স্বপ্নের শরীরে নরম রোদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তবতা অন্যরকম, তবু মন স্বপ্নের স্বপক্ষে যুক্তি খোঁজে, পেয়েও যায়। টেস্ট ক্রিকেটে এক দশক তো পার করে দিলাম প্রায়, দু-দুটো সিরিজ জয় তো নথিবন্দী হয়েছে এরই মধ্যে। সে দুটোর ক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতার কথা তুলে আমাদের অর্জনকে খাটো করার প্রয়াস অনর্থক। কারণ, জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজগুলো না জিতলে কোথায় দাঁড়াতাম।ওই দুটো সিরিজের প্রাক্কালে, ধরে নিচ্ছি সম্ভাবনার পাল্লা আমাদের দিকেই ঝুঁকে ছিল। সে ক্ষেত্রে আমরা উচিত কর্ম ঠিকঠাকমতো সমাধা করেছি, অন্যথা হয়নি। ওই অর্জনে যদি কেউ গৌরবের কিছু না দেখেন, তবে অন্তত উচিত কর্ম সমাধানের জন্য সামান্য হাততালি তো দেবেন। সময়মতো দেশবাসী সেটা দিয়েছে, আমাদের ক্রিকেটাররা একটু একটু এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছেন। এরই মধ্যে এক দশকের পথপরিক্রমায় এক আধবার ক্রিকেট পরাশক্তিদের কারও বিপক্ষে যে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলতে পারিনি, তা-ও নয়। তবে শেষ পর্যন্ত পারিনি বলে ও প্রসঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। তবে কথা হচ্ছে, ওই যে সম্ভাবনাটা উঁকিঝুঁকি দিয়ে গেছে, সেটাই স্বপ্ন দেখায়। অভিষেক টেস্টের প্রথম ইনিংসের মতো কিছু টুকরো টুকরো সাময়িক সুখস্মৃতি ভরসা দিচ্ছে সাহসে, বিশ্বাসে, কুশলতায় আমাদের ক্রিকেট দল অগ্রসরমান। যেকোনো প্রতিপক্ষের সামনাসামনি ছেড়ে কথা না বলার প্রক্রিয়ায় তাদের দ্রুত অগ্রধাবন। সেই ধাবমানতার আওয়াজ জোরালোভাবে অনুধাবন করেই সারা দেশের নয়ন মন আজ (১৭ জানুয়ারি) থেকে পাঁচ দিন বিদ্ধ থাকবে চট্টগ্রামে।পাঁচ দিন বলছি, কারণ, প্রবল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজটার প্রথম ম্যাচের প্রাক্কালে আমাদের অধিনায়ক ঘোষিত দলীয় লক্ষ্য ম্যাচ ড্র করা, আর সেটা করতে হলে পঞ্চম দিনের শেষ প্রহর জয় পরাজয় ছাড়া পার না করে উপায় দেখি না। লক্ষ্য বলুন, স্বপ্ন বলুন, প্রথম টেস্টের আগে আমাদের দল ও রকমই ভাবছে। সমর্থকদের স্বপ্নের শরীরটা হয়তো আরেকটু বিস্তৃত। খেলাটিকে দীর্ঘায়িত করার পর্যায়ে কখনো কখনো সাময়িক চালকের আসনে বাস আর ভাগ্য প্রসন্ন হলে...। না, থাক, এ মুহূর্তে পদ্মভূক খোয়াবের সীমানায় না ঢোকাই উত্তম। কারণ, প্রতিপক্ষ ভারত। টেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষ্মণ-খচিত ভারত, টেস্ট ক্রিকেটে শীর্ষে থাকা দল। এ দলের সঙ্গে স্বাভাবিক নিয়মে প্রথম টেস্টটি ড্র করে সিরিজ উন্মুক্ত রাখতে পারলে বিষয়টিকে অর্জন বলতেই হবে।