স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্নের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ শুরু হয় গেল শতকের ষাটের দশকে, পরমাণু শক্তি কমিশনে দেশের প্রথম মেইনফ্রেম কম্পিউটার সংস্থাপনের মাধ্যমে। একটি কক্ষের সমান ওই গণকযন্ত্রের চেয়ে বেশি ক্ষমতাশালী এখনকার মোবাইল ফোনগুলো! বোঝা যায়, কতটা রকেটের গতিতে এগিয়েছে এ প্রযুক্তি। বাংলাদেশ যে বছর স্বাধীনতা লাভ করে, সেই বছরই প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে ইন্টেল করপোরেশন। সাধারণের জন্য কম্পিউটার সহজলভ্য হতে শুরু করে ১৯৭৬ সাল থেকে, অ্যাপল কম্পিউটারের হাত ধরে। বাংলাদেশে বিজ্ঞানীদের ঘেরাটোপ থেকে কম্পিউটার এসে পড়ে প্রকাশনা শিল্পে ওই অ্যাপলকে নিয়ে। তবে অফিস-আদালতে পারসোনাল কম্পিউটার বা পিসির প্রবেশ ঘটে আরও বছর দশেক পরে। কম্পিউটারের ব্যাপক ব্যবহার শুরুর আগেই কয়েকটি সংস্থার কাজে তথ্যপ্রযুক্তির সুপ্রয়োগ শুরু হয়। এর মধ্যে আদমজী পাটকলের শ্রমিকদের বেতন-বিল, বেগম শাহেদা মোস্তাফিজের হাত ধরে ব্রাঞ্চ ব্যাংকিংয়ের সফটওয়্যার এবং প্রকাশনার জন্য কম্পিউটারে বাংলা লেখার কায়দাকানুন হয়েছে। সরকারি কাজের ক্ষেত্রে তত দিনে প্রতিষ্ঠিত হয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে প্রশাসন কর্মকর্তাদের তথ্যভান্ডার আর ১৯৮৫ সালে সরকারি কাজে কম্পিউটার পেশাজীবীদের নিয়োগের নীতিমালা। পাশাপাশি দেশে কম্পিউটার বিক্রেতাদের প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি যাত্রা শুরু করে ১৯৮৭ সালে।কাজেই এরশাদের পতনের পর দুই দশক আগে গণতান্ত্রিক পথে বাংলাদেশের নবযাত্রার সূচনালগ্নে তথ্যপ্রযুক্তির বিকাশের মূল অনুপ্রেরণাগুলো আমাদের সমাজে বিদ্যমান ছিলই। ফলে ১৯৯১—৯৫ সাল জুড়ে তথ্যপ্রযুক্তিতে নানা সম্ভাবনার কথা ব্যাপকভাবে শোনা গেছে এবং সেসব ধারণা যে সত্যি হতে পারে, সেটির কিছু আলামতও দেখা গেছে। যদিও মাত্র একটি প্রতিষ্ঠানের হাতে মোবাইল ফোনের রাজত্ব তুলে দেওয়ার ফলে মোবাইলের বিকাশ শহরাঞ্চলে, বিশেষ করে ধনীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।বিশ্বজুড়ে ১৯৯০-এর দশকে তথ্যপ্রযুক্তি উন্নতির চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়। তৈরি হয় ইন্টারনেট আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তথ্যপ্রযুক্তি দিনবদলের হাতিয়ার হিসেবে কয়েকটি ক্ষেত্রকে মোটামুটি বদলে ফেলে সর্বত্র। এর প্রথমটি হলো সরকারি ও বড় বড় করপোরেট সংস্থার সেবাপ্রদানের রীতি। কার্যপ্রণালির কম্পিউটারাইজডের ফলে সেবাপ্রদান হয় সহজতর। কারিগরিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিও সহজ হয়ে ওঠে। দেশে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণও দেখে ফেলি। এর একটি ছিল ইরাক যুদ্ধে দেশে প্রত্যাগত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি জাতিসংঘ ক্ষতিপূরণ কমিশনে পাঠানো। ৬৩ হাজারেরও বেশি প্রত্যাগত ব্যক্তির দাবি-দাওয়ার তথ্য কমিশনের নির্ধারিত ফরম্যাটে কম্পিউটার ডেটাবেইসে পাঠাতে হয়। মজার বিষয় হলো, প্রথমবারের চেষ্টায় বাংলাদেশের সব আবেদন গৃহীত হলেও ভারতকে দ্বিতীয় দফায় সব আবেদন সংশোধন করতে হয়। যথাযথভাবে ডেটা এন্ট্রি দেওয়ার ফলে ক্ষতিপূরণের সফল দাবি কমিশন মেনে নেয়।