স্বপ্নের ঘোরে আছি
নাসিম হামিদহোটেল পূর্বাণীতে তখন বিদায়ের রাগিণী বাজছে। কিন্তু নাসিম হামিদ আহমেদকে দেখে তা বোঝার উপায় ছিল না। উচ্ছল-প্রাণবন্ত। বন্ধুবান্ধব-শুভাকাঙ্ক্ষীদের ফোন আসছিল। ফোনে লাহোরের টিভি চ্যানেল লাইভ সাক্ষাত্কার নিচ্ছে তো একটু পর করাচির রেডিও ফোন করছে। এরই ফাঁকে লবিতে বসে বাংলাদেশি সাংবাদিককে সাক্ষাত্কার দিলেন খুব আগ্রহভরে। শুরুতেই তাঁর অনুরোধ, ‘ম্যায় উর্দুসে বাত করুঙ্গা’। সেটা সম্ভব হয়নি। পরে চলনসই ইংরেজিতে চলল এই সাক্ষাত্কার। আগের সন্ধ্যার ক্ষিপ্রগতির সেই মেয়েটি নন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবীর খেতাব জয়ীও নন, আর দশটা পাকিস্তানি মেয়ের মতোই এখানে তিনি সাদামাটা, খানিক লাজুকও। খুবই উত্ফুল্ল লাগছে আপনাকে। দিনটা কেমন কাটল?দারুণ! দারুণ! আমি বিশ্বাসই করতে পারছি না। ভীষণ আনন্দ লাগছে। সবাই ফোন করছে, শুভেচ্ছা জানাচ্ছে...স্বপ্নের ঘোরে আছি আমি (হাসি)। পাকিস্তানি একটা মেয়ে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবী হয়ে যাবেন, এটা অনেকের কাছে বিস্ময়... ঠিকই বলেছেন। এর চেয়ে বড় চমক আর হয় না। গত কলম্বো সাফে ফিট না থাকায় দৌড়াইনি। আর এবার কি না জীবনের সেরা টাইমিং হলো! ১১ দশমিক ৮। আগে ছিল ১২ দশমিক ১। পাকিস্তানের রক্ষণশীল সমাজের মেয়ে হয়ে আপনার এত দূর আসা অন্যদের জন্য শিক্ষণীয়ও...পাকিস্তানের সমাজ রক্ষণশীল ছিল একসময়। এখন আর নেই। এখন মেয়েরা খেলাধুলা করছে, বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, আমাদের উঠে আসা দেখে অন্যরা অবশ্যই প্রেরণা পাবে। সাত-আট বছর আগে আপনি যখন খেলা শুরু করেন, তখন নাকি মাঠে আসতেন ভয়ে ভয়ে? ঠিক তা নয়, তবে একটু পর্দানশিন চলাফেরা করতে হতো। এখন অবশ্য বদলে গেছে সবকিছু। ট্রাউজার-টিশার্ট পরে অনুশীলন করি, বাইরেও বের হই। সমস্যা হয় না। ছেলেরা নাকি বাজে কথাবার্তা বলত?কিছু ছেলে টিজ করত, আমি ওসব পরোয়া করতাম না। তবে এখন ওসব অনেক কমে গেছে। বোঝা যাচ্ছে, অনেক বাধা পেরিয়ে এত দূর এসেছেন।অনেক বাধা। আমি করাচির মেয়ে, করাচি থেকে পিন্ডি, পিন্ডি থেকে ইসলামাবাদে অনুশীলন, ওখান থেকে করাচি—এভাবে অনুশীলন বা খেলার জন্য ঘুরতে হয় অনেক। কষ্টকর ব্যাপার। ভাগ্য ভালো যে বাবা হামিদ আহমেদ (ঠিকাদার ব্যবসা করেন) অনেক সহযোগিতা করেছেন। শুনেছি, আপনার ছোট বোন ফুটবল খেলে। দারুণ ব্যাপার তো!হ্যাঁ, আমার একমাত্র ছোট বোন ফুটবল খেলে। ভারি মিষ্টি মেয়ে। আমার ডাকনাম সোনিয়া, ও আমাকে আদর করে ডাকে সনু। ঢাকা থেকে যাওয়ার সময় ওর জন্য গেমসের শুভেনির নিয়ে যাব। আমাদের দুই বোনের পর একমাত্র ছোট ভাই স্কুলে পড়ে, ওর বয়স ১৬। আপনার অনুশীলনসূচি কেমন?