এই সিরিজে একমাত্র স্বাগতিক হওয়া ছাড়া খেলার অন্য কোনো প্রসঙ্গে আংশিক প্রাধান্যও নেই। তুলনামূলক বিচারে ব্যাটিং অভিজ্ঞতার বৈষম্য অনেক আর আমাদের এ মুহূর্তের মূল আস্থার জায়গাটা হচ্ছে ব্যাটিং। এখানেই ফারাকটা বিপুল হলে সার্বিকভাবে আমাদের অবস্থানটা অনুমেয়, আইডিয়া কাপে ভারতের বোলিং, ফিল্ডিং মান অবশ্য ভরসা দিচ্ছে ওই দুটো ক্ষেত্রে ব্যবধান অতটা বিশালাকার নয়, এমন অবস্থায় স্বাগতিক হিসেবে আমরা কী সুবিধা নেব। আবহাওয়াজনিত ক্ষেত্রে ভারত-বাংলাদেশ এক মাত্রায় দাঁড়ানো। আর উইকেট তৈরি করবেন কার সুবিধার জন্য। যে দিকেই যাব, ওদের সুবিধা বেশি। সুতরাং উপায়ন্তরহীন ভারতের ব্যাটিং শক্তির কথা মনে রেখেও আমাদের ব্যাটিংবান্ধব উইকেট তৈরি করতে হবে। আমাদের মূল শক্তি যে ওটাই। ভারতকে দুবার অল আউট করাটা যতটা স্বাভাবিক, তার চাইতে বেশি স্বাভাবিক দুই পালায় ব্যাট করে দীর্ঘসময় পার করা। সুতরাং আমাদের প্রয়োজনেই এমন উইকেট নিতে হবে, যেটা পঞ্চম দিনেও ব্যাটসম্যানকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। অবশ্য প্রবল প্রতিপক্ষের বিপক্ষে। আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট তৈরি করে জুয়া খেলা যায়। কিন্তু সেটা তো আর ক্রিকেট থাকে না। তদুপরি বৈরী পরিস্থিতি সামলাতে ওরা যতটা পরিপক্ব, আমরা ততটা নই। অতএব সে রকম নেতিবাচক কিছু ধরলে পরিণতিটা আমাদের অনুকূলে আসত—তারই বা নিশ্চয়তা কই। আর এভাবে ভাবাটা মোটেই ভদ্রলোচিত নয়, নৈতিক পাপের শামিল।টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের স্বপ্ন বা প্রত্যাশা এ মুহূর্তে তাই ড্রয়ের ফ্রেমে বাঁধা। জেতার কথা উচ্চারণে পাঁচমিশালি কারণ এসে জিভে আড়ষ্ঠতার ছায়া ফেলে। এই সামান্য প্রত্যাশাটাও খুব সহজে অসম্ভবের বেড়া ডিঙিয়ে লাফায় না। উত্সাহী আকাঙ্ক্ষার চামর দুলিয়ে তাকে স্ফুলিঙ্গের আকার দিতে হয়। তবে প্রত্যাশা পূরণের উপকরণ যে দলের মধ্যে বর্তমান আছে এবং সময়ের দায়মোচনে সমর্থ মুখগুলো দৃশ্যমান হওয়া শুরু করায় আমরা ভরসা পাই যে এ দলের ওপর অন্তত একটি ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচ বাঁচানো স্বপ্নের চাদর চাপিয়ে দেওয়া যায়, পাঁচ দিনের রোদকাঁপা শিহরণে স্নায়ু তপ্ত করা যায়। এখন কথা হচ্ছে, সম্ভাব্য বিজয়ীর আধিপত্য প্রতিহত করে, কী করে একটি পূর্ণাঙ্গ টেস্টের অবয়বজুড়ে বিচরণ করতে হবে, তারও একটি রূপরেখা সম্পর্কে ধারণা রাখতে হবে স্বপ্ন উচ্চারণের সঙ্গে সঙ্গে।পাঁচ দিবসী ক্রিকেটে আমরা সেশন পাব তিন পাঁচে পনেরোটা। ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে হলে ওই পনেরো সেশনের অন্তত নয়টা সেশন আমাদের ক্রিজ দখল করে রাখতে হবে দু-পালায়। এই সংখ্যা বাড়ানো কমানোর মধ্যে আমাদের স্বাচ্ছন্দ্য ও সংগ্রামের পরিমাণ নির্ভর করবে, সদ্য সমাপ্ত ত্রিদেশীয় আইডিয়া কাপে আমরা পয়েন্ট শূন্য থাকলেও আমাদের ব্যাটিং অর্ডার ন্যূনতম প্রত্যাশা পূরণের আশ্বাস অবশ্যই দিয়েছে। এ লেখায় কোনো ব্যক্তি-খেলোয়াড়ের নাম উচ্চারণ করছি না দলকে সামগ্রিকভাবে একটি একক হিসেবে প্রত্যাশার আওতায় রাখার জন্য। লম্বা ব্যাটিংয়ের জন্য দল নির্বাচন থেকে নিয়ে ক্যারিগরি পরিকল্পনাটা দলীয় ম্যানেজমেন্ট করবে। জনগণের কাঙ্ক্ষিত ইনিংসও নির্মিত বহু দিনের টেস্ট ক্রিকেটে পরাজিত হওয়ার অভিজ্ঞতায় সমৃদ্ধ হাতুড়ি-বাটালি।