দ্বিতীয় উদাহরণটি সারা দেশের আনাচে-কানাচে তথ্যপ্রযুক্তির কথা ছড়িয়ে দিতে সাহায্য করে। এটি ছিল দেশের বৃহত্তম পাবলিক পরীক্ষা—এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কম্পিউটারাইজড। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, বিশেষ করে ডেটাবেইস ও অপটিক্যাল মার্ক রিডারের মাধ্যমে পাবলিক পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করা হয়। উত্তরপত্রে শিক্ষার্থীর পরিচয় না থাকায় বন্ধ হয়ে যায় ‘পরীক্ষার খাতার পেছনে একশ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের ইঁদুর-দৌড়’। অন্যদিকে ফলাফল প্রকাশে চালু হয় আধুনিক পদ্ধতি। এ পদ্ধতি ক্রমান্বয়ে বিকশিত হয়ে এখন মোবাইল ফোনে বা ইন্টারনেটে ঘরে বসে (কিংবা বিদেশ থেকে) পাবলিক পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। ফলাফল প্রকাশের কয়েক দিন পর নানা দুর্ভোগের মাধ্যমে ফলাফল জানার সংস্কৃতিরও অবসান ঘটে। এ দুটি উদাহরণ আরও অনেক উদাহরণ প্রয়োগের সুযোগ সৃষ্টি করলেও কেন জানি সে রকম তেমন উদ্যোগ দেখা দেয়নি। বরং ১৯৯১—৯৫ সময়কালে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাবে, এই অজুহাতে বাংলাদেশ সমুদ্রের তলদেশে স্থাপিত আন্তর্মহাদেশীয় কেবেল যুক্ত হতে অস্বীকৃতি জ্ঞাপন করে। নষ্ট হয়ে যায় তথ্যের মহাসড়কে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ। তবে সরকারি খামখেয়ালিপনার বিপরীতে তরুণ উদ্যোক্তারা নানা বুদ্ধি প্রয়োগ করে ১৯৯৩-৯৪ সালেই অফলাইনে বাংলাদেশে ই-মেইল ও ইন্টারনেট চালু করতে সক্ষম হয়। যোগাযোগের এই নতুন মাধ্যমটি সহজে সবার দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত এটি সুলভ হয়নি, নীতিনির্ধারকদের দূরদৃষ্টির অভাবে।১৯৯৬-এর নির্বাচনের পর সরকার তথ্যপ্রযুক্তির প্রসারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। মোবাইল ফোনের একচেটিয়া রাজত্বের অবসান ঘটিয়ে আরও চারটি অপারেটরকে লাইসেন্স দেওয়া হয়। তার মধ্যে আনওয়ার কাদিরের ধ্যানধারণাকে কাজে লাগিয়ে গ্রামীণফোন পল্লি অঞ্চলে মোবাইল ফোনসেবা পৌঁছে দিতে শুরু করে। আজ এক যুগ পর নির্দ্বিধায় বলা চলে, ১৯৯৭ সালের ওই সিদ্ধান্ত গ্রাম ও শহরের মানুষের মধ্যে যুক্ত থাকার যে বিশাল ব্যবধান, সেটি কমাতে দারুণভাবে সফল হয়েছে।অন্যদিকে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কমিটির সুপারিশে সরকার কম্পিউটার ও এতদসংক্রান্ত পণ্যের ওপর সমস্ত শুল্ক প্রত্যাহার করে। ফলে কম্পিউটার মধ্যবিত্তের নাগালে চলে আসে। সরকারের বিভিন্ন অফিসে ব্যাপকভাবে কম্পিউটারাইজডের নামে কম্পিউটার কেনা শুরু হয়। বিশ্ব আইটি বাজারের সামান্য একটি অংশ ক্যাপচার করার অভিলাষে দেশে সফটওয়্যার ব্যবসায়ীদের নতুন সংগঠন বেসিসের জন্ম হয়। টেলিযোগাযোগ খাতে ইন্টারনেটের ভূমিকা স্বীকার করে সরকার ভিস্যাট (VSAT) ব্যবহারের সুযোগ দেয়। শুরু হয় ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হওয়ার পালা। নব্বইয়ের দশকে বিশ্বব্যাপী ইন্টারনেট আর ডটকমের যে জোয়ার শুরু হয়, এর থেকে নিজেদের প্রাপ্য তুলে দেওয়ার স্বপ্ন তত দিনে ডালপালা মেলেছে। নিজেদের সার্ভিস সেন্টারের উন্নয়ন আর দুই বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানির স্বপ্ন নিয়ে বাংলাদেশ নতুন সহস্রাব্দে প্রবেশ করে।