স্বপ্নসিঁড়ির শেষ ধাপে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৮/৬ইংল্যান্ড: ১৬ ওভারে ১৩২/৩ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ীটসটা না জিতেই বোধহয় ম্যাচটা জিতে গেলেন পল কলিংউড!জিতলে ইংল্যান্ডও ব্যাটিংই করত। করলে ইংল্যান্ডেরও শ্রীলঙ্কার মতো অবস্থা হতো কি না, কে জানে!কেঁদে কঁকিয়ে শ্রীলঙ্কা করল ১২৮। সেমিফাইনালের মতো ম্যাচ কি না এক ইনিংস পরই শেষ! নাকি শেষ আরও আগে, যখন জয়াবর্ধনেকে যখন তুলে নিলেন স্টুয়ার্ট ব্রড! জয়াবর্ধনের কাছে বড় কিছুর আশা ছিল শ্রীলঙ্কার, শুধু সে কারণে নয়। এর আগেই যে ফিরে গেছেন জয়াসুরিয়া ও দিলশান। পঞ্চম ওভারের প্রথম বলের পর স্কোরবোর্ড দেখাচ্ছে ৩ উইকেটে ২৬। বিশ্বকাপের শুরুতে এই ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টির বিজ্ঞাপন হয়ে উঠেছিলেন জয়াবর্ধনে। কিন্তু আসল সময় নীরব তাঁর ব্যাট। আর জয়াসুরিয়ার ব্যাট পুরো টুর্নামেন্টেই নীরব। ৬ ইনিংসে একটি দু অঙ্কের রান পর্যন্ত নেই। শ্রীলঙ্কান এমপিকে সার্বক্ষণিক রাজনীতিকের জীবন বেছে নেওয়ার একরকম নির্দেশই দিয়ে দিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কার ইনিংসটাকে শুরুতেই এমন এলোমেলো করে দেওয়ায় ইংলিশ পেসারদের কৃতিত্ব তো অবশ্যই আছে। তবে উইকেটের কাছেও কৃতজ্ঞতার একটা ব্যাপার আছে। পেসের তারতম্য খুব কার্যকরী হলো। দুই রকমের বাউন্সারও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসারদের স্লোয়ার বাউন্সার ছিল খুব আলোচিত। কালও সেটি খুব ভোগাল শ্রীলঙ্কাকে। কাপুগেদারা তো একবার সাইডবটমকে পুল করতে গিয়ে ব্যাট এত আগে চালিয়ে ফেললেন যে, হাত থেকে ছিটকে সেটি স্কয়ার লেগে গিয়ে পড়ল!৪ উইকেটে ৪৭ হয়ে যাওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুস আর কাপুগেদারার ওপরই পড়েছিল শ্রীলঙ্কাকে বাঁচানোর দায়িত্ব। ভারতের বিপক্ষে ম্যাচের দুই নায়ক ৪৬ রানের জুটি করলেন ঠিকই, কিন্তু কাপুগেদারা ডানাই মেলতে পারলেন না। ২৭ বলে ১৬ কি টি-টোয়েন্টিতে চলে নাকি!যেমন চলে না প্রথম ব্যাটিং করে ১২৮। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিদায়ে এই বিশ্বকাপ এমনিতেই অনেকটা রং হারিয়ে ফেলেছে। এমন একতরফা সেমিফাইনাল যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। বার্মি আর্মির তাতে কি আসে যায়! প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জয়ের স্বপ্নের পথে আরেক ধাপ এগোনোর আনন্দে প্রায় অর্ধেক খালি গ্যালারি নেচে-গেয়ে মাতিয়ে রাখল ওরাই। ইংল্যান্ডের ইনিংসের ৮/৯ ওভার পর থেকে তো একটা দল মাঠের দিকে পেছন ফিরেই!খেলা আর দেখার কী আছে! ইংল্যান্ডের দুই ওপেনার তো ৮ ওভারেই তুলে ফেলেছেন ৬৮। যেদিন হয় না, কিছুই হয় না—শ্রীলঙ্কার জন্য এটি ছিল এমনই একটা দিন। রান আউট করার সহজ সুযোগও তাই কেঁদে ফিরল। ম্যাচের শেষটা যেভাবে হলো, সিনেমার চিত্রনাট্যকারও হয়তো তা লেখার আগে বেশি হয়ে যাচ্ছে কি না একবার ভাবতেন। সন্তানের মুখ দেখতে আট হাজার মাইল ওড়াউড়ি করে গত পরশু বিকেলেই ফিরেছেন যে ব্যাটসম্যান, ২৬ বলে তাঁর অপরাজিত ৪২। মালিঙ্গার বলে ছক্কায় স্কোর সমান, পরের বলে স্ট্রেট ড্রাইভে চার মেরে ম্যাচ শেষ!শিশুপুত্রকে না বিশ্বকাপটাই উপহার দিয়ে ফেলেন কেভিন পিটারসেন!সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৮/৬ (ম্যাথুস ৫৮, সাঙ্গাকারা ১৬, কাপুগেদেরা ১৬, জয়াবর্ধনে ১০, ব্রড ২/২১, সোয়ান ১/২০, সাইডবটম ১/২৪, ব্রেসনান ১/৪১); ইংল্যান্ড: ১৬ ওভারে ১৩২/৩ (পিটারসেন ৪২* কিসওয়েটার ৩৯, লাম্ব ৩৩, কলিংউড ১০, পেরেরা ২/১৯, মালিঙ্গা ১/৩৩)।