শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন করল নাট্য সংগঠন স্বপ্নদল। গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ গবেষণাগার নাট্যরীতিতে চিত্রাঙ্গদা প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সার্ধশততম রবীন্দ্রবর্ষে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল এ বছর মঞ্চে আনে দলের ১১তম প্রযোজনা কাব্যনাট্য চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ১৮৯২ সালে মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের ‘চিত্রাঙ্গদা’ উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের সমান্তরালে রচনা করেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়: মহাবীর অর্জুন সত্য পালনের জন্য এক যুগ ব্রহ্মচার্য ব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছে। রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করে। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়ে। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে, অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসে—চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ, নাকি তাঁর প্রকৃত অস্তিত্বকে? অতঃপর চিত্রাঙ্গদার আত্মদ্বন্দ্ব আর নানা ঘটনার মধ্যে এ সত্য উপলব্ধি করা যায় যে বাইরের অবয়বের চেয়ে অনেক বেশি মূল্যবান নারী-পুরুষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়।রবীন্দ্রনাথ কাব্যনাটক চিত্রাঙ্গদা রচনার প্রায় ৪৪ বছর পরে ১৯৩৬ সালে তাঁর পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।চিত্রাঙ্গদা প্রযোজনার গ্রন্থিকেরা হলেন: সোনালী রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, সামাদ ভূঞা, আসিফ ইসতিয়ার, সুকন্যা আমীর, মাধুরী বেপারী সুমি, মেহেরুন্নেসা ঋতু, হুমায়ুন কবির, এনামুল হক শাহীন, রবিন দত্ত, মাসুদ রানা, আবদুর রহিম, সাহানুর রহমান, চঞ্চল গাইন প্রমুখ।ফরিদপুর বৈশাখী নাট্যগোষ্ঠী আয়োজিত সপ্তাহব্যাপী ‘রবীন্দ্র নাট্যোৎসবের সমাপনী দিনে ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় কবি জসীমউদ্দীন মিলনায়তনে স্বপ্নদল চিত্রাঙ্গদা মঞ্চস্থ করবে।