স্বপ্নের অলিম্পিয়াডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে প্রতিভাবান গণিতবিদদের মিলনমেলা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। সারা বিশ্বের খুদে গণিতবিদদের জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেকটা স্বপ্নের মতো। গত তিন বছরসহ এ বছর নিয়ে চারবার আইএমওতে অংশ নেওয়ার পরও আমার জন্য আইএমও অনেকটা স্বপ্নের মতো। কারণ আইএমও শুধু প্রতিযোগিতা নয়, বরং দেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করার এবং সারা বিশ্বের গণিতবিদদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ। এ বছর বাংলাদেশ থেকে আমরা মোট পাঁচজন প্রতিযোগী কাজাখস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিই। এটি আমার আর ইশফাকের শেষ আইএমও হওয়ার কারণে আমাদের জন্য ছিল দেশের পতাকা আইএমওতে ওড়ানোর শেষ সুযোগ।আমাদের যাত্রা শুরু হয় ৪ জুলাই ঢাকা থেকে। দুবাইয়ে ১০ ঘণ্টা দীর্ঘ ট্রানজিট পেরিয়ে আমরা ৫ জুলাই পৌঁছাই কাজাখস্তানের রাজধানী আস্তানায়। এ যাত্রায় আমাদের সঙ্গে ছিল ভারতের গণিত দল। তা ছাড়া ভারতের গণিত দলের তিনজন পশ্চিমবঙ্গের হওয়ার কারণে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে বেশি দেরি হয়নি। ভারতের গণিত দল আমাদের সঙ্গে একই বাসে থাকার কারণে এবং আমাদের ভাষা একই হওয়ার কারণে অনেকে বাংলাদেশ আর ভারতের দলকে আলাদা করে চিনতেই পারেনি।আস্তানায় ৬ তারিখ জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকানদের বিখ্যাত টুপি আর দক্ষিণ আফ্রিকা দলের ভুভুজেলা সবার দৃষ্টি আকর্ষণ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর আমাদের নিয়ে যাওয়া হয় কাজাখস্তানের বিখ্যাত শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র বেলডারেনে। বেলডারেনের নৈসর্গিক দৃশ্য মুগ্ধ করার মতো। পাহাড় আর লেকের কোলঘেঁষে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্র ভ্রমণের জন্য খুবই চমৎকার জায়গা সন্দেহ নেই। তবে আস্তানা থেকে বেলডারেনে যেতে আমাদের প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে, আর পাঁচ ঘণ্টার এই দীর্ঘ বাসযাত্রার ধকল কাটিয়ে পরদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া আমাদের চিন্তায় ফেলে দেয়। বেলডারেনে আমাদের সঙ্গে একই রুমে ছিল নাইজেরিয়া দল। রুম পাওয়ার প্রায় এক ঘণ্টা পর রাতের খাওয়া শেষ করে আমরা যখন ঘুমাতে গেলাম, তখন রাত প্রায় সাড়ে ১১টা।৭ জুলাই। পরীক্ষার প্রথম দিন। সকালে উঠেই ইশফাক অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসকের কাছে নিতে হয়েছে। তবে সে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিনের সমস্যাগুলো ছিল বীজগণিত, জ্যামিতি ও সংখ্যাতত্ত্ব থেকে। আমাদের সবাই প্রথম ও দ্বিতীয় সমস্যাটি বেশ ভালোভাবে চেষ্টা করেছে। তবে প্রথম দিনে আমার, ইশফাক, জুবায়ের, প্রাণন আর প্রমির অর্জন যথাক্রমে ১৪, ৬, ৫, ২, ০। ইশফাক সুস্থ থাকলে প্রথম দিনে আমাদের স্কোর আরও বেশি হতে পারত।প্রথম দিনে জ্যামিতি দ্বিতীয় সমস্যা হওয়ার কারণে দ্বিতীয় দিন সবাই একটি সহজ জ্যামিতি পাওয়া যেতে পারে, সে রকম আশা করেছি। দ্বিতীয় দিনের সমস্যাগুলো ছিল জ্যামিতি, কম্বিনেটরিকস ও বীজগাণিতিক বিশ্লেষণ থেকে। দ্বিতীয় সমস্যাটি অপ্রত্যাশিতভাবে কঠিন হওয়ার কারণে অনেক প্রতিযোগীই এটির সমাধান করতে পারেনি। দ্বিতীয় দিন প্রাণন বাদে আমরা সবাই প্রথম সমস্যাটি সমাধান করে ৭ পয়েন্ট অর্জন করেছি।দ্বিতীয় দিন থেকেই আমাদের নিয়ে যাওয়া হয় ভ্রমণের জন্য। আমাদের অবস্থানস্থল বেলডারেন থেকে কিছু দূরেই পাহাড়। এরপর আমাদের নেওয়া হয় আবলাই খানের পাথরের সিংহাসন ও জাদুঘর দেখাতে। বরাবরের মতো চমৎকার প্রাকৃতিক দৃশ্য আমাদের মুগ্ধ করেছে।এর পরের দিনগুলোতে আমাদের নিয়ে যাওয়া হয় কাজাখস্তানের বিভিন্ন শহর ও পুরাকীর্তি দেখাতে। তবে দীর্ঘ বাসযাত্রার কারণে এই ভ্রমণগুলো কিছুটা ক্লান্তিকর ছিল। আইএমও পরীক্ষার পর সবার মধ্যেই মেডেল কাটঅফ নিয়ে জল্পনা-কল্পনা থাকে। এবার ৫ নম্বর সমস্যাটি কঠিন হওয়ার কারণে সব কাটঅফ নিয়ে আগে থেকে কিছুই বলার উপায় ছিল না। এবার আমার পদক পাওয়া নিয়ে কোনো সন্দেহ না থাকলেও গতবার ১ নম্বরের জন্য ব্রোঞ্জপদক হারানোর পর এবং এবার রৌপ্যপদক ১ নম্বরের জন্য হারানোর পর অনেকেই ঠাট্টা করে আমাকে আগামী বছর ১ নম্বরের জন্য স্বর্ণপদক হারানোর জন্য তৈরি থাকতে উপদেশ দিয়েছে।এবার প্রায় ১২ দিনের এই যাত্রা এবং আইএমওর জন্য প্রশিক্ষণ—সব মিলিয়ে আমাদের প্রায় এক মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে, যেটা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমরা আইএমওতে কেবল প্রতিযোগিতাই নয়, বরং বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছি, যেটি সবার জন্যই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। কাজাখস্তানের ছবির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর নানা রকম বিচিত্র অভিজ্ঞতায় ভরপুর এই আইএমও আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সবাইকে রাহমিয়াত (ধন্যবাদ)।