স্বপ্নপূরণ ও স্বপ্নভঙ্গ
ফাইনালের মিনিট বিশেক যেতে না-যেতেই বন্ধু আনিসুল হকের এসএমএস—সুরমাধুর্যে কান মিষ্টি হয়ে গেল!উত্তর দিলাম না। খেলায় মগ্ন হয়ে আছি, এ কারণে নয়। উত্তর দেওয়ার মুখ নেই বলে। যা খেলা হচ্ছে, সেটির সঙ্গে আর যা-ই হোক, ‘সুরমাধুর্য’ শব্দটা যে একদমই বেসুরো শোনাচ্ছে। অথচ আমি তো সেই গ্যারান্টিই দিয়েছিলাম!বিশ্বকাপ বিশেষ সংখ্যায় কল্পচোখে যে ফাইনালটির স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন সত্যি হয়েছে। স্পেন আর হল্যান্ডই উঠেছে ফাইনালে। এটা ভবিষ্যদ্বাণী ছিল না, ছিল চাওয়া। দুটির মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভবিষ্যদ্বাণী মানে তো কী হবে, সেই সম্ভাবনার কথা বলা। সেটি নিজের চাওয়ার সঙ্গে নাও মিলতে পারে। ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার চেয়ে চাওয়া পূরণ হওয়ার আনন্দটা তাই অনেক বেশি।২০০৬ বিশ্বকাপে ‘ব্রাজিল না হলে কে? ইতালি?’ ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ‘আমি আগেই বলেছিলাম’ জাতীয় একটা গর্ব অবশ্যই হয়েছিল। সেটি যদি গর্ব হয়, এবারেরটা ছিল নির্ভেজাল আনন্দ। সত্যিই তাহলে স্পেন-হল্যান্ড ফাইনাল হচ্ছে! আমি মনেপ্রাণেই চেয়েছিলাম, কিন্তু সেই চাওয়া পূরণ হওয়ার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী ছিলাম বললে বানিয়ে বলা হবে।যে দুটি দলকে ফাইনালে চাইছি, এক দল কখনো বিশ্বকাপ ফাইনালে খেলেইনি। আরেকটি টানা দুই ফাইনালের শেষটি খেলেছে ৩২ বছর আগে। স্পেনকে তা-ও অনেকে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে দেখছিলেন, বাছাইপর্বে সব ম্যাচ জিতে বিশ্বকাপে আসার পরও হল্যান্ডকে বোধ হয় কেউই নন। তার পরও প্রথম আলোর বিশ্বকাপ বিশেষ সংখ্যা মেকআপ করার ফাঁকে গভীর রাতে ওই লেখাটি লিখতে বসে কেন যেন বারবার মনে হতে লাগল, ‘আহা, ফাইনালটা যদি স্পেন-হল্যান্ড হতো!’ সেটি লিখেও ফেললাম।একটা কারণ তো অবশ্যই বিশ্বকাপের দায় মোচন। পরপর দুটি ফাইনাল খেলেও বিশ্বকাপের দেখা পায়নি হল্যান্ড। সেই ফাইনালে ওঠাও কেঁদে-ককিয়ে নয়, কমলা রঙে সবার মন রাঙিয়ে রাজকীয় ভঙ্গিমায়। ১৯৭৮ বিশ্বকাপে ক্রুইফ ছিলেন না, তার পরও আমার কাছে হল্যান্ড মানেই ক্রুইফ। যে কারও করা সর্বকালের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকাতেই থাকেন। তবে মাঠে রাজকীয় চলাফেরা, প্রতিটি পদক্ষেপে বিচ্ছুরিত সৌন্দর্য—এসব বিবেচনায় ক্রুইফই বোধ হয় এক নম্বর। পেলে দর্শকদের পাগল করেছেন তাঁর কল্পনাশক্তির অবাধ বিস্তারে, বল পায়ে অভাবনীয় সব চিন্তার রূপায়ণ ঘটিয়ে। ম্যারাডোনা ছিলেন বিস্ফোরক-শ্বাসরোধী-অপ্রতিরোধ্য। এর আগে-পরে আরও কত মহানায়কের পদস্পর্শ পেয়েছে ফুটবল। কিন্তু ক্রুইফের সৌন্দর্যটা ছিল অন্য মাত্রার। হল্যান্ডের প্রতি দুর্বলতার জন্মও ওই ক্রুইফের কারণেই। আরেকটা কারণ বিশ্বকাপ বিশেষ সংখ্যার ওই লেখাতেই লিখেছি—‘ডাচ ফুটবল এখনো সম্ভ্রম জাগানিয়া। “সম্ভ্রম”—কারণ ফুটবলটাকে এখনো জয়-পরাজয়ের ঊর্ধ্বে ভাবতে পারে ওরা। ব্রাজিলের মতো দলও যেখানে সুন্দর ফুটবলকে তুচ্ছ মেনে জেতাটাকেই ধ্যানজ্ঞান করে নিয়েছে, মুক্ত আক্রমণাত্মক ফুটবল খেলায় হল্যান্ডের বিশ্বাস এখনো অটুট।’আর স্পেনকে কেন চেয়েছিলাম ফাইনালে? এর উত্তরটাও ওই লেখা থেকেই তুলে দিই—‘দু-তিন বছর ধরে ফুটবলের সুন্দরতম ফুলগুলো ফুটেছে তো স্প্যানিশদের পায়ে পায়েই। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ক্লাব, কত যুগের ঐতিহ্য—ফুটবলকে ওরা এত দিয়েছে, বিনিময়ে ওদেরও কি কিছু প্রাপ্য হয়নি? এই বিশ্বকাপটা কি স্প্যানিশদের কাছে ফুটবলের দায় মেটানোর উপলক্ষ হতে পারে না?’আপনারা জানেন, ফুটবল সেই দায় মিটিয়েছে। যোগ্যতম দলের হাতে বিশ্বকাপ ওঠেনি—এটাও কেউ বলবেন না। ফাইনালটি যে সুরমাধুর্যে মন ভরাতে পারল না, সেই দায়ও স্পেনের নয়। হল্যান্ড সম্পর্কে যা লিখেছিলাম, এবারের বিশ্বকাপে ওদের দেখার পর থেকেই সেটি অস্বস্তির একটা কাঁটা হয়ে খচখচ করছিল মনে। বিশ্বকাপ না জিতেও যে কারণে আমার মতো লাখো মানুষের মন জিতে নিয়েছিল ডাচ ফুটবল, কোথায় সেই মুক্ত আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী? সাফল্যপিয়াসী সময় তাহলে ওদেরকেও বদলে দিয়েছে!কতটা বদলে দিয়েছে, সেটি বুঝলাম ফাইনালটা দেখে। কথাটা হয়তো খুব কড়া শোনাবে, তবে ফাইনালের হল্যান্ডকে দেখে প্রয়াত হুমায়ূন আজাদের কথা খুব মনে পড়ছিল। মনে পড়ছিল তাঁর অমর একটা লাইন—সব কিছু নষ্টদের অধিকারে যাবে। স্পেনের পাসিং ফুটবল এলোমেলো করে দিতে ফাইনালের শুরু থেকেই ডাচদের যথেচ্ছ পা চালাতে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ‘নষ্ট সময়’ তাহলে ডাচ ফুটবলকেও ‘নষ্ট’ করতে ছাড়েনি! আমার গ্যারান্টিকে বুড়ো আঙুল দেখিয়ে সুরমাধুর্যে মন ভরানোর বদলে ফাইনালটার এমন কদর্য হয়ে যাওয়ার কারণ তো এটাই। সুন্দর ফুটবলের অনুরাগী মাত্রই বুঝবেন, স্পেন-হল্যান্ড ফাইনালের চাওয়া মেটার আনন্দের চেয়ে এর কষ্টটা অনেক বেশি।এত করেও হল্যান্ড বিশ্বকাপ জিততে পারেনি। ডাচ ফুটবল নিয়ে সবার মনে যে সম্ভ্রমটা ছিল, সেটি হারিয়ে ফেলাটাকে মনে হচ্ছে এর চেয়েও বড় ক্ষতি!