স্বপ্নের পথে ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় এক দশক আগে যখন দেশে একটি গণিত অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগ নেওয়া হয়, তখন আমাদের অন্যতম মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু আইএমওর প্রশ্নপত্রে যে ধরনের সমস্যার সমাধান করতে হয়, তা আমাদের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়। অনেক সময় মনে হয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গণিতে অনার্স নিয়ে যেসব শিক্ষার্থী পড়াশোনা করছে, তাদেরও এ সমস্যাগুলো সমাধান করতে হিমশিম খেতে হয়। এই দুর্বলতা অনুধাবন করে আমরা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করি, যার মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে ধীরে ধীরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরের গণিতের দুরূহ সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা যায়। আমাদের ধারণা ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পৌঁছাবে, তখন তাদের উচ্চতর গণিতের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হবে।আমরা বহুদিন থেকে দেখে আসছি, প্রতিটি পর্যায়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে একটি গণিতভীতি বিরাজ করে। এই গণিতভীতি দূর করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরও সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করি। এ লক্ষ্যে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে শুধু প্রতিযোগিতার আয়োজন না করে গণিত উৎসবের আয়োজন করি এবং এ আয়োজনের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপকদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। ফলে তরুণ শিক্ষার্থীরা গণিতের বিভিন্ন বিষয়ে যেকোনো প্রশ্ন করে এসব বরেণ্য শিক্ষকের সহায়তায় উত্তর খুঁজে পায়।আমরা প্রথমেই শিক্ষার্থীদের তিনটি স্বপ্নের কথা বলি। প্রথমটি, ২০১০ সালের মধ্যে আইএমওতে একটি পদক অর্জন; দ্বিতীয়টি, ২০২২ সালের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে গণিতের সর্বোচ্চ পুরস্কার ফিল্ডস পদক অর্জন এবং তৃতীয়টি, ২০৩০ সালের মধ্যে বিজ্ঞানের কোনো একটি বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করা। আমি অত্যন্ত আনন্দিত, ২০০৯ সালে বাংলাদেশ দলের সদস্য ব্রোঞ্জ পদক অর্জন করে আমাদের প্রথম স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। অপেক্ষায় আছি, ২০১১ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আইএমওতে অংশগ্রহণকারী আমাদের দল আরও পদক অর্জন করবে।আমাদের সৌভাগ্য যে আমাদের এ উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো ও শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে। সারা দেশে ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ভলান্টিয়ার্সের (মুভার্স) মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকেরা এ আয়োজন সফল করতে প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি প্রথম আলো বন্ধুসভার সারা দেশের সদস্যরা আমাদের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন।