স্বপ্নেও তাকে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুননাহার ফয়জননেসা নামটা অনেক বড়। মানুষটা ছিলেন তার চেয়ে আরও অনেক বড়। পরিচয় সেই একান্ন সালে, বিশ্ববিদ্যালয়ের কমনরুমে। একটু ওপরে পড়তেন। তাই ‘নাহার আপা’ ও ‘আপনি’। সম্বোধন ও সম্ভাষণেই আপত্তি করলেন। ‘আপা’ আর ‘আপনি’ বাদ দিতে হবে। বাদ দিতে হলো। সেই থেকেই বন্ধুত্ব। অনেক ঘটনাবহুল দিন পার হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কর্মক্ষেত্রে কিছুদিন কাটানোর পর আবার ফিরে এসেছি বিশ্ববিদ্যালয় আলোয়। তখন থেকে আবার নানা কর্মকাণ্ডে নাহারের সঙ্গে একত্রতা, অন্তরঙ্গতা। আর কিছু না হোক, মাঝেমধ্যে অনিয়মিত প্রীতিভোজের জোগাড়, পরিবেশনা, আনন্দ ও স্মৃতিময়তায় নিমগ্ন হওয়া।সত্তরের ডামাডোলের পর যুদ্ধজয় করে আশির দশকে মানুষ যখন জীবনযাপনের যুদ্ধে পরাজিত, সেই সময় নাহার ও আমরা কজন মিলে উদয়ন স্কুলের পাশে একটা সমবায় সমিতি গঠন করেছিলাম। সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি-নির্দেশনা ও আনন্দ দিয়ে নাহার সমিতির জন্য যে অবদান রাখে, তার তুলনা হয় না। তুলনা হয় না তার বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল পরিচালনার দক্ষতার। তুলনা হয় না তার রোকেয়া হল পরিচালনা করার দুরন্ত সাহস ও নিষ্ঠার। তুলনা হয় না তার আরও অনেক সমাজসেবামূলক কাজের ও আত্মীয়-পরিজন, ছাত্র-অনাত্মীয় এবং বিশ্বজনের সেবার। সেই মহাজীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কেউ ভাবতে পারেনি। আমি আজও ভাবতে পারি না যে সে নেই। তাই হয়তো তাকে স্বপ্নে দেখি নানা কর্মকাণ্ডের পৌরহিত্য করতে, পরিচালনা করতে। সেই স্বপ্নের পথ ধরে স্মৃতির মন্দিরে তার যে সাক্ষাৎ পেয়েছি গত রাতে, তার একটা শব্দলিপি সংযোজন করছি। স্বপ্নের সেই প্রতিলিপি রচনা করা, তবুও চেষ্টা করব সেই অপূর্ব অভিজ্ঞতা তুলে ধরতে। হোস্টেল, বাসা বা অন্য কোনো প্রতিষ্ঠানে সহপাঠী বন্ধুবান্ধব নিয়ে কিছু একটা করছি। অল্প কজন। সবার কথা মনে নেই। লন্ডনের রাবেয়াকে স্পষ্ট মনে পড়ছে। আর স্মৃতির পর্দায় ভেসে উঠছে নাহার। আমরা সেখানে ঘোরাফেরা করছি বা নানা কাজে ব্যস্ত আছি, তারই ঠিক সামনে একটা খোলা প্রাঙ্গণে নাহার এসে দাঁড়িয়ে আছে। পরনে নীল সুতোর কাজ করা একটি সাদা জামদানি। বেশ পাতলা ছিমছাম চেহারা। গায়ে কোনো গয়না নেই। মুখে কোনো কথা না বললেও সে যেন আমরা যা করছি, তার সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু দাঁড়ানোর ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই। একইভাবে দাঁড়িয়ে আছে—জাগ্রত কিন্তু নিশ্চল।এভাবে কিছু সময় কেটে গেলে আমাদের মনে হয়েছে, সে তো আর আমাদের মাঝে নেই। সে তো পরপারের বাসিন্দা। তাকে বোধহয় চলে যেতে বলা উচিত এবং সেই কাজটা আমাকেই করতে হবে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। নির্বাক দাঁড়িয়ে রইলাম। একটু পরই দেখি, সে একটা পাথরের মূর্তিতে রূপান্তরিত হচ্ছে এবং আস্তে আস্তে সে একটা অপূর্ব মর্মর মূর্তিতে রূপান্তরিত হয়ে গেল। স্বপ্নে আর কী হলো তা আর মনে নেই। ঘুম ভাঙার পর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল অঝোরে। এখনো ঘটনা ভাবতে গেলে গা-টা শিউরে ওঠে। এমন অপূর্ব স্বপ্ন আমি আর কখনো দেখিনি।