স্বপ্নবিলাসীদেরও বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসারন্ধ্রে প্রবলভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে ক্রিকেটের ঝাঁজ। ঝাঁজটা যেন টিয়ার গ্যাসের। চারপাশে যা কিছু ঘটছে, সবই বিশ্বকাপ ঘিরে। সবারই আশা—বিশ্বকাপটা যেন ‘বিশ্বকাপের’ মতোই হয়।সন্দেহবাদীও আছে। এবং তাদের সন্দেহের পেছনে যুক্তিও আছে বৈকি। তাদের চোখে ক্রিকেট ইদানীং খুব বেশি হচ্ছে। সামনের সাতটি সপ্তাহে নিদেন সাত ঘণ্টা করে প্রতিদিন টেলিভিশনে পরিবেশন করা হবে ক্রিকেট। প্রতিটি ম্যাচই তো আর ‘হেভিওয়েট’ ম্যাচ নয়। আবার দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো নিয়মিতই দ্বিপাক্ষিক সিরিজ খেলে বলে তাদের মুখোমুখি লড়াইও সহজপ্রাপ্য। একপেশে অনেক ম্যাচও হচ্ছে। পৃথিবীজুড়ে দলগুলোতে তো আর প্রতিভা উপচে পড়া ক্রিকেটার নেই। তা ছাড়া ৫০ ওভারের ক্রিকেট কি একটু ক্লান্তিকরও হয়ে পড়ছে না?সাধারণ মানুষের মধ্যে এই সংশয় আছে বলে মনে হয় না। সেটা ভালো করে বোঝা যায়, যখন স্পনসর আর বিজ্ঞাপনদাতাদের উপচে পড়া ভিড় থাকে। পত্রিকার প্রতিটি ইঞ্চি আর টিভির প্রতিটি মিনিট যেন বিজ্ঞাপনদাতাদের দখলে। সেটাও যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি।ব্যাপারটি এভাবেও দেখা যায়। পুরো বিশ্ব ভারতে আসছে এর রং আর বৈচিত্র্যের কারণে; আসছে যে প্রতিভাধর কিংবা সাধারণ খেলোয়াড়, যে খ্যাপাটে কিংবা সরল খেলোয়াড়দের ভারত জন্ম দিয়েছে, তার কারণে। কোনো গোঁড়ামি নেই, বর্জন নেই, খেলোয়াড়দের অধিকার কিংবা প্রশাসনিক জটিলতা নিয়ে কোনো ঝামেলা নেই। সাম্প্রতিক সময়ে খেলাটির জনপ্রিয়তায় কিছুটা ঘাটতি যদি দেখা দিয়েও থাকে, সময় এসেছে সেটি পুষিয়ে নেওয়ার। সেটি বাড়তি মাত্রা পাচ্ছে ভারত এবার শিরোপা জিততে ব্যাকুল বলে। এবার ফরম্যাটটা এমনভাবে করা হয়েছে, বড় দলগুলোর জন্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত জায়গা। আয়োজকেরা নিশ্চিত করেছেন, বড় দলগুলো যাতে আগেভাগে বাদ না পড়ে যায়; গতবার যেটি হয়েছিল ভারত-পাকিস্তান বিদায় নেওয়ায়। দিন যত গড়াবে, সংবাদমাধ্যম ও সমর্থকদের উত্তেজনা ততই বাড়বে। অবশ্য এবারও কিছু উত্তেজনাহীন ম্যাচ হবে। সেটা এড়ানোর উপায় আসলে নেই। একই দিনে দুটো ম্যাচ দিয়ে, একটা গুরুত্বপূর্ণ আরেকটা অগুরুত্বপূর্ণ, এভাবে সাজানোটা ভালো বিকল্প হতো। এতে করে বিশ্বকাপ সাত সপ্তাহ ধরেও করতে হতো না। তাতে অবশ্য বিজ্ঞাপনদাতাদের ক্ষতি হতো। সমর্থকদেরও আরাম-আয়েশ করে ম্যাচ দেখা হতো না।অবশ্য রোমান্টিকদের জন্য এসব কোনো ব্যাপারই না। কে জানে ১৯৮৩-তে সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে শিরোপা জেতার মতো এবারও কোনো নতুন দল কিছু করে ফেলে কিনা! অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্যই বা ভাঙবে কারা? পাকিস্তান কিংবা ধরুন ওয়েস্ট ইন্ডিজ কি পারবে একটা ঝাঁকুনি দিতে? আমি জানি, এ ধরনের স্বপ্নবিলাসীদের শত্রু হিসেবেই দেখবে ভারতের সমর্থকেরা। কারণ তাদের চোখে দল একটাই, মিশনও একটাই—ইতিহাস গড়া। যে ইতিহাস ফাইনালে নিজ দেশে কোনো দলের প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরা!