স্বপ্নের জ্বালা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামের কথাটিই যেন সত্য হলো। ফিরে এল আবার যেন মসীকৃষ্ণদিন। আগের দিনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন কিছুতেই প্রবোধ মানছে না। মানছে না বলেই গত ৪৮টি ঘণ্টা ভালো কাটল না। এই ২৮৮০ মিনিটে মনে যখন ক্রিকেট এসেছে, বিশেষ করে বিশ্বকাপ, মন তখনই ভেঙেছে, মন তখনই কেঁদেছে, মন তখনই মুখ ঢেকেছে। লজ্জা এসে ডাক দিয়েছে, ক্রোধ এসে তাপ দিয়েছে।আরেক কোণ থেকে মন শব্দ পেয়েছে—বিষয়টা তো খেলা, খেলার মতো নিলেই হয়! খেলাটা তো ক্রিকেট, ক্রিকেটের অনিশ্চয়তার দিকে তাকালেই হয়! না তেমন তাকানো যাচ্ছে না। তেমন করে নেওয়ার দম পাওয়া যাচ্ছে না। কারণ আবার পৌঁছে গেছি ক্রিকেটের ‘হুপিং বয়’-এর আসনে। আমরা আবার যেন হয়ে গেলাম সব রেকর্ডের দাহ্য বস্তু।আমাদের পিটিয়ে রায়ান লারা তোলেন ৪৮ বলে সেঞ্চুরি। দুঃখ নেই; লারার ক্ষমতা আছে এমন কাণ্ড সংসারের যেকোনো দলের বিপক্ষে করার। কিন্তু জেসন গিলেস্পির কী ক্ষমতা আছে নাইট-ওয়াচম্যান হিসেবে নেমে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করার? আমরা আছি এই রেকর্ডের রিসিভিং এন্ডে।আমরাই তো দাহ্য জোগাব টেস্ট ম্যাচে ওপেনিং জুটির ৪১৩ রানের রেকর্ডের দ্বিতীয় দৃষ্টান্তে (দক্ষিণ আফ্রিকা) অথবা ব্যাটিং অর্ডারে পর পর পাঁচজনের সেঞ্চুরিতে (পাকিস্তান)।সর্বশেষ আমাদের বুকের পাঁজর গুঁড়িয়েই হলো আরেকটি রেকর্ড। বিশ্বকাপ ম্যাচে টেস্ট খেলুড়ে দেশের সর্বনিম্ন স্কোর (৫৮) ও স্বল্পতম পরিসরের অবস্থান (১৮.৫ ওভার। ৩১.১ ওভারে ম্যাচের যতি)। আমাদের চেয়েও ছোট সংগ্রহ নিয়ে যারা থেমে পড়েছে, তারা কারা একবার তাকালে ভালো। কানাডা ৩৬ (২০০৩), কানাডা ৪৫ (১৯৭৯) ও নামিবিয়া ৪৫ (২০০৩)।তাকিয়ে তাকিয়ে সান্ত্বনার ছবি আরও খোঁজা যায়। যাদের হাতে আমাদের এমন দশা, তাদের কী হয়েছিল ১৯৯৬-এ? পুনের নেহরু স্টেডিয়ামে (২৯ ফেব্রুয়ারি) কেনিয়াকে ৪৯.৩ ওভারে ১৬৬ রানে অলআউট করার পর ওয়েস্ট ইন্ডিজ ৩৫.২ ওভারে ৯৩ (চন্দরপল ৪৮ বলে ১৯, মরিস ওদুম্বে ১০ ওভারে ৩/৫)। ৭৩ রানের পরাজয়। খণ্ডকালীন ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দলের কাছে।ক্রিকেটে এমন হয়—নিজেদের ছায়ায় রাখার জন্য এমন বৃক্ষতল খুঁজতে অথবা অন্যের ব্যর্থতাকে ঢাল বানাতে মনের উজানো জোর আর মিলছে না। বরং এটিই যেন সত্য মানতে হচ্ছে—আমরা এমনই খেলি, এটিই আমাদের মানপ্রকোষ্ঠ। বড় লড়াইয়ের আয়োজনে অন্তরের এমন স্বরলিপিতেই আমরা বিস্ময়ের গান গাই, এভাবেই স্বপ্ন দেখাই, এগিয়ে চলি, থেমে পড়ি ও কোটি কোটি মানুষের স্নায়ুর হাওয়া কেড়ে নিই।অধিনায়ক যতই বলুন—আমাদের কোয়ার্টার ফাইনালের স্বপ্নের গোড়ায় আর শেকড় নেই, তার ডালে আর পাতা নেই, তার মাটিতে আর জল নেই। আমরা আসলে হারিয়ে গেছি। দ্বিতীয় ধাপে ওঠার যে জটিল সমীকরণ জট পাকানো অবস্থায় পৌঁছেছে, তাতে আমাদের জায়গা পাওয়ার আর জো নেই। আমরা আমাদের মতো খেলে একটু আগেভাগেই সরে গেলাম। একদিক থেকে ভালো। স্বপ্নের জ্বালা নেই।