বিশ্বকাপ, তা-ও আবার ঘরের মাঠে। তবে স্বাগতিক হওয়ায় প্রত্যাশার বাড়তি চাপ ছাপিয়ে দারুণ রোমাঞ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কবিশ্বকাপ তাহলে এসেই গেল! ঘণ্টা, মিনিট, সেকেন্ড—প্রতিটি হিসাবই কমে আসছে আস্তে আস্তে। আমার দ্বিতীয় বিশ্বকাপ, বাংলাদেশের মাটিতে প্রথম!চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করতে গিয়ে আরও ভালোভাবে মনে হলো বিশ্বকাপ সমাগত। ওখানে যাওয়ার পর বিমানবন্দর থেকে আমাদের প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা দিয়ে হোটেলে নেওয়া হয়েছে। আমাদের যাওয়ার সময় অন্য সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একদম ভিভিআইপিদের মতো! বাস জ্যামে আটকে গেলে পুলিশ ভ্যান থেকে নেমে চারপাশে দাঁড়িয়ে পড়েছে নিরাপত্তা দিতে। এ রকম আগে কখনো দেখিনি। হয়তো বিশ্বকাপের আগে একটা ড্রেস রিহার্সালও করে ফেললেন নিরাপত্তাকর্মীরা।বিশ্বকাপের হাওয়া লাগছে ঢাকার রাস্তাঘাটে ঘুরলেও। জায়গায় জায়গায় বিলবোর্ড, খেলোয়াড়দের ছবি। কিছু মনে করবেন না, এসবের মধ্যে নিজের ছবির দিকেই বেশি চোখ চলে যাচ্ছে আমার। আগে অন্য দেশে গিয়ে অন্য ক্রিকেটারদের ছবি দেখেছি রাস্তাঘাটে। আর এখন কিনা আমিই উঠে গেলাম বিলবোর্ডে! ছবিতে আমি হেভি মুড নিয়ে দাঁড়িয়ে আছি, খুব ভাব...দেখতে ভালোই লাগে, খারাপ না। ভেতরে ভেতরে মজা পাই।বিশ্বকাপকে সামনে রেখে আমাকে নিয়ে কয়েকটা পণ্যের বিজ্ঞাপন যাচ্ছে টিভিতে। ওগুলোও বেশ মজার। ইউসিবিএলের বিজ্ঞাপনের কনসেপ্টটা খুব ভালো। তবে সবাই বলছে, পেপসির বিজ্ঞাপনটা বেশি সুন্দর হয়েছে। আসলে পেপসিরটায় আমারও কিছু করে দেখানোর সুযোগ ছিল। নিজের আরেকটা প্রতিভা ফুটিয়ে তুলতে পেরেছি এই বিজ্ঞাপনে। দেখে সবাই বলছে, আমি এত ভালো অভিনয় করতে পারি এটা নাকি কেউ জানতই না! টেলিভিশনে এসব বিজ্ঞাপন, রাস্তায় বিলবোর্ড—ভালোই তো চলছে!কিন্তু এই চলাই যে সব নয়...আমাদের তো বিশ্বকাপটাও খেলতে হবে! ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ...কত বড় বড় দলের বিপক্ষে খেলা! হ্যাঁ, বিশ্বকাপের ফিকশ্চার দেখে ভয় পাওয়াই যায়। কিন্তু সত্যি বলতে কি, বিশ্বকাপের এসব প্রতিপক্ষ নিয়ে আমরা একদমই ভাবছি না। আমাদের সব ভাবনা আমাদের নিয়ে। কে কখন বোলিং করবে, ব্যাটিং করবে, ম্যাচে কখন কী পরিস্থিতি হতে পারে...এসব নিয়েই বেশি আলোচনা হয় আমাদের মধ্যে।অনুশীলনে এখন সবাই খুব সিরিয়াস। যার যার সমস্যা দূর করতে বাড়তি কাজ করছে সবাই। ঢাকা-চট্টগ্রাম শহরে যেমন বিশ্বকাপ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ, আমরাও চেষ্টা করছি কীভাবে খেলার সৌন্দর্যবর্ধন করা যায়। ভুলত্রুটি দূর করা যায়।