স্বপ্নবাজ ফয়সাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটির স্বপ্ন আকাশ ছোঁয়া। চির বিস্ময়ে ভরা দুই চোখ। সামান্য সৌন্দর্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রেম। সেই সময় কণ্ঠে তুলে নেন লোকগান। পাশাপাশি চলে নৃত্য আর অভিনয়। তবে বিশ্ববিদ্যালয়ে এসে নতুন করে শুরু হয় জীবন। সহপাঠীদের সহযোগিতা আর উৎসাহে একের পর এক নির্মাণ করতে থাকেন নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। নিজের কাজ দিয়ে অল্প দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রিয়পাত্র হয়ে ওঠেন। এখন বিশ্ববিদ্যালয়ের সবাই তাঁকে এক নামে চেনে। তিনি হচ্ছেন খলিলুর রহমান। তবে ফয়সাল নামেই বেশি পরিচিত।ফয়সাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে। পিতা হাবিবুর রহমান একই উপজেলার পানিসম্পদ উন্নয়নকেন্দ্রের অফিস সহকারী। মা ফাতিমা রহমান গৃহিণী। প্রথম শ্রেণীতে পড়ার সময় একবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সমবেত গান পরিবেশন করেছিলেন ছোট্ট ফয়সাল। এভাবেই প্রেমে পড়া। এরপর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে ছিল সরব পদচারণ।ফয়সালের ভাষায়, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সংস্কৃতির ভূত মাথাচাড়া দিয়ে ওঠে। ওই সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাটক, নাচ, গান ও আবৃত্তি ক্যাটাগরিতে অংশ নিই। ক্যাম্পাসে ফিরে নির্মাণ করি জিনের আছর নামের একটি নাটক। এ নাটকে আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা অভিনয় করেন। নাটকটি বেশ প্রশংসিত হয়। এরপর একে একে পাঁচটি বাংলা গানের মিউজিক ভিডিও, দুটি বিজ্ঞাপনচিত্র, একটি হাস্যরসাত্মক নাটক এবং একটি কল্পকাহিনি তৈরি করি, যেগুলো দেখে অনেকেই প্রশংসা করেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন।’ফয়সাল বলেন, ‘পড়াশোনা শেষ করে ভবিষ্যতে নির্মাতা হওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশের মিডিয়া জগতে ভালো কিছু নাটক ও চলচ্চিত্র উপহার দিতে চাই। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এখন থেকেই কাজ করছি। সম্প্রতি বর্তমান ছাত্র-রাজনীতি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিয়েছি।’