সমর্থকেরা চাইবে একটা কার্যকর ওপেনিং জুটি, যে জুটি ভারতের নতুন বলকে খেলবে দীর্ঘ দীর্ঘক্ষণ স্লিপ কর্ডন বা উইকেটের কাছাকাছি ফাঁদ উপেক্ষা করে। তিন-চার-পাঁচের ব্যাটসম্যানরা লম্বা লম্বা পার্টনারশিপ গড়তে গড়তে শতরানি, অর্ধশতরানি ইনিংস খেলবেন। অপরাজিত অবস্থায় পানি খাবেন, গ্লাভস বদলাবেন, সাজঘরে ফিরবেন বারবার, ইনিংস মেরামতের দায় চাপাবেন না ৬ নম্বর বা ৭ নম্বর ব্যাটসম্যানের কাঁধে, আর তাঁদের গড়া স্বাস্থ্যকর সংগ্রহকে প্রলম্বিত করে গ্যালারিতে জনতার নতুন জোয়ার টেনে ৬ নম্বর ৭ নম্বর ব্যাটসম্যানরা শতরান অভিমুখে ধীর অভিযানে যাবেন। ক্লান্তি ছুঁবে প্রতিপক্ষের বোলিং-ফিল্ডিংয়ে। মনে করুন, প্রথম দিন ব্যাট করতে নেমেছি সকালে। পরদিন চা বিরতির পরেও আমরা চার-পাঁচ উইকেট হাতে নিয়ে ব্যাট করে চলেছি। এমন হলেই পরদিন একটি সোনালি সকাল নেমে আসবে চট্টগ্রামে। যে দিনের সূর্য মাঠের দর্শককে দেবে জ্যোত্স্না-বিধৌত রাতের আরাম। তবে এমন হতে হলে ব্যাটসম্যানরা শুধু দলীয় প্রয়োজনকে প্রাধান্য দিয়ে খেলবেন লক্ষ্যে অবিচল থেকে। সাহসী আত্মপ্রয়োগে অভিজ্ঞ প্রতিপক্ষের পাতা উইকেট কেনা ফাঁদগুলো এড়িয়ে যেতে হবে সযত্নে, মুহূর্তের লক্ষ্যচ্যুতি, বারেক তরের খামখেয়ালিরও অবকাশ থাকবে না এ অভিযানে। এ রকম করেই পাবলিক ভাবে, ভাবতে ভাবতে পৌঁছে যায় প্রথম পালায় দু-দিনের অধিক ব্যাট করা বড় সংগ্রহের দীপ্ত ছাতার নিচে। যেখানে এক সেঞ্চুরিয়ান, তিন হাফ সেঞ্চুরিয়ান ও দুটি তিন অঙ্কের পার্টনারশিপের গলাগলি অবস্থান।খেলা এগিয়ে যাবে। পিঠের ওপর পর্বতাকার রানের বৈভব নিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা মধ্যমাঠ দখল করে রাখবেন, রানের বোঝা ভারী করে করে খেলেই যাবেন প্রহরের পর প্রহর। তবে তাণ্ডবী ব্যাটিংয়ের সূচনা করে, খেসারত দিয়ে শ্লথ মন্থর ক্রিকেটের বিবরে ঢুকে চলবে তাদের প্রভাব বিস্তারের ঘর্মাক্ত চেষ্টা। ওদের শক্তি ও দুর্বলতার সমীকরণ কষে দারুণ সব হিসাবি স্পেল করে যাচ্ছেন আমাদের সীমিত গতির পেস বোলাররা, আমাদের স্পিনাররা। ক্ষিপ্র ও নির্ভুল ফিল্ডিং-সহযোগে ওরা মিনিটের কাঁটার আগে ভারতীয় রান সংগ্রহকে এগোতে তো দিচ্ছেই না, পিছিয়ে রাখছে উল্লেখযোগ্য মাত্রায়। ইনিংসের শুরুতে সিকি সুযোগ থেকে ক্যাচ নিয়ে বোলিং-ত্রাস ভারতীয় ওপেনারকে ফিরিয়ে দিয়েছে আমাদের সদাহাস্য উইকেটরক্ষক। প্রতিটি রান তৈরি করে নিতে ইচ্ছা সফরকারীদের। বেলা বাড়ে আর বাড়ে ম্যাচ বাঁচানোর নিশ্চয়তা। আর এভাবেই চলতে চলতে একসময় আমরা পৌঁছে যাব আমাদের ক্রিকেট স্বপ্নের গায়ে আরেকটু রং চড়িয়ে ২৪ জানুয়ারির দরজায়। যে দিন অমীমাংসিত প্রথম টেস্টের পর ঢাকায় আরম্ভ হবে সিরিজের শেষ খেলা। এই তো জনতার সামান্য স্বপ্ন আমাদের বর্তমান ক্রিকেট দলকে ঘিরে।চট্টগ্রামে এ স্বপ্নটা বাস্তবায়িত হলে ওখানকার কিউরেটরের জন্যও একটা বড়সড় অভিনন্দন তোলা রইল। আসুন, দেখি, এতক্ষণে প্রথম টেস্টটা শুরু হয়ে গেছে।