স্বপ্নভঙ্গের অসম্পূর্ণ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তাঁর মেডিকেলে পড়ার। তাই মেডিকেলে সুযোগ পেয়ে খুব খুশি হয়েছিলেন। কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজে এসে সবকিছু দেখে চরম হতাশ হয়েছেন তিনি। ‘মেডিকেলে পড়ার আমার আজন্ম স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই কলেজে এসে’, বললেন এ বছর ১৯তম ব্যাচে ভর্তি হওয়া এই শিক্ষার্থী।স্বপ্ন ভেঙে যাওয়া এই শিক্ষার্থীর মুখেই শোনা যাক তাঁর হতাশার কারণগুলো: ‘ক্যাম্পাস বলতে কিছুই নেই। হোস্টেল বলতে কলেজের বাইরে ভাড়া বাড়ি। শিক্ষকের সংকট প্রকট। অনেক শিক্ষক দুই মাসেও এক দিন ক্লাসে আসেন না। ক্লাস ঠিকমতো হয় না। লেখাপড়ার মান নিয়েও আমরা সন্তুষ্ট নই। অন্য মেডিকেল কলেজ থেকে আমরা পিছিয়ে পড়ছি।’এ রকম প্রতিক্রিয়া আরও অনেক শিক্ষার্থীর।কর্তৃপক্ষও অকুণ্ঠচিত্তে স্বীকার করে যে এটি একটি অসম্পূর্ণ কলেজ।এ রকম নানা অসম্পূর্ণতা আর সীমাবদ্ধতার জগদ্দল পাথর ঠেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফরিদপুর মেডিকেল কলেজ। ১৯৯২ সালে কলেজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও গত দেড় যুগে তা নিজস্ব অবকাঠামো পায়নি। অন্য একটি প্রতিষ্ঠান ম্যাটসের স্থাপনায় চলছে এই কলেজের কার্যক্রম।১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফরিদপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর শহরতলির হাড়োকান্দি এলাকায় ১৬ দশমিক ৭৫ একর জায়গা অধিগ্রহণ করা হয়। দীর্ঘদিন কলেজটি সাইনবোর্ডে সীমাবদ্ধ থাকার পর অব শেষে ১৯৯২ সালের ১৭ মার্চ অন্য একটি স্থানে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে ম্যাটসের অবকাঠামোতে (আগে যা ছিল ঈশান ইনস্টিটিউশন) শুরু হয় ফরিদপুর মেডিকেল কলেজের কার্যক্রম।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাত্র ৩ দশমিক ২৫ একর আয়তনের কলেজ ক্যাম্পাসে চারতলা একটি ভবন রয়েছে। এর তিনটি তলা প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। চতুর্থ তলাটি মেয়েদের ছাত্রীনিবাস। এ ছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের একটি ভবনও ছাত্রীনিবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কলেজ ক্যাম্পাসের একটি দোতলা ভবনে করা হয়েছে ছাত্রদের হল। জায়গার অভাবে শহরের বিভিন্ন স্থানে চারটি বাড়ি ভাড়া করে অন্য শিক্ষার্থীদের রাখা হয়েছে।কলেজের বর্তমান শেষ বর্ষের (চতুর্দশ ব্যাচ) এক ছাত্র খেদের সঙ্গে বলেন, ‘অন্য মেডিকেল কলেজে গেলে আমাদের করুণ অবস্থার কথা ভেবে মাথা নিচু হয়ে যায়। নিজের ক্যাম্পাস নেই, শিক্ষক নেই, অনেক শিক্ষক মাসের পর মাস ক্লাস নেন না, অডিটরিয়াম নেই। সব জায়গায় গাদাগাদি অবস্থা। সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতি।’একই ব্যাচের আরেক ছাত্রী বললেন, ‘প্রথম দিন ক্যাম্পাসে পা দিয়েই অবাক হয়ে গেছি। এই নাকি মেডিকেল কলেজ!’ওই ছাত্রী বললেন, ভাড়া করা যেসব ভবনে শিক্ষার্থীদের রাখা হয়, সেখানে পানি, বিদ্যুৎসহ নানা সমস্যা রয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে একটি প্যাকেজ কর্মসূচির আওতায় ফরিদপুরসহ পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম একসঙ্গে শুরু হয়। চিকিৎসকের সংখ্যা বাড়ানো, উন্নত চিকিৎসাসেবা প্রদানসহ দেশের স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় রেখে এই পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম একসঙ্গে শুরু করা হয়।একমাত্র ফরিদপুর মেডিকেল কলেজ ছাড়া অন্য কলেজগুলো গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজস্ব জায়গা ও অবকাঠামোতে কাজ শুরু করেছে।