স্বপ্নর স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বাংলাদেশ কেমন লাগল? ঢাকার মাঠ? এই দেশে আপনার এত ভক্ত, এটা কি কল্পনা করেছিলেন? বাংলাদেশ নামে যে একটি দেশ আছে, আগে জানতেন?লিওনেল মেসির ইন্টারভিউটা এই তিনটি প্রশ্ন দিয়েই শুরু করলাম। এরপর কিছু রুটিন প্রশ্ন—ম্যারাডোনার সঙ্গে সম্পর্ক, আর্জেন্টিনার জার্সি পরলেই গোল করতে ভুলে যাওয়া ইত্যাদি ইত্যাদি।লিওনেল মেসির ইন্টারভিউটা যে মনে মনেই নিয়েছি, প্রথম আলোর পাঠকেরা তো সেটি জানেনই। ইন্টারভিউ নিলে তো সেটি প্রথম পৃষ্ঠায়ই ছাপা হতো। মেসি কয়বার লবিতে নামলেন, কাকে অটোগ্রাফ দিলেন, কয়বার হাসলেন—এ সবই যে সাড়ম্বরে বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে, একান্ত সাক্ষা ৎ কার তো মনমোহন সিংকে হটিয়ে লিড হওয়ার মতো।ইন্টারভিউ দূরের কথা, এত সংক্ষিপ্ত সফর যে ইন্টারভিউয়ের চেষ্টাও আর করিনি। অসম্ভবের পেছনে ছুটে কী লাভ! মেসি-দর্শন এটাই প্রথম নয়। ২০০৬ বিশ্বকাপে দেখেছি। ২০০৮ অলিম্পিকে। মিক্সড জোনে নিঃশ্বাসের দূরত্ব থেকেও। তার পরও ঢাকায় মেসি-দর্শনের সঙ্গে ওসবের তুলনা চলে না। প্রেসবক্সে বসে ম্যাচ দেখতে দেখতে আশপাশের মুখগুলো দেখছিলাম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ, চোখের সামনে মেসির জাদু—পেশাদার সাংবাদিকেরাও সব ঘোরের মধ্যে। এ কি সত্যি না স্বপ্ন!স্বপ্ন কথাটা খুব উচ্চারিতও হলো। আর প্রতিবারই মন খারাপটা আরও বাড়ল। স্বপ্ন এই ম্যাচটা খুব দেখতে চেয়েছিল! আমার বারো ছুঁই ছুঁই ছেলে। সেই ছোট্টটি থাকতে আমার সঙ্গে রাত জেগে ইউরোপিয়ান লিগ দেখতে দেখতে স্বপ্ন আমাকে তাঁর স্বপ্নের কথা বলত। একদিন বিশ্বকাপ ফুটবলে খেলবে! এই স্বপ্ন যে কখনো পূরণ হওয়ার নয়, সেটি মানতেই চাইত না। এক রাতে বার্সেলোনার ডেকোকে দেখে বলল, ও তো ব্রাজিলে জন্মে পর্তুগালে খেলছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলে আমিও অন্য দেশে চলে যাব। ওই দেশের হয়ে খেলব। ইদানীং আর ওসব বলতে শুনি না। হয়তো বাস্তবতা বুঝতে শুরু করেছে।ঢাকায় মেসি আর স্বপ্ন মিলে ফিরে এল প্রায় ভুলে যাওয়া একটা অভিজ্ঞতাও। ম্যাচটা দেখাতে পারব না বুঝেই স্বপ্নকে নিয়ে আর্জেন্টিনার প্র্যাকটিস দেখতে গিয়েছিলাম। ১৯৯৮ মিনি বিশ্বকাপে বন্ধুবান্ধব নিয়ে গ্যালারিতে বসে একটা ম্যাচ দেখেছিলাম। এরপর এই প্রথম গ্যালারিতে।স্কুলছাত্রদের উচ্ছ্বাসময় গ্যালারিতে বসে মেসিকে দেখতে দেখতে এর একটা প্রতীকী রূপও মনে এল। মেসি আসলে এমনই জাদু, পেশাদার সাংবাদিককেও যা সাধারণ দর্শক বানিয়ে দেয়।