২০০১ সালে সরকার টেলিযোগাযোগ আইন পাস করে গঠন করে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন)। বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের নিয়ন্ত্রণের মাধ্যমে সারা দেশে সেলফোন সেবা ছড়িয়ে দেওয়ার উদ্যোগে শামিল হয়। এর আগে ১৯৯৮ সালে জাতীয় টেলিযোগাযোগ নীতিমালায় ২০১০ সালের মধ্যে ২৫ শতাংশ জনগণের কাছে টেলিফোন-সেবা পৌঁছানোর লক্ষ্য স্থিরীকৃত হয়। পাবলিক সেক্টরে আশানুরূপ বিকাশ না হলেও কতক প্রাইভেট সেক্টরে, বিশেষ করে ব্যাংক-বিমায় তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রয়োগ শুরু হয়ে যায়। সরকারিভাবে তথ্যপ্রযুক্তির একটা জাতীয় নীতিমালা তৈরি শুরু হয়। এরই মধ্যে ২০০২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সেটিকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় করা হয়। দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসংক্রান্ত কর্মকাণ্ডের সমন্বয়ের জন্য এ মন্ত্রণালয়টি সৃষ্টি করা হয় বলে ধারণা করা যায়। কিন্তু পরবর্তী কয়েক বছরে মন্ত্রণালয়ের কার্যপ্রণালি (রুলস অব বিজনেস) সংশোধিত ও পরিমার্জিত না হওয়ায় সে লক্ষ্য কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। তারই প্রমাণ মেলে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০২-এ। মাত্র চার বছর তথা ২০০৬ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সে নীতিমালাটি গৃহীত হয়। কিন্তু কোনো কর্মপরিকল্পনা না থাকায় স্বপ্নভঙ্গের বেদনা মুখ্য হয়ে ওঠে।অন্যদিকে বিশ শতকের শেষ তিন বছরে আমাদের আশপাশের দেশগুলো নিজ নিজ দেশে ইলেকট্রনিক লেনদেনের আইনি কাঠামো গঠন করে ফেলে। সেসব অভিজ্ঞতা থেকে ২০০২ সালে আইন কমিশন দেশে ইলেকট্রনিক লেনদেন, সাইবার অপরাধ, ট্রাইব্যুনাল ইত্যাদি-সংক্রান্ত আইনের খসড়া সুপারিশ করে। কিন্তু সে আইনটি গৃহীত হতে মাত্র চার বছর (২০০৬) সময় নেয় আইসিটি মন্ত্রণালয়। আবার তাতে গলদ থাকায় শেষ পর্যন্ত ওই আইন কার্যকর হয় ২০০৯ সালের জুলাই মাসে। ২০০৩ ও ২০০৫ সালের বিশ্ব তথ্যসমাজ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ নেয়। সে সময় লক্ষ করা যায়, পেছন থেকে জোরে দৌড়ালে হয়তো বাংলাদেশ অন্যদের কাতারে যোগ দিতে সক্ষম হবে। এ সময়কালে বাংলাদেশ অবশেষে সমুদ্র তলদেশের আন্তর্মহাদেশীয় কেবেলর মাধ্যমে তথ্য মহাসড়কে সংযুক্তি লাভ করে। কিন্তু সমস্ত নিয়মনীতি ভঙ্গ করে সে কেব্ল ঢাকায় এনে তারপর সারা দেশে বিতরণ করা হয়। এর ফলে অন্যান্য সেবার মতো ইন্টারনেট-সেবাও ঢাকায় কুক্ষিগত হয়ে পড়ে। অথচ কক্সবাজার থেকেই এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া যেত, যেমনটি একই কনসোর্টিয়ামে যুক্ত অন্যান্য দেশ করেছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো এখন ব্রডব্যান্ডও মানুষের মৌলিক অধিকার। অথচ ২০০৫ সাল থেকে পাঁচ বছরে একাধিকবার ব্যান্ডউইথড মূল্য কমানোর পরও এটি এখনো এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি; সাধারণ মানুষের নাগালের বাইরে।তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় শিক্ষা এর গতি এবং সম্ভবত এ শিক্ষা এখনো আমরা নিইনি। কেবল সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতার কারণে বাংলাদেশে ব্রডব্যান্ডের বিকাশ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম! অথচ আমরাই মোবাইল ফোনের সম্প্রসারণে এবং সারা দেশের শতকরা ৯৯ ভাগ এলাকাকে ইন্টারনেটের আওতায় আনার রেকর্ড করেছি। কেবল তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ফোর-জি) মোবাইল সেবা উন্মুক্ত করলেই এক লাফে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যেতে পারে। একই সঙ্গে বিগত পাঁচ বছরে কথা বলার সাশ্রয়ী প্রযুক্তি ভিওআইপি (ভয়েস ওভার আইপি, ইন্টারনেটে কম মূল্যে কথা বলার প্রযুক্তি) নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। দেশের সম্ভাবনাময় একদল তরুণ প্রযুক্তি-কর্মীর পেছনে র্যাব আর পুলিশ লেলিয়ে দিয়ে তাদের প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে রাখতে উৎসাহ দেওয়া হয়েছে।১৯৯০ থেকে শুরু হয়ে স্বপ্নের ক্রমাগত বড় হওয়া যতটা না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে সে স্বপ্নকে ভেঙে দেওয়ার নানা আয়োজন। নানা নাকানিচুবানি খাওয়ার পরও একুশ শতকের নতুন প্রজন্ম ঠিকই তাদের দক্ষতার চমৎকারিত্ব দেখিয়ে যাচ্ছে। যে ভিওআইপি-সেবা দেশের মানুষ পায় না, সেই সেবার পণ্য তৈরি করে আমাদের দেশের তরুণেরা দেখিয়েছে তাদের সক্ষমতা। নতুন প্রজন্ম বাধা পেয়েছে, পিছিয়ে এসেছে কিন্তু হার মানেনি। কাজেই ২০০৮ সালের নির্বাচনে যখন ‘ডিজিটাল বাংলাদেশ’ তথা আধুনিক প্রযুক্তিনির্ভর ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়ার ডাক পেয়েছে, তখন নতুন স্বপ্ন নিয়ে তারা সেদিকে ছুটেছে।ডিজিটাল বাংলাদেশ সরকারের ২২ মাসের শাসনামলে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব-নিকাশ হচ্ছে, যদিও অডিট খাতা বন্ধ করার সময় এখনো হয়নি। গেল দুই বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, যেমন—ইলেকট্রনিক লেনদেন করার আইনি কাঠামো, সাধারণ মানুষের হাতে যে মোবাইল, তার মাধ্যমে সেবাপ্রাপ্তির নজির, সরকারের সদিচ্ছা, তথ্যপ্রযুক্তির সঙ্গে জীববিজ্ঞানের মিলনে পাটের জিন-নকশা উন্মোচনের জন্য গবেষণার প্রতি সরকারের আগ্রহ। পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য মোট ৩০৬টি কর্মপরিকল্পনাসমৃদ্ধ একটি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ অনুমোদন। নীতিমালার বাস্তবায়ন তদারকির একটি প্রাতিষ্ঠানিক কাঠামোও গড়ে উঠছে।