভোগ করবে। শুধু নারী হয়ে জন্মানোর কারণে তাকে অধস্তন রাখা বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ, নির্যাতন বা অসম আইন প্রয়োগ কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না। ধর্মীয় অপব্যাখ্যা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও প্রথাগত নেতিবাচক সামাজিক আচরণ বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলোপ করতে হবে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে নারী-পুরুষের সংহতিপূর্ণ এক বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় আনা হবে। দেশের উন্নয়নের প্রতীকী ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে ‘সুযোগে’ প্রবেশগম্যতা নিশ্চিত করতে সাময়িকভাবে নারীসহায়ক ব্যবস্থা গৃহীত হবে। সমাজ ও অর্থনীতিতে নারীর অবদানের যথাযথ স্বীকৃতি এবং লিঙ্গভিত্তিক মজুরি-বৈষম্য বেআইনি বলে বিবেচিত হবে। সার্বিকভাবে নারীর স্বপ্ন পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঘিরে। শক্তিশালী নারী আন্দোলনের মাধ্যমে নারী তার স্বপ্ন পূরণ করবে। বাংলাদেশের নারীর ধৈর্য, বিচক্ষণতা, প্রতিকূল পরিবেশে ব্যবস্থাপনা দক্ষতা এবং সর্বোপরি মানবিক সহমর্মিতা স্বপ্ন বাস্তবায়নে তার শক্তির উৎস। বেগম রোকেয়ার শতবর্ষে লালিত স্বপ্নে উজ্জীবিত হয়ে এ দেশের ১৬ কোটি মানুষকে উপহার দেবে স্বপ্নের স্বদেশ।সালমা খান: নারী নেত্রী। সাবেক চেয়ারপারসন, জাতিসংঘ সিডও কমিটি।