অন্য চার কলেজের তুলনায় ফরিদপুর মেডিকেলের জন্য জায়গাও অনেক কম অধিগ্রহণ করা হয়েছিল। এই কলেজের জমির পরিমাণ মাত্র ১৬ দশমিক ৭৫ একর। অথচ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জমির পরিমাণ ৪০ একর, খুলনা মেডিকেল কলেজের ৩৯ দশমিক ৫৫ একর এবং কুমিল্লা ও দিনাজপুর মেডিকেল কলেজের জন্য বরাদ্দ হয় ২৫ দশমিক ৫ একর করে।কলেজের পূর্ণাঙ্গ অবকাঠামোর ব্যাপারটি এখন বাজেট বরাদ্দ তথা প্রকল্প পাসের পর্যায়ে আটকে আছে। কলেজ সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া শুরু হয় থোক বরাদ্দের মাধ্যমে। ২০০৬ সালে একাডেমিক ভবন নির্মাণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৮ সালের ৩০ এপ্রিল কাজ শুরু হয়। ছয়তলা একাডেমিক ভবনের ফাউন্ডেশন ও একতলা পর্যন্ত নির্মাণ করতে গিয়ে এর মধ্যে সাড়ে আট কোটি টাকা খরচ হয়ে গেছে।সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ‘স্টাবলিশমেন্ট অব ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল’ নামে একটি প্রকল্প প্রণয়ন করেছে। প্রস্তাবিত এই প্রকল্প গত ২৫ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। অধিদপ্তর কিছু সংশোধন করে ২৫ মে প্রস্তাবিত প্রকল্পটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষ আবার তা সংশোধন করে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। এতে প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৬১৩ কোটি টাকা এবং নির্মাণ সময় ধরা হয় ২০১৪ সাল। কিন্তু ১৯ আগস্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প ব্যয় কমিয়ে ৫০০ কোটি টাকার নিচে নামিয়ে আনার পরামর্শ দিয়ে এই প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রকল্পটির পুনর্মূল্যায়ন শুরু করেছে। মন্ত্রণালয় কলেজ কর্তৃপক্ষের সংশোধিত প্রকল্পটি অনুমোদন করার পর এটি পরিকল্পনা কমিশনে যাবে।কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ফরিদপুর মেডিকেল কলেজকে একটি অসম্পূর্ণ প্রতিষ্ঠান বলা যায়। এটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তিনি আরও বলেন, ‘এর অবকাঠামোগত কাজ শুরু হয়েছে থোক বরাদ্দের মাধ্যমে। কিন্তু থোক বরাদ্দ দিয়ে তো আর মেডিকেল কলেজ হয় না! পাশাপাশি এটাও বলতে হবে, আমাদের পূর্বসূরিরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। একসঙ্গে পাঁচটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করলেও অন্যগুলো পূর্ণাঙ্গতা পেল, আর আমরা তিমিরেই পড়ে থাকলাম।’ তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকল্প তৈরির কথা উল্লেখ করে বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে আগামী চার বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হয়ে উঠবে।প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে ফরিদপুর সদর আসনের (ফরিদপুর-৩) সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মেডিকেল কলেজটির বর্তমান অবস্থার জন্য আগের সরকারের ‘উদাসীনতাকে’ দায়ী করেন। মন্ত্রী বলেন, ‘তা না হলে একসঙ্গে শুরু হওয়া চারটি মেডিকেল কলেজ পূর্ণতা পেল, আর আমরা পিছিয়ে পড়লাম কেন? এটা ফরিদপুর মেডিকেল কলেজ বলে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাটিতে জন্মগ্রহণ করেছেন বলে?’খন্দকার মোশাররফ হোসেন আশ্বাস দিয়ে বলেন, তিনি প্রকল্পটি অনুমোদন করিয়ে এই কলেজকে একটি পূর্ণাঙ্গ কলেজ হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বাত্মক চেষ্টা করবেন। মন্ত্রী বলেন, এ ছাড়া তিনি মেডিকেল কলেজ হাসপাতালটিকে একটি আধুনিক হাসপাতালে পরিণত করবেন, যাতে স্থানীয় মানুষকে কোনো ধরনের চিকিৎসাসেবা নিতে ফরিদপুরের বাইরে যেতে না হয়।