প্রতিযোগিতা না থাকলে হার্ড ট্রেনিং হয় না। তবে প্রতিযোগিতা এলে সিরিয়াস অনুশীলন চলে। সাফের জন্য পাঁচ-ছয় মাস অনুশীলন হয়েছে। সকাল-বিকেল, দুবেলা। সকালে রানিং, জগিং, ব্যায়াম, বিকেলে টাফ অনুশীলন। একদিন ওয়েট, একদিন গেম, স্ট্রেচিং, কো-অর্ডিনেশন—এভাবেই চলে। সুযোগ-সুবিধা কেমন? ইলেকট্রনিক স্কোর বোর্ড আছে? সব সুযোগ-সুবিধা পাই আমরা। ইলেকট্রনিক স্কোর বোর্ড আছে। আমাদের ওখানে নো হ্যান্ডটাইমিং। বিদেশি কোচ আছেন?বিদেশি কোচ নেই। আমার কোচ মাকসুদ আহমেদই যথেষ্ট। আমার এত দূর আসার পেছনে তাঁর বড় অবদান। দারুণ একজন মানুষ, কঠিন পরিশ্রমী। তিনি আছেন বলে আমি কখনো বিদেশে ট্রেনিং নেওয়ারও দরকার মনে করিনি। চাকরি পেয়েছেন কোনো সংস্থায়?পেয়েছি, সেনাবাহিনীতে। ২০০৪ সালে। সেনাবাহিনী মাসে আমাকে ১১ হাজার রুপি দেয়। শুধু খেলাই আমার কাজ। আপনার ক্যারিয়ার নিয়ে কিছু বলুন।২০০৪ সালে কোয়েটায় প্রথম জাতীয় গেমসে খেলি। এক সোনা, দুই রুপা, দুই ব্রোঞ্জ পেয়েছি। এরপর থেকে অনেক সময়ই ইনজুরিতে ছিলাম। ২০০৯ মার্চে শেষ ন্যাশনালে লংজাম্প করে রুপা জিতেছি, ফিট না থাকায় দৌড়াতে পারিনি। দেশের বাইরে ইরানে ইসলামিক ইনডোর গেমসে ৬০ মিটার দৌড়ে পঞ্চম, থাইল্যান্ডে এশিয়ান ইনডোরেও ৬০ মিটারে পঞ্চম হয়েছি। বছরে কটি মিট পান আপনারা?বছরে একটি ন্যাশনাল, কখনো দুটিও। আরও কিছু খেলা আছে। ন্যাশনাল গেমস হয় দুই বছর পর। দক্ষিণ এশিয়ার নতুন দ্রুততম মানবী ব্যক্তিজীবনে কেমন? খুবই সাধারণ, শৃঙ্খলা মেনে চলে সে। অনুশীলন দুইটায় হলে ঠিক দুইটায় হাজির হয় মাঠে। ট্রেনিং শেষে বাড়ি, বাড়ি থেকে মাঠ। কোলাহল ভালো লাগে না তার। জীবনে সে শুধু একবারই পিকনিকে গিয়েছে, তাও কলেজে ওঠার পর। পছন্দ চিকেন বিরিয়ানি, সিনেমাটিনেমা সে দেখে না। অবসরে কী করেন?টিভি দেখি। হিন্দি, উর্দু, পাকিস্তানি, ভারতীয় মিক্সড গান শুনি। কেনাকাটায় আগ্রহ আছে। তবে বেশি আগ্রহ ট্রেনিংয়েই (হা হা হা, বহুত আচ্ছা লাগাকা...)। আর ঘুমোতে ভালোবাসি। খেলার ব্যাপারে উত্সাহ কেমন পান?বাবা-মা উত্সাহ দেন। তাঁরা এখন খুবই খুশি। মা তো আমার সবচেয়ে বড় বন্ধুও। তবে কাজিনরা আমার খেলার খবর রাখে না। টিভি বা পত্রিকায় যা একটু দেখে। ওরা বলে, ‘মাঠে গিয়ে তোমার খেলা দেখার সময় নেই আমাদের!’ পাকিস্তানে তো ক্রিকেট জনপ্রিয়। ক্রিকেট দেখেন? ক্রিকেট, হকি দুটোই পাকিস্তানে জনপ্রিয়। ক্রিকেটে আগ্রহ নেই আমার। তবে ফুটবল দেখি, বোনের খেলা দেখতে তো হয়... (হাসি)। আপনার আদর্শ কে?সাফে সোনা জয়ী পাকিস্তানি লংজাম্পার শাবানা আক্তার আমার আইডল। মারিয়ন জোন্সকেও ভালো লাগে। স্বপ্ন দেখেন? দেখি, কমনওয়েলথ গেমসে ১০০ মিটারে পদক জিতেছি। কী ভালো লাগে বেশি?শাড়ি পরতে। চারটি শাড়ি আছে আমার (হা হা হা, ইতনা খুব সুরত...!)। অনুশীলনের পর বিশাল কাপে চা বানিয়ে খেতে পছন্দ বেশি। প্রচুর চা খাই। ঢাকা কেমন লাগল?করাচির মতো। শুধু বিল্ডিং আর ফ্ল্যাট। কিন্তু ট্রাফিকজট খুব বেশি। পরদিন ফিরে যাবেন দেশে। সাক্ষাত্কার দিয়েই ব্যাগ গোছাতে ছুটলেন ২৩ পেরোনো তরুণী। চোখ-মুখে তখনো ‘আকাশের চাঁদ’ হাতে পাওয়ার আনন্দ!