স্বপ্নপূরণের পথে
আজ থেকে আট বছর আগে গণিতে উৎসাহী কয়েকজন শিক্ষাবিদকে নিয়ে যে ক্ষুদ্র প্রয়াসের সূচনা হয়, তা আজ দেশব্যাপী এক বিরাট উৎসবে পরিণত হয়েছে। আমাদের যে মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান গণিতভীতি দূর করে গণিত শিক্ষাকে একটি শক্ত ভিত্তিতে স্থাপন করা তাতে কিছুটা সাফল্য অর্জিত হয়েছে। যার প্রতিফলন আমরা দেখতে পাই সারা দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং একই সঙ্গে উৎসবের অন্যান্য কার্যক্রমে শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা থেকে। আমাদের আরেকটি লক্ষ্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এবং কয়েক বছরের মধ্যে অংশগ্রহণকারী দেশের মধ্যে কৃতিত্বের সঙ্গে স্বীকৃতি অর্জন করা। আমরা এরই মধ্যে ২০০৯ সালে জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১০৪টি দেশের মধ্যে ৫৮তম স্থান অধিকার করেছি। বাংলাদেশ দলের দুজন সদস্যের ব্রোঞ্জ পদক অর্জন আরেকটি সাফল্যের পরিচায়ক। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে এত অল্প সময়ে এত ভালো অবস্থানে পৌঁছে যাওয়া এবং পদক অর্জন সাম্প্রতিক ইতিহাসে আর কোনো দেশ দেখাতে পারেনি। আমরা আশা করছি, ২০১০ সালে কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে আমাদের দল আরও ভালো সম্মান বয়ে আনবে। আমাদের সৌভাগ্য যে এ গণিত উৎসব আয়োজনে প্রথম আলোর মতো একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সহযোগিতা পাচ্ছি এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আমাদের এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করছে। এ ছাড়া দেশব্যাপী বিরাট আয়োজনের এই গণিত উৎসবের জন্য মুভার্স নামে একটি স্বেচ্ছাসেবী দল ও প্রথম আলো বন্ধুসভার সদস্যদের স্বেচ্ছাশ্রম না থাকলে গণিত উৎসবের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো না। গণিত উৎসব আয়োজনে বিভিন্ন পর্যায়ে আরও যাদের সহায়তা পেয়েছি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।