স্বপ্নের ফেরিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদা প্রাণোচ্ছল এক তরুণ। কথা আর অভিনয়-নৈপুণ্য দিয়ে দর্শকদের হূদয় জয় করার চির আনন্দ তাঁকে বেশ টানে। পরিশীলিত উচ্চারণ আর মঞ্চে স্বচ্ছন্দ বিচরণকারী এই তরুণের অভিনয়দক্ষতা বড়ই দৃষ্টিসুখকর। তিনি হতে চান নাট্যজগতের ‘স্বপ্নের ফেরিওয়ালা’। নাটক ঘিরেই তাঁর সব স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা। নেশায়-পেশায় হতে চান পুরোদস্তুর একজন নাট্যকর্মী। স্বপ্নে বিভোর এই তরুণ হচ্ছেন সিলেটের নাট্যাঙ্গনের পরিচিত মুখ মো. সাইফুর রহমান চৌধুরী। সিলেটের দিগন্ত থিয়েটার নাট্যদলের কর্মী হয়ে ইতিমধ্যে বেশ কটি নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।মো. সাইফুর রহমান জানান, ২০০৬ সালে সীমান্ত নাট্যদলে একজন কর্মী হিসেবে নাট্যজগতে পা রাখেন। এরপর নবশিখা নাট্যদলে দীর্ঘদিন কাজ করার পর বেশ কয়েকজন সহকর্মী নাট্যসংগঠকদের নিয়ে ২০০৮ সালের ২০ মে দিগন্ত থিয়েটার নামের একটি নাট্যসংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা সহসভাপতি। পাশাপাশি গণনাট্যদল টিআইবি (ইয়েস গ্রুপ) সিলেটের একজন সদস্য।তিনি জানান, তালাক নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে নাট্যঙ্গনে পথচলা শুরু। এরপর একে একে অভিনয় করেন তারক, মর্ডান ফকির, জননী বীরঙ্গনা, ঢিল, অন্ধ, সংগ্রাম, সংসার, পেজগীসহ বেশ কটি নাটকে। এসব নাটকের প্রায় দেড়শটি মঞ্চায়নে সাবলীল ও নজরকাড়া অভিনয় করার সুবাদে দর্শকদের ভালোবাসায় তিনি আপ্লুত হয়েছেন। মঞ্চ ও পথনাটকের পাশাপাশি টেলিভিশনের কয়েকটি নাটকে অভিনয় করেছেন। লন্ডন যাইবার পাগল, সিলেটী বন্ধু, আজব রঙ্গের ঘর, বাঘে ছুঁইলে আঠারো ঘা, বেখান্দা ওয়ারিশ, রুতি একটি নদীর নামসহ তাঁর অভিনীত বেশ কটি নাটক লন্ডনের চ্যানেল এস ও বাংলা টিভি ইউকেতে প্রচারিত হয়েছে। এ ছাড়া তাঁর নির্মিত ঘুরে আসি বাংলাদেশ শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্য অনুষ্ঠানের ২৭টি পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারের অপেক্ষায় রয়েছে। মো. সাইফুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিলেটে নাট্যচর্চার স্থানের বড়ই অভাব। এ অভাবটুকু আমাদের খুব পীড়া দেয়। পাশাপাশি নাটক মঞ্চায়নের স্থান নেই বললেই চলে। যে দু-একটি মিলনায়তন রয়েছে সেগুলোর ভাড়াও অত্যধিক।’তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে সিলেটের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে প্রামাণ্যধর্মী কিছু কাজ করার ইচ্ছা রয়েছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে শিগগিরই কাজগুলো শুরু করব বলে ভাবছি।’