আসলে সবার মাথায় এখন একটাই চিন্তা—বিশ্বকাপ। এটা নিয়ে সন্দেহের কোনোই অবকাশ নেই যে আমাদের খাওয়া, পরা, ঘুমানো সবই এখন বিশ্বকাপকেন্দ্রিক। দলের মধ্যে কয়েকজনের টুকটাক চোট আছে। তবে সেটি গুরুতর কিছু নয়। ক্রিকেট খেললে ওরকম এক-আধটু না থাকাই বরং অস্বাভাবিক। হাতে ব্যথা, নখে ব্যথা...এগুলো কোনো ব্যাপার না।১৫ জনের দল নিয়ে ক্যাম্প শুরু হওয়ার পর বিশ্বকাপের হাওয়াটা ভালোমতো লাগতে শুরু করেছে সবার গায়েই। সবাই উপভোগ করছে বিশ্বকাপের প্রস্তুতি। দেশের মাটিতে বিশ্বকাপ, এ নিয়ে কত আয়োজন! সবার চোখ আমাদের দিকে, আমার তো ফুর্তিই লাগছে।গত বিশ্বকাপের সঙ্গে এবারের বিশ্বকাপের একটা অন্যতম পার্থক্য হলো আমাদের প্রতি দেশের মানুষের আগ্রহ। আমাদের কাছে মানুষের প্রত্যাশা। ২০০৭ বিশ্বকাপে আমাদের কাছে খুব বেশি প্রত্যাশা ছিল না। তার পরও আমরা দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছিলাম। সে তুলনায় এবার অনেক বেশি প্রত্যাশা। তবে একটা কথা কি, খেলোয়াড়দের নিজেদের কাছে নিজেদের প্রত্যাশা কিন্তু সব সময়ই একই রকম। আমরা সামর্থ্যের সেরাটাই করে দেখাতে চাই সব সময়।মনে আছে, বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজে—গতবার আমার সব উত্তেজনা ছিল এই নিয়েই। ওয়েস্ট ইন্ডিজে সুন্দর সুন্দর সব দ্বীপ...ওখানে খেলব! আমার সব চিন্তাভাবনার কেন্দ্রে ছিল এই এক জিনিস। ‘কী খেলছি’র চেয়ে ‘কোথায় খেলছি’ ব্যাপারটাই আমাকে বেশি আলোড়িত করেছে সেবার। ওই বিশ্বকাপে অনেক মজাও করেছি আমরা। অনেক জায়গায় ঘুরেছি। ক্যারিবীয় সাগর এবং আটলান্টিক সাগর একসঙ্গে মিলেছে এমন একটা জায়গায় গিয়েছিলাম। অন্য দেশের ক্রিকেটারদের সঙ্গে বিচে গেছি, সাগরে সাঁতার কেটেছি...এমন আরও অনেক কিছুই! এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও অনেক রোমাঞ্চিত ছিলাম আমি। টেন্ডুলকার, লারা, পন্টিং, ফ্লিনটফ, ভনদের সঙ্গে মনে হয় ছবিও তুলেছিলাম।তখন কল্পনাও করিনি, চার বছর পরের বিশ্বকাপটাতেই আমি থাকব অধিনায়ক! রাস্তার ধারে শোভা পাবে আমারও ছবি! তবে বিশ্বকাপ নিয়ে আমি যে ঠিক কতটা এক্সাইটেড, এটা বুঝিয়ে বলা মুশকিল। সত্যি বলতে কি এখনো সেটা বুঝতেই পারছি না। আর যদি বলেন বিশ্বকাপ নিয়ে অধিনায়ক সাকিবের স্বপ্ন কী, আমার কাছে সেটারও কোনো উত্তর নেই। স্বপ্ন তো একেক সময় একেক রকম দেখতে থাকি! বুঝি না কখন কোনটা দেখছি। তবে কিছু স্বপ্ন তো আছেই, যেসব সত্যি সত্যি বাস্তবে ঘটাতে চাই। সেসব স্বপ্নের কথা বলা যাবে না। কারণ আমি দেখেছি, স্বপ্নের কথা বললে আমার স্বপ্ন কখনোই পূরণ হয় না।