গেল দুই দশকে বিভিন্ন স্থানে ক্রমাগতভাবে যে তথ্যভান্ডার গড়ে উঠেছে, সেটির সর্বোচ্চ ব্যবহারের নজির সৃষ্টি হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর উপাত্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলো মোবাইল ফোনে ভর্তি-প্রক্রিয়া শুরু করেছে, যা একই সঙ্গে অর্থনাশ ও সময়ের অপচয় কমিয়েছে। প্রমাণ করেছে ‘প্রযুক্তির ব্যবহার যত বেশি হয়, কাজের সময় বাড়ে, কমে আসে নষ্ট সময়’।জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পূর্বশর্ত জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা। বিশ্বগ্রামের অধিবাসী হিসেবে তরুণ প্রজন্ম যাতে তথ্যপ্রযুক্তিকে সঙ্গে নিয়ে গড়ে উঠতে পারে, এর জন্য দেশজুড়ে স্কুল-মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করা হচ্ছে। এমনকি যেসব স্থানে বিদ্যুৎ নেই, সেখানে সৌরবিদ্যুতে ল্যাব চালানো হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের বিকাশের জন্য তথ্যপ্রযুক্তির প্রয়োগ বেড়েছে। অনলাইনে কোম্পানির রেজিস্ট্রেশন হচ্ছে, আয়কর রিটার্ন দেওয়াও শুরু হয়েছে। সারা দেশে সব ইউনিয়নে তথ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যাতে তথ্যসেবা ইউনিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। পল্লিফোনের ধারক মোবাইল লেডির মতো এখন ল্যাপটপ হাতে গ্রামের মেয়েদের, যাদের আমরা তথ্যকল্যাণী বলছি, গ্রাম থেকে গ্রামান্তরে যেতে দেখছি। দেশের প্রায় সাড়ে তিন হাজার তরুণ-তরুণী ইন্টারনেট স্বাধীনভাবে কাজের ক্ষেত্র হিসেবে খুঁজে নিয়েছে। স্যামসাং, ওয়াল্ট ডিজনির মতো কোম্পানি বাংলাদেশে তাদের উন্নয়ন ও গবেষণাকেন্দ্র খুলছে—এ সবই নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সবাইকে।পাশাপাশি গেল দুই বছরে বিশাল মাপের কোনো আইটি প্রকল্প কিন্তু দেশে শুরু হয়নি। হাত দেওয়া হয়নি জমির রেজিস্ট্রেশন বা রেকর্ড ডিজিটাইজেশনের। অনেক জায়গায় অভ্যন্তরীণ স্বয়ংক্রিয়করণের কাজে হাত দেওয়া হচ্ছে না। হয়ে থাকা ঢাকা কাস্টম হাউস অটোমেশন চালু হয়নি। পেপালের (www.paypal.com) সার্ভিস চালু না হওয়ায় মুক্ত পেশাজীবীদের টাকা পাওয়ার ঝামেলা এখনো শেষ হয়নি।তবে এই আমলে সবচেয়ে বড় পাওয়া রাজনৈতিক অঙ্গীকার। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে থাকার প্রতিযোগিতাও আমরা লক্ষ করছি। সুস্থ প্রতিযোগিতা নিঃসন্দেহে এগিয়ে যেতে সাহায্য করে। তবে অনেক কর্মকাণ্ডের বিয়ারিংয়ে তেলের অভাব রয়েছে। আর এই তেলের অভাব পূরণে একশ্রেণীর চাটুকারের তেল মর্দনের অভাব হচ্ছে না। রূপকল্প ২০২১ সালের আগেই ‘সবকিছু করে ফেলার’ তোড়জোড়ও তাই কম নয়। আশঙ্কাটা এখানেই। তাড়াহুড়ো করতে গিয়ে নষ্ট করার সংস্কৃতি আমাদের ঐতিহ্যজাতও বটে।বৃত্ত ভেঙে বদলের যে অঙ্গীকার দেখা যাচ্ছে, সেটি যদি চলমান থাকে, সঙ্গে সঙ্গে যদি কিছু গুরুত্বপূর্ণ বড় প্রকল্প শুরু করা যায়, যদি পাইলট প্রকল্পের ভূত ঘাড় থেকে নামানো যায়, তাহলে হয়তো এবার আর স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে না বাংলাদেশকে।নতুবা আজ থেকে এক দশক পরে আমার মতো কাউকে স্বপ্ন আর স্বপ্নভঙ্গের বেদনার কথা লিখতে হবে, হয়তো বা লিখতে হবে নতুন স্বপ্নের বয়ান। মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি